দেশের প্রতিটি জেলায় সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি করে আধুনিক মন্দির নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রকল্প দলিল প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
সংসদে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম জানতে চান, ধর্মীয় সম্প্রীতির দেশ হিসেবে দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি করে মন্দির নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে কি না। এ পরিকল্পনা থাকলে তা কবে নাগাদ বাস্তবায়ন করা হবে, সে বিষয়েও জানতে চান তিনি।
জবাবে ধর্মমন্ত্রী বলেন, প্রতি জেলায় একটি করে আধুনিক মন্দির নির্মাণের লক্ষ্যে প্রকল্প দলিল প্রণয়নের কাজ চলমান রয়েছে।