শিরোনাম
◈ ইউরোপ যাওয়ার স্বপ্নে শ্রীলঙ্কায় গিয়ে বিপাকে বাংলাদেশি কর্মীরা ◈ ফারাক্কার ভয়াবহ প্রভাব: পদ্মায় পানিপ্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদ-নদী ◈ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কবে ও কোথায় আঘাত হানবে? ◈ আইপিএল থে‌কে ম‌হেন্দ্র সিং ধো‌নির বিদায় ◈ শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে শিক্ষার্থীদের: প্রধানমন্ত্রী ◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান; পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ, রূপপুর থেকে জাতীয় গ্রিডে গেল ৩৫০ মেগাওয়াট ◈ ইনফান্তিনোর বিরুদ্ধে ফিফা সভাপতি নির্বাচনে লড়বেন ফরাসি ফুটবল প্রধান ◈ পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা ◈ বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র ◈ অবশেষে জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ, উদ্বোধনে পুতিনের যোগ দেয়া নিয়ে যা জানা গেল

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ০৮:১৭ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৬, ০৮:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোপ যাওয়ার স্বপ্নে শ্রীলঙ্কায় গিয়ে বিপাকে বাংলাদেশি কর্মীরা

ইউরোপের বিভিন্ন দেশ, সার্বিয়া, আলবেনিয়া, বসনিয়া ও ফিজিতে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি কর্মীদের শ্রীলঙ্কায় নেওয়ার পর সেখানে অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখার অভিযোগ উঠেছে। পর্যাপ্ত খাবার, নিরাপদ আবাসন ও অর্থের অভাবে তাদের অনেকে মানবেতর জীবনযাপন করছেন। দেশে ফিরে আসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা চাইছেন তারা। কর্মী ও তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে মানবপাচার ও মানব চোরাচালানের শিকার ব্যক্তিদের উদ্ধার ও প্রত্যাবাসনে কাজ করা প্রতিষ্ঠান অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন।

সংগঠনটির কাছে পাওয়া তথ্য অনুযায়ী, কিছু অসাধু দালাল এবং ট্রাভেল ও রিক্রুটিং এজেন্সি ইউরোপসহ বিভিন্ন দেশে চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে কর্মীদের শ্রীলঙ্কায় পাঠাচ্ছে। তাদের বলা হচ্ছে, সেখান থেকে পরবর্তী সময়ে নির্ধারিত গন্তব্যে পাঠানো হবে। কিন্তু শ্রীলঙ্কায় পৌঁছানোর পর অনেককে সেখানে রেখে সংশ্লিষ্ট দালাল ও এজেন্সির প্রতিনিধিরা বাংলাদেশে ফিরে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ধরনের পরিস্থিতিতে পড়ে কিছু কর্মী নিজেদের উদ্যোগ ও অর্থে দেশে ফিরতে পারলেও এখনও বহু বাংলাদেশি শ্রীলঙ্কার কলম্বোর রণমাল রোড, কাটুনায়েক এবং কলম্বো-১৩ এলাকায় অবস্থান করছেন বলে সংগঠনটি জানতে পেরেছে। তাদের অনেকের হাতে খাবার ও আবাসনের খরচ চালানোর মতো অর্থ নেই। অনিশ্চয়তা ও মানসিক উদ্বেগের মধ্যে দিন কাটছে তাদের। পরিবারের সদস্যরাও তাদের নিরাপত্তা ও দেশে ফেরা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

সংগঠনটির আশঙ্কা, এভাবে চাকরির প্রলোভন দেখিয়ে কর্মীদের অন্য দেশে নিয়ে গিয়ে অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখার ঘটনা প্রতারণামূলক অভিবাসন ও সম্ভাব্য মানবপাচারের ঝুঁকি তৈরি করছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে এসব কর্মী আরও বড় ধরনের শোষণ ও মানবিক সংকটের মুখে পড়তে পারেন।

Advertisement

এ পরিস্থিতিতে ১৭ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর জরুরি স্মারকলিপি দিয়েছে অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন। সংগঠনটির সভাপতি মো. আল-আমিন নয়ন সই করা স্মারকলিপিতে শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের প্রকৃত সংখ্যা ও অবস্থান দ্রুত শনাক্ত করে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে।

স্মারকলিপিতে কলম্বোতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ, শ্রীলঙ্কা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় এবং দেশে ফেরা পর্যন্ত তাদের খাবার, নিরাপদ আবাসন, চিকিৎসা ও জরুরি আর্থিক সহায়তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

একইসঙ্গে যেসব দালাল, মধ্যস্বত্বভোগী, ট্রাভেল এজেন্সি ও রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মীরা বিদেশে গেছেন, তাদের ভূমিকা তদন্তের আহ্বান জানিয়েছে সংগঠনটি। প্রতারণা বা মানবপাচারের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং এজেন্সিগুলোর লাইসেন্স ও নিয়োগ কার্যক্রম যাচাই করারও দাবি জানানো হয়েছে।

অনির্বানের সভাপতি মো. আল-আমিন নয়ন বলেন, মানুষ ভালো কাজের আশায় ঋণ করে, জমিজমা বিক্রি করে বিদেশে যান। কিন্তু সেই স্বপ্ন দেখিয়ে যদি তাদের অন্য একটি দেশে নিয়ে অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখা হয়, তাহলে এর দায় এড়ানোর সুযোগ নেই এজেন্সিগুলোর। শ্রীলঙ্কায় অবস্থানরত কর্মীদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন নিরাপত্তা, মানবিক সহায়তা এবং দেশে ফেরার নিশ্চয়তা। আমরা চাই, সরকার দ্রুত তাদের পাশে দাঁড়াক এবং কারা এই প্রতারণার সঙ্গে জড়িত, তা তদন্ত করে জবাবদিহি নিশ্চিত করুক।

সংগঠনটি মনে করে, শ্রীলঙ্কাকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে এ ধরনের প্রতারণা বন্ধে বিমানবন্দরসহ দেশের অভিবাসন ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানো জরুরি। পাশাপাশি দেশে ফিরে আসা ক্ষতিগ্রস্ত কর্মীদের সম্ভাব্য মানবপাচারের ভুক্তভোগী হিসেবে শনাক্ত করে তাদের আইনি সহায়তা, মনোসামাজিক সেবা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। কোনোভাবেই তাদের অপরাধী হিসেবে বিবেচনা করা উচিত নয়।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বিএমইটি, বাংলাদেশ হাইকমিশন এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ চেয়েছে সংগঠনটি। স্মারকলিপির অনুলিপি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়েছে।

অনির্বান সারভাইভার ভয়েস ফাউন্ডেশন মানবপাচারের প্রত্যক্ষ অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের নেতৃত্বে পরিচালিত একটি সারভাইভার-লেড সংগঠন। নিরাপদ অভিবাসন, মানবপাচার প্রতিরোধ, ভুক্তভোগীদের সহায়তা, নিরাপদ প্রত্যাবাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংগঠনটি কাজ করছে।

সূত্র : বাংলা ট্রিবিউন 

  • সর্বশেষ