শিরোনাম
◈ রাজধানীতে মিরপুর, মহাখালী ও বাড্ডায় তিন ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন, আটক ১ ◈ ‘আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে যাবে’: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আইনজীবীকে পিটিয়ে আহত, সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা আদালত চত্বরে ◈ চেহারায় পরিবর্তন, গোপনে খাবার সরবরাহ: গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে বারিধারার ফ্ল্যাটে যেভাবে লুকিয়ে ছিলেন সাঈদ খোকন ◈ শ্রমিক অসন্তোষে ধৈর্য ধরে পরিস্থিতি সামলাচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ টুঙ্গিপাড়া থানায় হামলাকারী ও মাইকিং করে উসকানিদাতাদের শনাক্তের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ যে কারণে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সব স্বর্ণখনি বন্ধের ঘোষণা ◈ আইনজীবীকে মারধরের অভিযোগে যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি সংসদে ◈ টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা-ভাঙচুর, আগুন দিল আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা (ভিডিও ) ◈ আওয়ামী লীগের টার্গেটে সরকার ও বিরোধী দলের শীর্ষ নেতারা, তালিকায় আছেন যারা

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ১২:২২ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬, ১২:২২ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

‘আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে যাবে’: স্বরাষ্ট্রমন্ত্রী

মনিরুল ইসলাম : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা আক্রমণ, অগ্নিসংযোগ, অস্ত্র লুট ও নাশকতামূলক কর্মকাণ্ড নিয়ে জাতীয় সংসদে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আগামী ১৯ নভেম্বরকে সামনে রেখে সেখানে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। এ পরিস্থিতিতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একসময় ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে যাবে। তবে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী আচরণ বর্তমান সরকার করবে না। নিরপরাধ মানুষের প্রাণহানি এড়াতে সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।

মঙ্গলবার ১৭ নভেম্বর রাতে জাতীয় সংসদ অধিবেশনে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আনা প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা গোপালগঞ্জে কয়েক দিন ধরে অস্থিরতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানা ঘেরাও, হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের মতো ঘটনা ঘটেছে। পুলিশের সদস্যরা আত্মরক্ষার্থে পিছু হটতে বাধ্য হয়েছেন।

Advertisement

তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠান ধ্বংস, মানুষের বাড়িঘরে আগুন দেওয়া এবং লুটপাট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব ঘটনার প্রতিকার করতে হবে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ কয়েকজন কর্মকর্তাকে বদলি করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার আরও কী পদক্ষেপ নিচ্ছে, তা জানতে চান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, আগামী ১৯ নভেম্বরকে সামনে রেখে গোপালগঞ্জে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে তথ্য পাওয়া গেছে। কার কার বাড়িতে আগুন দেওয়া হবে, কোথায় লুটপাট চালানো হবে, সেসব ঘোষণাও দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

গোপালগঞ্জের ভৌগোলিক গুরুত্ব তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার যোগাযোগ এই জেলার ওপর দিয়ে। ফলে গোপালগঞ্জের অস্থিরতা বৃহত্তর অঞ্চলের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

তিনি পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে বলেন, বিষফোড়ার জীবাণু রক্তে চলে গেলে তা গোটা শরীরে ছড়িয়ে পড়ে। রক্তে ছড়িয়ে পড়ার আগেই বিষফোড়ার চিকিৎসা করতে হবে। তাই নিরীহ মানুষের জীবন, সম্পদ, রাষ্ট্রীয় স্থাপনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের চরিত্র আবারও উন্মোচিত হয়েছে। দলটির নেতাকর্মীরা সীমান্তের ওপার থেকে আগুন লাগানোর উসকানি দিচ্ছেন। সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীরাও গত কয়েক দিনে এ ধরনের বার্তা দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তাদের কায়দায় চলতে চাই না। আমরা আমাদের নীতিতে বিশ্বাস করি। প্রয়োজনে ১০ জন অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিছুদিন ধৈর্য ধরব, কিন্তু একজন নিরপরাধ মানুষও যেন গুলির শিকার না হন, তা নিশ্চিত করব।’

তিনি বলেন, জনগণ আর রাজপথে আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়ে হত্যার ঘটনা দেখতে চায় না। তবে কেউ থানা কিংবা সংসদ সদস্যের বাড়িতে আগুন দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষার প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেবে।

আওয়ামী লীগকে উদ্দেশ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এই দেশে হুমকি-ধমকি দিয়ে, আগুন লাগিয়ে একটা টুঙ্গিপাড়া থানায় আগুন লাগিয়ে যদি আওয়ামী শক্তি মনে করে তাদের শক্তি প্রদর্শিত হলো, তাহলে আমরা প্রমাণ করে দেব—বাংলাদেশ আওয়ামী লীগ ওই টুঙ্গিপাড়া থানা লিমিটেড হয়ে যাবে।’

থানা আক্রমণে উসকানিদাতাদের শনাক্ত করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানা আক্রমণের আহ্বান জানানো ব্যক্তিদের ভিডিও ফুটেজ, অডিও ও ছবি সরকারের কাছে রয়েছে। এসব প্রমাণের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

একই সঙ্গে গোপালগঞ্জের সাধারণ মানুষকে সীমান্তের ওপার থেকে আসা উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পতিত ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তি গণহত্যা চালিয়ে রাজনৈতিক বৈধতা হারিয়েছে। তারা আর বাংলাদেশে গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগের বিষয়ে বেশি আলোচনা করে সময় নষ্ট করতে চান না উল্লেখ করে তিনি বলেন, যারা পালিয়ে আশ্রয় নিয়েছে, তাদের বাংলাদেশে রাজনীতি করার সুযোগ আর হবে না। পরিস্থিতি উত্তরণে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে।

এদিকে আলোচনায় অংশ নিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগকে কেন্দ্র করে সাম্প্রতিক সংঘর্ষ ও তৎপরতা মূলত রাজনৈতিক মনোযোগ আকর্ষণ এবং দলটির নেতাকর্মীদের চাঙ্গা রাখার কৌশল।

তিনি বলেন, ডিসেম্বরের রাজনৈতিক তৎপরতা নিয়ে দেওয়া বক্তব্যের দৃষ্টি অন্যদিকে সরাতেই এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে। দেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। সরকার রাতারাতি সব সমস্যার সমাধান করতে পারবে না।

আন্দালিব রহমান পার্থ বলেন, ‘ফ্যাসিস্টকে আমরা সরিয়েছি। কোনো ফর্মে ওই ফ্যাসিস্টের ফিরে আসার পরিস্থিতি তৈরি হলে আমরা সকলে এক হয়ে তার বিরুদ্ধে থাকব।’

  • সর্বশেষ