মনিরুল ইসলাম: সরকারি ক্রয় ব্যবস্থায় দেশীয় পণ্য, নতুন ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়ার বিধান যুক্ত করে ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। একই দিনে বগুড়া ও এর সন্নিহিত এলাকার পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ও পাস হয়েছে।
আজ সোমবার ১৬ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ কার্যদিবসে বিল দুটি কণ্ঠভোটে পাস হয়। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারি ক্রয়সংক্রান্ত বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন।
নতুন আইনের ফলে সরকারি কেনাকাটায় দেশীয় শিল্প ও পণ্যের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি এত দিন দরপত্রে অংশগ্রহণের ক্ষেত্রে পিছিয়ে থাকা নতুন প্রতিষ্ঠান, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তাদের জন্য সুযোগ সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
সরকারি ক্রয়ে দেশীয় পণ্যের অগ্রাধিকার
সংশোধিত আইনে সরকারি ক্রয়ে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যকে অগ্রাধিকার দেওয়ার বিধান রাখা হয়েছে। প্রয়োজনে সরকার নির্দিষ্ট কিছু পণ্য দেশ থেকেই কেনা বাধ্যতামূলক করতে পারবে। এর মাধ্যমে দেশীয় উৎপাদন ও শিল্প খাতকে উৎসাহিত করার পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের জন্য সরকারি বাজারে প্রবেশের সুযোগ বাড়বে।
এ ছাড়া নতুন ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, নারী উদ্যোক্তা এবং সুবিধাবঞ্চিত দরদাতাদের অংশগ্রহণ বাড়াতে বিশেষ বিধান যুক্ত করা হয়েছে। সরকারি ক্রয়ে উন্মুক্ত প্রতিযোগিতা নিশ্চিত করা এবং দরপত্র প্রক্রিয়ায় বিদ্যমান বৈষম্য দূর করাও সংশোধনীর অন্যতম লক্ষ্য।
দরপত্রে অভিজ্ঞতার শর্তে পরিবর্তন
নতুন আইনে দরপত্রে অংশগ্রহণের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ও অতিরিক্ত যোগ্যতার শর্ত আরোপের সুযোগ সীমিত করা হয়েছে। বিশেষ করে দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা, উচ্চ বার্ষিক লেনদেন কিংবা আগে সরকারি কাজ করার অভিজ্ঞতার মতো শর্তের কারণে নতুন প্রতিষ্ঠান যেন প্রতিযোগিতার বাইরে না থাকে, সে বিষয়টি গুরুত্ব পেয়েছে।
তবে কোনো প্রকল্প বা ক্রয়ের ধরন এবং জটিলতার কারণে এ ধরনের যোগ্যতা যাচাই প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শর্ত আরোপ করতে পারবে। অর্থাৎ সব ধরনের ক্রয়ে একই রকম অভিজ্ঞতার শর্ত আরোপ না করে ক্রয়ের প্রকৃতি অনুযায়ী যোগ্যতা নির্ধারণের সুযোগ রাখা হয়েছে।
বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে দেশীয় অংশীদারত্ব
সরকারি ক্রয়ে বিদেশি দরদাতাদের অংশগ্রহণের ক্ষেত্রেও নতুন বিধান যুক্ত হয়েছে। এ ক্ষেত্রে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে দেশীয় প্রতিষ্ঠানের অংশীদারত্বের ব্যবস্থা রাখা হয়েছে। বিধি অনুযায়ী, এ ধরনের অংশীদারত্বে ন্যূনতম দেশীয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তবে বিশেষ ধরনের ক্রয়ের ক্ষেত্রে সরকার প্রয়োজন অনুযায়ী এ শর্ত শিথিল করতে পারবে।
এ ছাড়া সীমিত দরপত্র পদ্ধতির পরিধি বাড়ানোর পাশাপাশি সরকারি ক্রয়ের জন্য নতুন কিছু পদ্ধতি যুক্ত করা হয়েছে। এতে ক্রয়প্রক্রিয়ায় প্রতিযোগিতা বাড়ানো এবং বিভিন্ন ধরনের ক্রয়ের ক্ষেত্রে উপযুক্ত পদ্ধতি ব্যবহারের সুযোগ তৈরি হবে।
দরপত্র মূল্যায়নে আসছে নতুন পদ্ধতি
সংশোধিত আইনে দরপত্র মূল্যায়ন প্রক্রিয়ায়ও পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে কারিগরি ও আর্থিক প্রস্তাব আলাদাভাবে জমা দিতে হবে। প্রথমে কারিগরি প্রস্তাব মূল্যায়ন করা হবে। এতে উত্তীর্ণ দরদাতাদের আর্থিক প্রস্তাবই কেবল খোলা হবে।
এ ছাড়া নির্দিষ্ট সীমার বেশি মূল্যের সরকারি ক্রয়ের ক্ষেত্রে শুধু সর্বনিম্ন দরকে বিবেচনায় না নিয়ে কারিগরি মান ও টেকসই ব্যবস্থাকেও মূল্যায়নের আওতায় আনা হবে। ফলে কোনো প্রতিষ্ঠান কম দর দিলেই যে ক্রয়াদেশ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবে, বিষয়টি এমন থাকবে না। পণ্যের মান, কাজের কারিগরি সক্ষমতা এবং দীর্ঘমেয়াদি কার্যকারিতাও গুরুত্ব পাবে।
অস্বাভাবিক কম দর প্রস্তাবের ক্ষেত্রেও আলাদাভাবে পরীক্ষা-নিরীক্ষার বিধান রাখা হয়েছে। এর ফলে বাস্তবসম্মত নয়—এমন দর প্রস্তাবের কারণে সরকারি কাজের মান ও বাস্তবায়ন নিয়ে সম্ভাব্য ঝুঁকি যাচাইয়ের সুযোগ তৈরি হবে।
স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর লক্ষ্য
বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, ২০০৬ সালের ৬ জুলাই পাবলিক প্রকিউরমেন্ট আইন প্রণয়ন করা হয়। ২০২৬ সাল পর্যন্ত আইনটি ছয়বার সংশোধন করা হয়েছে। সরকারি ক্রয়ে বৈষম্য দূর করা, উন্মুক্ত প্রতিযোগিতা ও সমান অধিকার নিশ্চিত করা, স্বচ্ছতা, জবাবদিহিতা, ন্যায্যতা, সমান আচরণ ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি দেশীয় স্বার্থ সংরক্ষণের লক্ষ্যেই নতুন সংশোধনী আনা হয়েছে।
এর আগে গত ৯ নভেম্বর ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ সংসদে উপস্থাপন করা হয়। সংসদ অধিবেশন না থাকাকালে গত ২১ সেপ্টেম্বর সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অধ্যাদেশটি জারি করেন।
পরে অধ্যাদেশকে আইনে পরিণত করতে গত ১১ নভেম্বর সংসদে বিল উত্থাপন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য বিলটি সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল। যাচাই-বাছাই শেষে সোমবার সংসদে কণ্ঠভোটে বিলটি পাস হয়।
নতুন এই আইন কার্যকর হলে সরকারি ক্রয় ব্যবস্থায় দেশীয় শিল্পের অংশগ্রহণ বাড়ানো, নতুন উদ্যোক্তাদের জন্য প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি এবং সরকারি অর্থ ব্যয়ে গুণগত মান ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।