মনিরুল ইসলাম : বাংলাদেশ জাতীয় সংসদের সংসদীয় কার্যক্রমকে আরও আধুনিক, গতিশীল ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ এগিয়ে নেওয়া হচ্ছে। এ প্রকল্পের সব কার্যক্রম তিন বছর মেয়াদে সম্পন্ন করার লক্ষ্যে দরপত্র আহ্বানসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।
আজ মঙ্গলবার ১৭ নভেম্বর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়ন কমিটির দ্বিতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি।
সভায় কমিটির সদস্য হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), মীর আহমাদ বিনকাসেম, মোহাম্মদ নাজিবুর রহমান, লুৎফুল্লাহেল মাজেদ ও আন্না মিন্জ অংশ নেন।
সভায় প্রথমে আগের সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পরে সংসদীয় কার্যক্রমকে প্রযুক্তিনির্ভর ও আধুনিকায়নের লক্ষ্যে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্পের কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন, বিভিন্ন উপাদানের মধ্যে সমন্বয় এবং নির্ধারিত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন কমিটির সদস্যরা।
সভায় ইউএনডিপির প্রস্তাবনা, সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) এবং প্রকল্প বাস্তবায়ন কমিটির পর্যবেক্ষণের ভিত্তিতে সাউন্ড সিস্টেম প্রকল্পের দরপত্রে মনিটরের আকার পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। দরপত্রে মনিটরের আকার ১০ থেকে ১৪ ইঞ্চি উল্লেখ থাকলেও তা কমপক্ষে ১৪ ইঞ্চি নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।
এ ছাড়া ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম এগিয়ে নিতে দরপত্র আহ্বান এবং তিন বছরের মধ্যে প্রকল্পের সব কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রকল্পটি আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্য মানদণ্ড অনুসরণ করে বাস্তবায়নের লক্ষ্যে একটি প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন প্ল্যান (পিআইপি) প্রণয়নের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এ জন্য তিন সদস্যবিশিষ্ট একটি উপকমিটি গঠন করা হয়েছে। উপকমিটির সদস্যরা হলেন লুৎফুল্লাহেল মাজেদ, মোহাম্মদ নাজিবুর রহমান ও আন্না মিন্জ।
উপকমিটিকে প্রকল্পসংশ্লিষ্ট বিষয়গুলো বিস্তারিত পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশসহ একটি প্রতিবেদন মূল কমিটির কাছে জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।
সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।