জাতীয় সংসদ অধিবেশনে অতীতের তিক্ত ও ক্লেদাক্ত রাজনৈতিক সংস্কৃতি পেছনে ফেলে একটি মর্যাদাপূর্ণ ও গৌরবময় সংসদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অধিবেশনের সভাপতি (স্পিকার)। তিনি সংসদ সদস্যদের পরমতসহিষ্ণুতা প্রদর্শন, ধৈর্য ধরে অন্যের বক্তব্য শোনা এবং সংসদের মর্যাদা অক্ষুণ্ণ রাখার অনুরোধ জানান।
সংসদে বক্তব্য রাখতে গিয়ে স্পিকার অতীতের রাজনৈতিক ক্লেদাক্ত পরিবেশের কথা স্মরণ করেন। তিনি বলেন, এর আগে তিনি যেসব সংসদে ছিলেন, সেখানে তুমুল গালাগালি ও অশ্রাব্য কথাবার্তা চলত। উদাহরণ টেনে তিনি বলেন, তৎকালীন বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে পেছনের সারি থেকে শামীম ওসমান অত্যন্ত আপত্তিকর কথাবার্তা বলেছিলেন। এমন বহু খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে উল্লেখ করে স্পিকার বলেন, "আমরা এইসব দিনগুলোকে পিছনে ফেলে যেতে চাই।"
আগের ১৫ বছরকে ‘অন্ধকার সময়’ হিসেবে অভিহিত করে স্পিকার বলেন, ওই সময়ে সবাইকে ভোগান্তি পোহাতে হয়েছে। উভয় দিকের অনেক সদস্য বিনা বিচারে কারাগারে সময় কাটিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনা বিচারে ছয় বছর কারা-অন্তরীণ ছিলেন এবং ঠিকমতো খাদ্য ও চিকিৎসা পাননি বলেও তিনি উল্লেখ করেন। অনেক দুঃসময় অতিক্রম করে এই সংসদ পাওয়া গেছে বলে মন্তব্য করেন তিনি।‘আমার দেখা সাতটি সংসদের মধ্যে সবচেয়ে সুন্দরভাবে গঠিত সংসদ’
বর্তমান সংসদের প্রশংসা করে স্পিকার বলেন, তাঁর দেখা সাতটি সংসদের মধ্যে এটিই সবচেয়ে সুন্দরভাবে গঠিত এবং যোগ্য ব্যক্তিদের নিয়ে গঠিত সংসদ। এখানে অনেক জ্ঞানী, গুণী ও শিক্ষিত ব্যক্তি রয়েছেন। আর এই সংসদের সবচেয়ে বড় মাহাত্ম্য হলো—এটি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে।
স্পিকার বলেন, বর্তমান সংসদের কার্যক্রম অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি সংখ্যক সাধারণ মানুষ সরাসরি দেখেন। ফলে সংসদ সদস্যদের আচরণের ওপর ভিত্তি করেই জনগণ এই সংসদ সম্পর্কে ধারণা পোষণ করবে। জনগণের অনেক আশা-ভরসা রয়েছে উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, তাঁরা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবেন।
সংসদকে জনগণের গর্বের জায়গায় পরিণত করতে সরকারি দল (ট্রেজারি বেঞ্চ), বিরোধী দল (অপজিশন বেঞ্চ) এবং স্বতন্ত্র সদস্য—প্রত্যেকেই দায়বদ্ধ বলে স্মরণ করিয়ে দেন স্পিকার। তিনি সতর্ক করে বলেন, সংসদে কোনো সদস্য বক্তব্য দেওয়ার সময় আপত্তিকর শব্দ ব্যবহার করলে তা কার্যবিবরণী থেকে ‘এক্সপাঞ্জ’ (বাদ) করা হবে এবং প্রয়োজনবোধে অপর পক্ষকে উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হবে।
বক্তব্যের শেষে বাক্স্বাধীনতা নিয়ে গর্ব প্রকাশ করে স্পিকার সব নির্বাচিত প্রতিনিধির প্রতি বিনীত অনুরোধ জানান, যেন কেউ এমন কোনো আচরণ না করেন যাতে সংসদের মর্যাদা ক্ষুণ্ণ হয় বা কোনো সদস্যের মান-সম্মান বিনষ্ট হয়। তিনি আরও বেশি পরমতসহিষ্ণুতা দেখানোর এবং ধৈর্য ধরে অন্যের বক্তব্য শোনার আহ্বান জানান।