শিরোনাম
◈ পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট করার দিকে আমরা ধাবিত হচ্ছি: শিক্ষামন্ত্রী ◈ মেয়ের জন্মদিনে লিটন দা‌সের রেকর্ড, সেঞ্চুরি উৎসর্গ রাজকন্যাকে ◈ পেলের সতীর্থ, ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দিনো সানি মারা গেছেন ◈ অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির ◈ শেখ হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয় খুললেন ছাত্রলীগ নেতাকর্মীরা ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ পাকিস্তান ২৪ বছরে বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি করেছে গত ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ◈ বাউবি’র এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ ◈ কুমিল্লায় ডেনিম গার্মেন্টস এক মাসের জন্য বন্ধ ঘোষণা ◈ চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দৃষ্টিনন্দন ফকিরখীল সড়ক

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ০৬:১০ বিকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৬, ০৬:১০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

মেয়ের জন্মদিনে লিটন দা‌সের রেকর্ড, সেঞ্চুরি উৎসর্গ রাজকন্যাকে

স্পোর্টস ডেস্ক: লিটন দাস‌কে থামানো যায়নি। বরং ব্যাট হাতে মুগ্ধতা ছড়িয়ে পূর্ণ করেছেন সেঞ্চুরি। আর শতরানের পর উদ্‌যাপনে যোগ করেছেন অন্য রকম এক আবেগ। ব্যাট ও হেলমেট উঁচিয়ে ধরার পাশাপাশি দেখিয়েছেন একটি কাগজ। তাতে লেখা, ‘Happy Birthday My Princess. This century for you।’ পাশে ছোট্ট করে আঁকা মেয়ের ছবি। প্রেসবক্সে উপস্থিত দক্ষিণ আফ্রিকার সংবাদকর্মীদের মুখেও তখন একটাই প্রতিক্রিয়া—‘হাউ সুইট!’

সোমবার লিটনের মেয়ে আনায়রার তৃতীয় জন্মদিন। বাবার ব্যাট থেকে পাওয়া সেঞ্চুরির চেয়ে সুন্দর উপহার আর কী হতে পারে! তবে এই শতরান শুধু মেয়ের জন্মদিনের উপহার নয়, বাংলাদেশের ক্রিকেটেও রেখে গেলেন বিশেষ এক স্বাক্ষর।

টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করে বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ শতরানের মালিক এখন লিটন। ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিমকে। কিপার-ব্যাটার হিসেবে মুশফিকের ছয় সেঞ্চুরি করতে লেগেছিল ১০৪ ইনিংস। সেখানে লিটন সাতটি করেছেন মাত্র ৮৩ ইনিংসে। বাংলাদেশের উইকেটকিপারদের মধ্যে সেঞ্চুরি আছে কেবল খালেদ মাসুদেরও, একটি।

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটেও লিটনের এই অর্জন বিশেষ তাৎপর্যপূর্ণ। কিপার-ব্যাটার হিসেবে তাঁর আট সেঞ্চুরি এখন যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ। একই সংখ্যক শতরান আছে ঋষভ পান্ত ও লেস অ্যামিসের। তাঁদের ওপরে অ্যান্ডি ফ্লাওয়ারের ১২ এবং সবার ওপরে অ্যাডাম গিলক্রিস্টের ১৭ সেঞ্চুরি। ২০১৫ সালে লিটনের টেস্ট অভিষেকের পর থেকে কিপার-ব্যাটারদের মধ্যে তাঁর সমান সেঞ্চুরি আছে কেবল পান্তের।

Advertisement

শুরুর পথটা অবশ্য এত সহজ ছিল না। টেস্ট অভিষেকের পর প্রথম সেঞ্চুরির জন্য লিটনকে অপেক্ষা করতে হয়েছিল ২৬ ম্যাচ। কিন্তু সেই অপেক্ষার পর যেন নতুন এক লিটনের আবির্ভাব। প্রথম শতরানের পর থেকে নিয়মিতই তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি। এই সময়ে কিপার-ব্যাটারদের মধ্যে তাঁর চেয়ে বেশি সেঞ্চুরি নেই কারও।

এবারের সেঞ্চুরিটিও এসেছে দলের চরম প্রয়োজনে। ক্রিজে যাওয়ার সময় বাংলাদেশ বিপর্যস্ত, পরপর দুই বলে হারিয়েছে দুই উইকেট। স্কোরবোর্ডে ১২১ রান, নেই পাঁচ ব্যাটার। অন্য প্রান্তে কাগিসো রাবাদার আগুনঝরা বোলিং। এমন পরিস্থিতিতে তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে পাল্টা লড়াই শুরু করেন লিটন। দুজনের ২০৬ রানের জুটি বাংলাদেশকে শুধু বিপর্যয় থেকেই উদ্ধার করেনি, গড়েছে নতুন রেকর্ডও।

প্রথম দিন আলোচনার কেন্দ্রে ছিলেন সেঞ্চুরিয়ান হৃদয়। তবে লিটনের ব্যাটিংও ছিল সমান উপভোগ্য। চার পেসারের আক্রমণ কিংবা স্পিন—কোনো কিছুই তাঁর ছন্দে ছেদ ফেলতে পারেনি। দৃষ্টিনন্দন শট, নিখুঁত টাইমিং আর সহজাত ব্যাটিংশৈলীতে বুঝিয়ে দিয়েছেন, নিজের দিনে তিনি কতটা দুর্দান্ত।

প্রথম দিন শেষে ৯২ রানে অপরাজিত ছিলেন লিটন। দ্বিতীয় দিনের সকালে অপেক্ষা ঘুচতে বেশি সময় লাগেনি। ৯৮ থেকে মার্কো ইয়ানসেনকে পুল করে ছক্কায় পৌঁছে যান তিন অঙ্কে। তবে সেঞ্চুরির পরপরই অন্য প্রান্তে বিদায় নেন মেহেদী হাসান মিরাজ। দলের দায়িত্ব আরও বেড়ে যায় তাঁর কাঁধে।

আরও বড় ইনিংস খেলার সুযোগ ছিল। কিন্তু প্রিয় পুল শটই শেষ পর্যন্ত কাল হলো। ডেন প্যাটারসনের বলে শটটি ঠিকমতো নিয়ন্ত্রণে রাখতে পারেননি লিটন। বল চলে যায় ভিয়ান মুল্ডারের হাতে। থামে তাঁর দুর্দান্ত ইনিংস।

ইনিংসটা আরও দীর্ঘ হলে ভালো লাগত। তবু প্রাপ্তির খাতাটা বেশ সমৃদ্ধ। বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড, দলের বিপর্যয়ে আরেকটি কার্যকর প্রতিরোধ এবং মেয়ের জন্মদিনে ভালোবাসার অনন্য উপহার—সব মিলিয়ে এই সেঞ্চুরি হয়ে থাকবে আলাদা।

ক্রিকেটীয় বিবেচনায় এর চেয়েও বড় ইনিংস হয়তো খেলেছেন লিটন, ভবিষ্যতে আরও খেলবেন। কিন্তু মেয়ের জন্য উৎসর্গ করা এই শতরান তাঁর ক্যারিয়ারের সবচেয়ে মায়াময় সেঞ্চুরিগুলোর একটি হয়ে থাকবে নিশ্চিতভাবেই।

  • সর্বশেষ