রাজধানীতে পৃথক তিনটি স্থানে তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টা থেকে ১০টা ২০ মিনিটের মধ্যে মিরপুর, মহাখালী ও বাড্ডায় এসব ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সর্বশেষ রাত ১০টা ২০ মিনিটের দিকে প্রগতি সরণির বাড্ডা লিংক রোডের মাথায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, রাত ১০টা ২০ মিনিটের দিকে প্রগতি সরণির লিংক রোডের মাথায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি। আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর আমতলী রোডে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বনানী থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করেন তেজগাঁও ফায়ার স্টেশনের কর্মীরা।
এ ছাড়া রাত পৌনে ৯টার দিকে মিরপুরের পল্লবীর সিরামিকস রোডে মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। পল্লবী ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, বাসটি বিকেল থেকেই ঘটনাস্থলে পার্ক করা ছিল। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের স্টেশন কর্মকর্তা তালহা বিন জসিম মিরপুর ও মহাখালীর দুটি বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বাড্ডার ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে বলে জানিয়েছেন বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) বেলাল আকন্দ।
পৃথক তিনটি ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রাজধানীর বিভিন্ন এলাকায় পরপর বাসে আগুনের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।