নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
জানা গেছে, প্রথমে উজিরপুর বাজার থেকে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহাদুৎ সরদার কমরেডের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইচলাদী বাসস্ট্যান্ডে গিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নেয়। পরে সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেন অংশগ্রহণকারীরা।
ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তব্য রাখেন চরমোনাই কামিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক মুফতি মাওলানা মো. মাসুদ হাসান ফিরোজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মো. ইউসুফ এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহাদুৎজামান কমরেড।
বক্তারা বলেন, ইউএনও মো. আলী সুজা দায়িত্ব গ্রহণের পর থেকে উপজেলা প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। গ্রামীণ জনপদের উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে তিনি বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। দুর্নীতি, চাঁদাবাজি, মাদক ও অনিয়মের বিরুদ্ধে তার নেওয়া পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি হয়েছে বলেও দাবি করেন তারা।
বক্তারা আরও বলেন, একজন সরকারি কর্মকর্তা একই কর্মস্থলে দীর্ঘদিন থাকবেন না, এটি স্বাভাবিক। তবে উজিরপুরে শুরু করা উন্নয়নমূলক কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের স্বার্থে তাকে আরও কিছুদিন এখানে রাখা প্রয়োজন। একজন জনবান্ধব কর্মকর্তাকে এভাবে হারাতে চান না তারা। তাই অবিলম্বে তার বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান।
এদিকে মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের উভয় পাশে প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও চালকদের দুর্ভোগে পড়তে হয়।
পরে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলামের অনুরোধে বিক্ষুব্ধরা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে মানববন্ধন কর্মসূচি অব্যাহত রাখেন। এ সময় বক্তারা দ্রুত বদলির আদেশ প্রত্যাহার করা না হলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।