রোহিঙ্গা বসতির চাপে একসময় গাছপালাহীন ও প্রাণবৈচিত্র্যশূন্য হয়ে পড়েছিল কক্সবাজারের উখিয়ার থাইংখালী এলাকার বিস্তীর্ণ পাহাড়ি বনভূমি। নির্বিচারে গাছপালা উজাড় ও পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ বিপর্যস্ত হওয়ায় হারিয়ে যেতে বসেছিল বনের স্বাভাবিক জীববৈচিত্র্য। তবে বন বিভাগের দীর্ঘমেয়াদি বনায়ন, পরিচর্যা ও সংরক্ষণ কার্যক্রমে সেই পাহাড়ে আবারও ফিরতে শুরু করেছে সবুজের সমারোহ। পাশাপাশি বন্য প্রাণীর বিচরণও বাড়ছে।
বন বিভাগের তথ্যমতে, ২০২০-২১ অর্থবছরে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের থাইংখালী বিটে সুফল প্রকল্পের আওতায় ২২০ হেক্টর পাহাড়ি এলাকায় নতুন বাগান সৃজন করা হয়। পরিকল্পিত বনায়নের পাশাপাশি নিয়মিত পরিচর্যা, পাহারা ও সংরক্ষণ কার্যক্রমের ফলে ধীরে ধীরে সবুজ হয়ে উঠছে একসময় বৃক্ষশূন্য হয়ে পড়া পাহাড়গুলো।
বনায়নের সুফল হিসেবে বনের পরিবেশে ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি বন্য প্রাণীর চলাচলও দৃশ্যমান হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উখিয়ার থাইংখালী এলাকার চোরাখোলা লোকালয়ে সাতটি হাতির একটি পাল চলে আসে সেখানে। খবর পেয়ে বন বিভাগের কর্মী ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় হাতির দলটিকে কোনো ধরনের ক্ষতি ছাড়াই নিরাপদে বনে ফিরিয়ে দেওয়া হয়।
বন বিভাগের কর্মীদের এ তৎপরতায় সম্ভাব্য মানুষ-হাতি সংঘাত এড়ানো সম্ভব হয়েছে। একই সঙ্গে বনের ভেতরে বন্য প্রাণীর নিরাপদ আবাসস্থল সংরক্ষণের গুরুত্বও নতুন করে সামনে এসেছে।
সংশ্লিষ্টদের মতে, পাহাড়ি বনভূমি ধ্বংস হলে শুধু গাছপালাই হারিয়ে যায় না, বন্য প্রাণীর খাদ্য ও আবাসস্থলও সংকুচিত হয়। ফলে হাতিসহ বিভিন্ন বন্য প্রাণী খাবার ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয়ে চলে আসতে পারে। তাই বনায়নের পাশাপাশি বিদ্যমান বনভূমি রক্ষা, বন্য প্রাণীর চলাচলের পথ অক্ষুণ্ন রাখা এবং বনাঞ্চলে মানুষের অনুপ্রবেশ নিয়ন্ত্রণ করা জরুরি।
একসময় রোহিঙ্গা বসতির চাপে ক্ষতিগ্রস্ত থাইংখালীর পাহাড়ে নতুন করে সবুজের বিস্তার প্রকৃতি পুনরুদ্ধারের একটি ইতিবাচক দৃষ্টান্ত। তবে এ অর্জন ধরে রাখতে ধারাবাহিক পরিচর্যা, কার্যকর পাহারা ও বন সংরক্ষণ কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন। পাহাড় ও বনভূমি সুরক্ষিত থাকলেই বন্য প্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত হবে এবং মানুষ-বন্য প্রাণীর সংঘাত কমিয়ে আনা সম্ভব হবে।
সূত্র : ইনকিলাব