মনিরুল ইসলাম: তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষের পেছনে আওয়ামী লীগের উসকানি রয়েছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সরকার শতভাগ একমত। তবে শ্রমিকদের দাবিকে পুঁজি করে একটি পক্ষ দেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বলপ্রয়োগ না করে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে সরকার, যাতে কোনো নিরীহ মানুষের প্রাণহানি না ঘটে।
মঙ্গলবার ১৭ নভেম্বর রাতে জাতীয় সংসদ অধিবেশনে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আনা প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
এদিকে পোশাকশিল্পের চলমান সংকট মোকাবিলায় সরকার, বিরোধী দল, মালিক-শ্রমিক প্রতিনিধি ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি জাতীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পাশাপাশি শ্রমিকদের জন্য সরাসরি আর্থিক প্রণোদনা দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে আলোচনার শুরুতে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান মোমেন জ্বালানি নিরাপত্তা, জরুরি আর্থিক সহায়তা ও শ্রমিকের অধিকার নিশ্চিত করাসহ সংকট উত্তরণে সাত দফা প্রস্তাব তুলে ধরেন।
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, শ্রমিক অসন্তোষের পেছনে ন্যূনতম মজুরি বোর্ড গঠন নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি একটি পক্ষের উসকানি রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে পাঁচ বছরের পরিবর্তে তিন বছর পরপর ন্যূনতম মজুরি নির্ধারণের সিদ্ধান্ত হয়েছিল। আগামী ডিসেম্বরে তিন বছর পূর্ণ হওয়ার কথা থাকলেও শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে আগেই নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে।
তিনি জানান, মালিক ও শ্রমিকপক্ষ ইতোমধ্যে তাদের প্রতিনিধি মনোনীত করার পাশাপাশি মজুরি প্রস্তাবও দিয়েছে। বোর্ডের কাজ শেষ করার নির্ধারিত সময় এখনো অতিক্রান্ত হয়নি। অথচ তার দেড় মাস আগেই সীমান্তের বাইরে থেকে শ্রমিক অসন্তোষ উসকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উত্তরখান, দক্ষিণখান ও বিমানবন্দর সড়ক অবরোধের সময় সরকার ও পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়টি বিবেচনায় রেখেই পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে।
শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রমিক অধ্যুষিত এলাকায় ৩০ টাকা কেজি দরে চাল বিতরণের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মালিকদের জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি বিবেচনায় আগের তুলনায় বেশি হারে মজুরি দেওয়ার প্রস্তাব করতে বলা হয়েছে।
শিল্পাঞ্চলে হামলা ও নাশকতার অভিযোগ তুলে সালাহউদ্দিন আহমেদ বলেন, কালিয়াকৈর, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর ও উত্তরা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। ফুটওয়্যার ও টেলিফোন শিল্পকারখানাতেও হামলার ঘটনা ঘটছে।
গোপালগঞ্জে থানা আক্রমণ, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় ভিডিও, অডিও ও ছবি পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত এবং আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। সীমান্তের ওপার থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীরা আগুন লাগানোর উসকানি দিচ্ছেন বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রায় ৮০ শতাংশ আসে তৈরি পোশাকশিল্প থেকে। বছরে এ খাতের রপ্তানি আয় ৩৮ থেকে ৪০ বিলিয়ন ডলার। ফলে এ শিল্পে বড় ধরনের বিপর্যয় দেখা দিলে শুধু মালিক ও শ্রমিক নয়, ব্যাংকিং খাতসহ সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।
তিনি বলেন, কারখানা বন্ধ হয়ে গেলে শ্রমিকদের পাওনা পরিশোধ এবং কর্মসংস্থান ধরে রাখা কঠিন হয়ে পড়বে। এর ফলে সামাজিক অস্থিরতাও বাড়তে পারে।
সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের পাশাপাশি মালিক-শ্রমিক প্রতিনিধি এবং বিশেষজ্ঞদের নিয়ে একটি জাতীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়ে তিনি বলেন, ‘সরকারি দল, বিরোধী দল, মালিকপক্ষ, শ্রমিকপক্ষ এবং টেকনিক্যাল এক্সপার্টদের নিয়ে একটি ন্যাশনাল টাস্কফোর্স গঠন করা যেতে পারে।’
এ ধরনের উদ্যোগের মাধ্যমে মালিক-শ্রমিকের মধ্যে আস্থা ফিরিয়ে আনা এবং বাইরে থেকে যারা উসকানি দিচ্ছে, তাদেরও একটি বার্তা দেওয়া সম্ভব হবে বলে মনে করেন তিনি।
