শিরোনাম
◈ সহিংসতার পর স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের জনজীবন, কাটেনি মানুষের আতঙ্ক ◈ ডায়াগনস্টিক পরীক্ষার ফি থেকে চিকিৎসকদের ১ হাজার ৮৬১ কোটি টাকার কমিশন: হেলথওয়াচ প্রতি‌বেদন ◈ ৩-২ গোলে স্পেনকে হারিয়ে ৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামালো ইংল্যান্ড ◈ ‘ছেলেকে পুলিশে ধরেছে’: সন্তানের কণ্ঠ নকল করে এআই দিয়ে প্রতারণা, গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্র ◈ গোপালগঞ্জে ডিসি-এসপির পর এবার তিন থানার ওসি বদলি, পাঠানো হলো কিশোরগঞ্জে ◈ দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন, পরিবর্তন হচ্ছে এক থানার নাম ◈ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ◈ গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি ও ড্রোন ◈ এমবাপে গোলহীন, তবু তুরস্ককে ২-১ গোলে হারিয়ে শেষ আটে ফ্রান্স ◈ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৫৭ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ডায়াগনস্টিক পরীক্ষার ফি থেকে চিকিৎসকদের ১ হাজার ৮৬১ কোটি টাকার কমিশন: হেলথওয়াচ প্রতি‌বেদন

এল আর বাদল: বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের বিভিন্ন পরীক্ষা করানোর সুপারিশ করে চিকিৎসকদের একটি বড় অংশ বছরে আনুমানিক ১ হাজার ৮৬১ কোটি টাকা কমিশন পান। পরীক্ষার ফি থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত অর্থ চিকিৎসকদের দেওয়া হয়। বাংলাদেশ হেলথ ওয়াচের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসকদের কমিশন দেওয়ার এই ব্যবস্থা স্বাস্থ্যসেবায় একধরনের ‘অনৈতিক আর্থিক যোগসাজশ’ তৈরি করেছে। এতে রোগীর চিকিৎসার প্রয়োজনের চেয়ে আর্থিক লাভ চিকিৎসকের সিদ্ধান্তকে প্রভাবিত করার ঝুঁকি তৈরি হচ্ছে। --- সূত্র, নিউ এইজ

রোববার ঢাকায় বাংলাদেশ হেলথ ওয়াচের দ্বিবার্ষিক প্রতিবেদন ২০২৫-২৬ প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। ‘চ্যালেঞ্জিং করাপশন: স্ট্রেংদেনিং গভর্ন্যান্স ইন বাংলাদেশ’স হেলথ সেক্টর’ শীর্ষক প্রতিবেদনে দেশের স্বাস্থ্য খাতের দুর্নীতি, অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের মোট স্বাস্থ্য ব্যয়ের ৭৩ শতাংশই বহন করতে হয় রোগীদের নিজেদের পকেট থেকে। চিকিৎসার এই বিপুল ব্যয় মেটাতে অনেক পরিবারকে সম্পদ বিক্রি, সঞ্চয় শেষ কিংবা ঋণ করতে হচ্ছে। মোট স্বাস্থ্য ব্যয়ের ২৭ দশমিক ২৫ শতাংশ খরচ হয় রোগ নির্ণয় বা ডায়াগনস্টিক পরীক্ষায়।

Advertisement

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, ডায়াগনস্টিক পরীক্ষার ফি থেকে চিকিৎসকদের কমিশন দেওয়ার বিষয়টি ওপেন সিক্রেট। তবে প্রতিবেদনে উল্লেখ করা অর্থের পরিমাণ নিয়ে বিতর্ক থাকতে পারে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যদিও কাজটি বেশ কঠিন। স্বাস্থ্য খাতের সমস্যা সমাধানে সরকার ব্যবস্থাটিকে ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।

তবে চিকিৎসকদের কমিশন নেওয়ার অভিযোগ নাকচ করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী। তিনি বলেন, চিকিৎসকেরা কমিশন নেন—এমন অভিযোগ তিনি বিশ্বাস করেন না। এগুলো মূলত প্রচলিত গুঞ্জন। তবে হাতেগোনা কয়েকজন চিকিৎসক এমন কাজ করতে পারেন বলে স্বীকার করলেও এ জন্য পুরো চিকিৎসক সমাজকে দায়ী করা ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক হারুন আল রশীদ বলেন, চিকিৎসক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর মধ্যে একধরনের ‘অনৈতিক সমঝোতার’ মাধ্যমে পরীক্ষার জন্য রোগী পাঠানোর কমিশন দেওয়া হয়। বিষয়টি প্রকাশ্যে না এলেও এর প্রচলন রয়েছে। তবে অনেক চিকিৎসক কমিশন নেন না এবং কমিশন দেওয়ার কারণে পরীক্ষার মূল্য বাড়ে না বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ হেলথ ওয়াচ জানিয়েছে, প্রতিবেদনটি পূর্ণাঙ্গ গবেষণা নয়; বরং প্রমাণভিত্তিক তথ্যের ওপর তৈরি একটি অ্যাডভোকেসি প্রতিবেদন। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্য খাতের দুর্নীতি শুধু ব্যক্তিবিশেষের অনিয়ম নয়, বরং এটি প্রাতিষ্ঠানিক সুশাসনের দুর্বলতার প্রতিফলন।

