শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে আগামীতে পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র প্রিন্ট করার ব্যবস্থা করা হবে।
সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রামে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, আমি মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রশ্নপত্র বের (আউট) হয়নি, হয়েছে কি। চেষ্টা যে করা হয়নি, তা কিন্তু নয়। আমরা প্রশ্নপত্রের পুরো ব্যবস্থাটাই পরিবর্তন করছি। আগামী দিনে সরাসরি উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র প্রিন্ট করার পরিকল্পনা রয়েছে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট করার দিকে আমরা ধাবিত হচ্ছি।
তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার কাজ করছে। পড়ালেখার ক্ষেত্রে কোনো ধরনের দুর্বলতা কিংবা অসাধুতা বরদাশত করা হবে না।
শিক্ষাব্যবস্থার বিভিন্ন সংস্কার উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা-সংক্রান্ত আইন পরিবর্তন করা হয়েছে। আইন পরিবর্তনের পর এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনায় শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এরমধ্যে ৪ হাজার ৫৮৫ শিক্ষার্থী জন ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৮৯ জন। খাতা মূল্যায়নে পরীক্ষকদের দক্ষতা ও অভিজ্ঞতার ঘাটতি দূর করতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
এইচএসসি পরীক্ষার সময় কুমিল্লা মহিলা কলেজ কেন্দ্রে জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টিও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রশাসনিক দুর্বলতার কারণে ওই কেন্দ্রে পরীক্ষার্থীদের কষ্ট পোহাতে হয়েছিল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা হয়। পরে সেখানে পুনরায় পরীক্ষা নেওয়া হলেও মাত্র ৮২ জন পরীক্ষার্থী অংশ নেয়।
এ প্রসঙ্গে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ঘটনাকে অতিরঞ্জিত করে উপস্থাপন করা থেকে বিরত থাকতে হবে। শিক্ষাক্ষেত্রের কোনো বিষয় নিয়ে তিলকে তাল বানিয়ে প্রচার করলে তা জাতির জন্য ক্ষতিকর হতে পারে।
এদিকে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগ বাস্তবায়নের বিষয়েও কাজ চলছে বলে জানান তিনি। এ লক্ষ্যে গুগলের সঙ্গে বৈঠক হয়েছে। শ্রেণিকক্ষের কার্যক্রম পর্যবেক্ষণ, আধুনিক প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষকদের পাঠদান কার্যক্রম আরও কার্যকর করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, শুধু প্রযুক্তি কিংবা এআইয়ের ওপর নির্ভরশীল হলে চলবে না। শিক্ষার্থীদের তথ্য জানার পাশাপাশি প্রকৃত জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। তথ্যের চেয়ে জ্ঞান এবং জ্ঞানের পাশাপাশি দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।