বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) জাতীয় সংসদে উপস্থাপন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গত ৬ ফেব্রুয়ারি সই করা এ চুক্তির আওতায় কার্যকর হওয়ার প্রথম দিন থেকেই জাপানের বাজারে বাংলাদেশের ৭ হাজার ৩৭৯টি পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। বিপরীতে বাংলাদেশের বাজারে জাপানের ১ হাজার ৩৯টি পণ্য তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে কার্যপ্রণালি বিধির ২৯৮(১) বিধি অনুযায়ী চুক্তিটি সংসদে উপস্থাপন করেন বাণিজ্যমন্ত্রী। এ সময় তিনি চুক্তির পটভূমি, আলোচনার প্রক্রিয়া ও উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তুলে ধরেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, মাননীয় স্পিকার, আপনি জানেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলা, বাংলাদেশের রফতানি বাজার সংরক্ষণ ও সম্প্রসারণ এবং বিভিন্ন দেশের শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পাওয়ার লক্ষ্যে আমরা বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশ, ট্রেডিং ব্লক ও আঞ্চলিক জোটের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পাদনের উদ্যোগ গ্রহণ করেছি। জাপান বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার। দুই দেশের মধ্যে অর্থনৈতিক বন্ধন আরও দৃঢ় করা এবং এলডিসি উত্তরণের পর জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার সংরক্ষণের লক্ষ্যে এই চুক্তি সইয়ের উদ্যোগ নেওয়া হয়। চুক্তির অন্যতম উদ্দেশ্য হলো বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জাপানি বিনিয়োগকারীদের আস্থা সুদৃঢ় করা এবং দীর্ঘমেয়াদি জাপানি বিনিয়োগ আকর্ষণ।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য প্রতিবছর ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। পণ্য ছাড়াও সেবা ও বিনিয়োগ খাতে জাপানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা রয়েছে। এই প্রেক্ষাপটে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) সম্পাদনের উদ্যোগ গ্রহণ করা হয়। চুক্তি সম্পাদনের প্রক্রিয়া তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, ইপিএ সম্পাদনের প্রাথমিক পদক্ষেপ হিসেবে যৌথ সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য দুই দেশের কর্মকর্তাদের মধ্যে প্রথমে জয়েন্ট স্টাডি গ্রুপ গঠন করা হয়। বাংলাদেশ-জাপান ইপিএ সম্পাদনের জন্য যৌথভাবে আনুষ্ঠানিক আলোচনা শুরু করা হয়।
মন্ত্রী বলেন, প্রথম দফার আলোচনা শুরুর লক্ষ্যে উভয় দেশ তাদের ট্রেড নেগোসিয়েশন কমিটি ও ২১টি ওয়ার্কিং গ্রুপ গঠন করে। এই কমিটি টার্মস অব রেফারেন্স এবং একটি ওয়ার্ক প্ল্যান চূড়ান্ত করে। তাছাড়া ২১টি ওয়ার্কিং এরিয়ার জন্য প্রস্তুত করা খসড়া পাঠ্য নিয়ে প্রাথমিক আলোচনা হয়। সম্মত ওয়ার্ক প্ল্যান অনুযায়ী সাত দফা আলোচনার মাধ্যমে উভয় দেশ এই ইপিএর পাঠ্য চূড়ান্ত করে।
চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ইপিএ সম্পাদনের লক্ষ্যে অভ্যন্তরীণ প্রক্রিয়ার অংশ হিসেবে আলোচনা পর্যায়ে চূড়ান্ত করা চুক্তির পাঠ্যসমূহ আরটিএ পলিসি অনুযায়ী দেশের অভ্যন্তরীণ আইন, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) এবং অন্যান্য আন্তর্জাতিক বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা লিগ্যাল স্ক্রাবিংয়ের মাধ্যমে নিশ্চিত করা হয়। এটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হয় এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে ভেটিং করা হয়।
মন্ত্রী বলেন, চুক্তি স্বাক্ষরের পরবর্তী পদক্ষেপ হলো চুক্তিটি অনুসমর্থন করা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৪৫ অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, বিদেশের সঙ্গে সম্পাদিত সব চুক্তি রাষ্ট্রপতির কাছে পেশ করা হবে এবং রাষ্ট্রপতি তা সংসদে পেশ করার ব্যবস্থা করবেন। বর্ণিত অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশ-জাপান ইপিএ মহান জাতীয় সংসদে উপস্থাপনের জন্য রাষ্ট্রপতি সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
চুক্তির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, পণ্য আমদানি ও রফতানির ক্ষেত্রে চুক্তি কার্যকরের প্রথম দিন থেকেই বাংলাদেশ জাপানের বাজারে তাৎক্ষণিক ৭ হাজার ৩৭৯টি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পাবে। পক্ষান্তরে জাপান ১ হাজার ৩৯টি পণ্যে বাংলাদেশের বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। বাংলাদেশের প্রধান রফতানি পণ্য, বিশেষ করে তৈরি পোশাকসহ অন্যান্য পণ্য চুক্তি কার্যকরের দিন থেকেই জাপানের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকারের সুবিধা পাবে। এছাড়া তৈরি পোশাক খাতে স্টেজ ট্রান্সফরমেশন সুবিধাও পাওয়া যাবে। সেবা বাণিজ্য খাতেও উভয় দেশের উল্লেখযোগ্য অঙ্গীকার রয়েছে। বাংলাদেশ জাপানের জন্য ডব্লিউটিওর সেক্টরাল ক্লাসিফিকেশন লিস্ট অনুযায়ী সেবা খাতের ১২টি সেক্টরের আওতায় ৯৮টি সাব-সেক্টর উন্মুক্ত করতে সম্মত হয়েছে। অন্যদিকে জাপান বাংলাদেশের জন্য ১২০টি সাব-সেক্টর উন্মুক্ত করতে সম্মত হয়েছে। এর ফলে বিভিন্ন পণ্য ও সেবা খাতে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং প্রযুক্তি হস্তান্তর ত্বরান্বিত হবে। বাংলাদেশের জন্য ব্যাপক বাণিজ্যিক ও অর্থনৈতিক সুফল বয়ে আনবে। এর মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা হবে।
বাণিজ্যমন্ত্রীর বক্তব্যের পর স্পিকার আইনমন্ত্রীর সহযোগিতা চেয়ে বলেন, যেকোনও আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে সংবিধানের ১৪৫ অনুচ্ছেদ উত্থাপিত হলে পরবর্তী সময়ে অন্যান্য মন্ত্রণালয়কে এ বিষয়ে আপনি একটু দিকনির্দেশনা দিতে পারেন। এখানে বিধি অনুসারে উনারা উত্থাপন করছেন, এটি একটি আন্তর্জাতিক চুক্তি, সংবিধানের ১৪৫ অনুচ্ছেদের অধীনে, তাই না? তো উনারা নির্বাহী বিভাগ থেকে যে বিষয়টি পাঠিয়েছেন, এই আর্টিকেলটি এখানে উল্লেখ করেননি বা এর অনুসারে যায়নি। আপনি পরবর্তীতে একটু সদয় খেয়াল রাখবেন এসব বিষয়ে।
সূত্র : বাংলা ট্রিবিউন