প্রতিবেদনের মূল তথ্য তুলে ধরেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) জ্যেষ্ঠ বিজ্ঞানী ডা. শামস এল আরিফিন। তিনি বলেন, দুর্বল সুশাসন, জবাবদিহি ছাড়া অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ, স্বার্থের সংঘাত, তদারকির ঘাটতি এবং অস্বচ্ছতার কারণে স্বাস্থ্য খাতে দুর্নীতি বিস্তার লাভ করছে। অনানুষ্ঠানিক অনিয়মকে স্বাভাবিক চর্চা হিসেবে মেনে নেওয়ার প্রাতিষ্ঠানিক সংস্কৃতিও এ সমস্যাকে জিইয়ে রাখছে। শুধু আইন প্রয়োগ করলেই হবে না, প্রতিষ্ঠানের ভেতর সততা ও নৈতিকতার চর্চা নিশ্চিত করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ আবদুল হামিদ বলেন, কমিশনের অর্থের ধরন ও বৈধতা নির্ধারণের দায়িত্ব রাষ্ট্রের। সরকার অর্থটিকে অবৈধ ঘোষণা করেছে কি না, সেটি আগে নিশ্চিত করতে হবে। কারণ অনেক চিকিৎসকই এই অর্থ নেওয়াকে অবৈধ বলে মনে করেন না।

সরকারি স্বাস্থ্যসেবায় অনিয়মের বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে। এতে বলা হয়, আকস্মিক পরিদর্শনে প্রত্যন্ত অঞ্চলের কিছু সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ৭০ শতাংশের বেশি চিকিৎসকের অনুপস্থিতি পাওয়া গেছে। এ ছাড়া কর্মস্থলে উপস্থিত না থেকেও বেতন নেওয়া ‘ভূতুড়ে চিকিৎসকদের’ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনও উল্লেখ করা হয়েছে।

কেন্দ্রীয় ঔষধাগারেও (সিএমএসডি) বড় ধরনের অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়েছে, সেখানে ৪৫৯ কোটি টাকার ক্ষতি এবং কোনো কোনো চিকিৎসাসামগ্রী ন্যায্য মূল্যের তুলনায় ১৮ গুণ বেশি দামে কেনার অভিযোগ রয়েছে। এ ছাড়া ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে থাকার তথ্যও উল্লেখ করা হয়েছে।

চিকিৎসাশিক্ষার মান নিয়েও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ হেলথ ওয়াচ। প্রতিবেদনে বলা হয়েছে, দেশে মেডিকেল কলেজের সংখ্যা ২০১০ সালে ৬২টি থেকে বেড়ে ২০২২-২৩ সালে ১১৮টিতে দাঁড়িয়েছে। কিন্তু এই সম্প্রসারণের সঙ্গে তাল মিলিয়ে নিয়ন্ত্রণ ও মান নিশ্চিত করার ব্যবস্থা গড়ে ওঠেনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, চিকিৎসাশিক্ষায় স্বচ্ছতা, জবাবদিহি ও ভারসাম্য নিশ্চিত করে দুর্নীতি প্রতিরোধে আগাম পদক্ষেপ নিতে হবে। এ জন্য প্রয়োজন পদ্ধতিগত সংস্কার।

বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস বলেন, সেবা দেওয়ার পাশাপাশি নাগরিক ও রাষ্ট্রের মধ্যে আস্থার সম্পর্ক শক্তিশালী করতেও শক্তিশালী প্রতিষ্ঠান প্রয়োজন।

বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক আহমেদ মুশতাক রাজা চৌধুরী জানান, সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত ডা. খায়রুল ইসলামের স্মৃতির উদ্দেশে প্রতিবেদনটি উৎসর্গ করা হয়েছে। প্রতিবেদন তৈরিতে তাঁরও অবদান ছিল। অনুষ্ঠানে সংগঠনটির উপদেষ্টা দলের সদস্য ডা. হালিদা হানুম আখতার বলেন, হাসপাতালের দুর্নীতির সরাসরি ভুক্তভোগী হন রোগী ও তাঁদের পরিবার।

  • সর্বশেষ