শ্রমিকদের জন্য সরাসরি আর্থিক প্রণোদনার প্রস্তাব দিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, মালিকরা উৎপাদন ও ব্যবসায় লাভ করতে না পারলে শিল্প চালু রাখা কঠিন হবে। তাই মালিক ও শ্রমিক উভয় পক্ষের স্বার্থ রক্ষায় সরকারকে কার্যকর ভূমিকা নিতে হবে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, শ্রমিকদের আন্দোলন করার অধিকার রয়েছে এবং তাদের ন্যায্য দাবির প্রতি সরকার সমর্থনশীল। তবে শ্রমিক আন্দোলনকে ব্যবহার করে দেশের অর্থনীতি অস্থিতিশীল করার চেষ্টা হলে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, শ্রমিকের ন্যায্য দাবির সঙ্গে সরকার ছিল, আছে এবং থাকবে। একই সঙ্গে শিল্পের সুরক্ষার বিষয়টিও শ্রমিক আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশ। শিল্প রক্ষা পেলেই শ্রমিকের কর্মসংস্থান ও অধিকার সুরক্ষিত থাকবে।
নতুন মজুরি বোর্ডের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে মজুরি পুনর্নির্ধারণের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে এবং শ্রমিকরা জানুয়ারি থেকে তা পাবেন।
মজুরি নির্ধারণের ক্ষেত্রে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদন ব্যয়, উৎপাদনশীলতা এবং মালিকদের ব্যবসায়িক সক্ষমতা বিবেচনায় নেওয়া হবে। এ ছাড়া শ্রমিকদের জন্য ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ, ওএমএস কার্যক্রম সম্প্রসারণ এবং ভর্তুকি মূল্যে জ্বালানি সরবরাহের বিষয়েও সরকার কাজ করছে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে সরকার দায়িত্ব নিয়েছে। আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের অর্থনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, পাকিস্তান ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের অর্থনীতির যতটা ক্ষতি করেছে, আওয়ামী লীগ গত ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে।
শ্রমিক অসন্তোষের পেছনে আওয়ামী লীগের পরিকল্পনা রয়েছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের উল্লেখ করে পার্থ বলেন, কোনো শ্রমিক নিজের জীবিকার উৎস পোশাক কারখানা ভাঙচুর করবেন, তা তিনি বিশ্বাস করেন না। ভারত থেকে একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। জাতীয় সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
আলোচনায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান মোমেন তৈরি পোশাকশিল্পের সংকটের ভয়াবহ চিত্র তুলে ধরেন। তিনি বলেন, জ্বালানি সংকট ও কাঠামোগত দুর্বলতার কারণে শিল্পটি বড় ধরনের চাপের মুখে রয়েছে।
বিকেএমইএর জরিপের তথ্য উল্লেখ করে তিনি জানান, গত আগস্ট-সেপ্টেম্বরে গ্যাস ও বিদ্যুৎ সংকটে ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার ক্রেতারা অর্ডার বাতিল বা কমিয়ে দিয়েছেন। ৭৮ শতাংশ কারখানায় আংশিক উৎপাদন বন্ধ ছিল, ৮৭ শতাংশ কারখানা সময়মতো পণ্য পাঠাতে পারেনি এবং ৮৯ শতাংশ কারখানা ক্রেতাদের আস্থা হারানোর ঝুঁকিতে রয়েছে। গত ছয় মাসে এ খাতে ১৯ হাজারের বেশি শ্রমিক কাজ হারিয়েছেন।
তিনি বলেন, তৈরি পোশাকশিল্পে প্রায় ৪০ লাখ মানুষ সরাসরি কাজ করেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ খাতের ওপর নির্ভরশীল প্রায় চার কোটি মানুষের জীবিকা। কয়েক মাস আগে সংসদে জ্বালানি সংকট নিয়ে সতর্ক করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
তার মতে, ছোট ও মাঝারি কারখানাগুলো আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে পণ্যের দাম নিয়ে দর-কষাকষিতে পিছিয়ে থাকে। উৎপাদন ব্যয় বাড়লেও বাড়তি খরচের চাপ তাদেরই বহন করতে হচ্ছে। ফলে শুধু মজুরি বাড়িয়ে এ সংকটের সমাধান সম্ভব নয়। কারখানায় গ্যাস-বিদ্যুৎ না থাকলে উৎপাদন হবে না, আর উৎপাদন ও আয় না থাকলে শ্রমিকদের বেতন দেওয়াও কঠিন হয়ে পড়বে।
সংকট উত্তরণে তিনি সাত দফা প্রস্তাব তুলে ধরেন। এগুলো হলো—
১. সরকার ও বিরোধী দলের সংসদ সদস্য, ব্যবসায়ী সংগঠন, শ্রমিক প্রতিনিধি এবং জ্বালানি বিশেষজ্ঞদের সমন্বয়ে বিশেষ টাস্কফোর্স গঠন।
২. শিল্পাঞ্চলে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
৩. সংকটে থাকা কারখানাগুলোকে জরুরি আর্থিক সহায়তা দেওয়া।
৪. শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা।
৫. দেশীয় প্রযুক্তি ও যন্ত্রাংশ উৎপাদনে বিনিয়োগ বাড়ানো।
৬. বন্দর ও কাস্টমসে রপ্তানি পণ্য দ্রুত ছাড়ের ব্যবস্থা করা।
৭. শিল্পের জ্বালানি সরবরাহ, উৎপাদন, কর্মসংস্থান ও বকেয়া মজুরির তথ্য নিয়ে জাতীয় ড্যাশবোর্ড প্রকাশ করা।
সংসদে আলোচনায় বক্তারা একমত হন, তৈরি পোশাকশিল্পের সংকট কেবল শ্রমিক অসন্তোষ বা মজুরি পুনর্নির্ধারণের বিষয় নয়; এর সঙ্গে জ্বালানি নিরাপত্তা, উৎপাদন সক্ষমতা, রপ্তানি প্রতিযোগিতা, কর্মসংস্থান ও জাতীয় অর্থনীতির স্থিতিশীলতা সরাসরি জড়িত। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিল্পের সক্ষমতা ধরে রাখতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন তাঁরা।