শিল্পের কাঁচামাল, মূলধনি যন্ত্রপাতি ও উৎপাদন সম্প্রসারণসংশ্লিষ্ট পণ্য আমদানিতে নিম্নমুখী প্রবণতা অক্টোবরে অব্যাহত রয়েছে। কমেছে বন্দরে জাহাজের আগমন ও কনটেইনার পরিবহনও। উদ্যোক্তারা বলছেন, ব্যবসা সম্প্রসারণ কিংবা নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা থাকলেও বিনিয়োগের পরিবেশ ও স্থিতিশীলতার অভাবে তা বাস্তবায়নে এগোতে পারছেন না তারা।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যমতে, চলতি বছরের অক্টোবরে স্থানীয় মুদ্রায় প্রায় ৬৮ হাজার কোটি টাকা ব্যয়ে মোট ১ কোটি ২৩ লাখ টন পণ্য আমদানি হয়েছে। পরিমাণের হিসাবে এসব পণ্যের প্রায় ৬২ শতাংশেরই শুল্কায়ন হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসে।
চট্টগ্রাম কাস্টম হাউসের আমদানি তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের অক্টোবরে স্থানীয় মুদ্রায় প্রায় ৪১ হাজার কোটি টাকা ব্যয়ে মোট ৭৫ লাখ ৪৯ হাজার টন পণ্য আমদানি হয়েছে। ২০২৫ সালের অক্টোবরে প্রায় ৪৬ হাজার কোটি টাকা ব্যয়ে আমদানি হওয়া মোট ৯১ লাখ ৬৬ হাজার টন পণ্যের শুল্কায়ন করেছিল চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের অক্টোবরে পরিমাণের হিসাবে আমদানি কমেছে প্রায় ১৮ শতাংশ।
দেশের শিল্পোদ্যোক্তাদের মতে, আমদানির সামগ্রিক অর্থমূল্য দিয়ে অর্থনীতির প্রকৃত গতিপ্রকৃতি নির্ণয় করা কঠিন। কারণ আমদানি ব্যয়ের প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে জ্বালানি পণ্য। জ্বালানি তেলের পাশাপাশি চলমান মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে জাহাজ ভাড়া ও পরিবহন ব্যয় বেড়েছে। এর প্রভাব পড়েছে ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামাল আমদানির ব্যয়েও। ফলে আমদানির অর্থমূল্য বাড়লেও প্রকৃতপক্ষে কী পরিমাণ পণ্য দেশে আসছে, সেটি বিবেচনায় নেয়া জরুরি।
পণ্য আমদানি কমার চিত্র প্রতিফলিত হয়েছে চট্টগ্রাম বন্দরে জাহাজ হ্যান্ডলিংয়ের পরিসংখ্যানেও। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) জাহাজ হ্যান্ডলিং তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের অক্টোবরে বন্দরে মোট ৩৭২টি জাহাজ হ্যান্ডলিং হয়েছে। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ৩৯১। অর্থাৎ জাহাজ হ্যান্ডলিং কমেছে প্রায় ৫ শতাংশ।
পণ্য আমদানি হ্রাস পাওয়ায় বন্দরে কনটেইনার জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইমও কমে এসেছে। অক্টোবরে একটি জাহাজকে বার্থিংয়ের জন্য চট্টগ্রাম বন্দরে গড়ে ২ দশমিক ১৭ দিন অপেক্ষা করতে হয়েছে।
দেশের বৈদেশিক বাণিজ্যের বড় অংশ পরিচালিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। সমুদ্রপথে কনটেইনার পরিবহনের প্রায় পুরোটাই এ বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়। শিল্পের কাঁচামাল, মূলধনি যন্ত্রপাতি, রফতানি পণ্যসহ বিভিন্ন ধরনের পণ্য কনটেইনারে পরিবহন করা হয়। ফলে বন্দরের কনটেইনার পরিবহনের পরিসংখ্যান দেশের শিল্প উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি-প্রকৃতি বোঝার অন্যতম একটি নির্দেশক হিসেবে বিবেচিত হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
চবকের কনটেইনার পরিবহনের তথ্য জানাচ্ছে, চলতি অর্থবছরের প্রথম চার মাসের মধ্যে সবচেয়ে কম কনটেইনার পরিবহন হয়েছে অক্টোবরে। এ মাসে চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন হয়েছে ২ লাখ ৭৭ হাজার ৯০১ টিইইউ (২০ ফুট দীর্ঘ কনটেইনারের একক হিসাব)। এর আগে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে যথাক্রমে ২ লাখ ৯৮ হাজার ৬০১, ২ লাখ ৮৫ হাজার ৪২৪ ও ২ লাখ ৭৯ হাজার ২৫৩ টিইইউ কনটেইনার পরিবহন হয়েছিল। অর্থাৎ অর্থবছরের শুরু থেকেই কনটেইনার পরিবহনে ধারাবাহিক নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। অক্টোবরে তা চার মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
আমদানি ও বন্দর কার্যক্রমে এ নিম্নমুখী প্রবণতার পেছনে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ নানা কারণ রয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তাদের মতে, যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি, বিশ্ববাজারে জ্বালানি খাতে অস্থিরতা এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ব্যবসা-বাণিজ্যের ওপর মিলিত চাপ তৈরি করেছে। এর প্রভাব পড়ছে নতুন বিনিয়োগ ও বিদ্যমান শিল্পের সম্প্রসারণ কার্যক্রমেও।
কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর প্রথম সহসভাপতি সেলিম রহমান বলেন, ‘আমাদের গ্রুপের স্টিলসহ বিভিন্ন খাতে আমদানি ও রফতানি দুই ধরনের বৈদেশিক বাণিজ্য কার্যক্রমই রয়েছে। পেছনে তাকালে দেখা যাবে, ‘প্রথম ধাক্কাটি আসে যুক্তরাষ্ট্রের শুল্কনীতি থেকে। এরপর জ্বালানি খাতে সংকটে পড়তে হয়। এরপর সামনে আসে দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি। সবকিছু মিলিয়েই ব্যবসা-বাণিজ্যে এ স্থবিরতা তৈরি হয়েছে। সাবেক অন্তর্বর্তী সরকারের সময়েও ব্যবসা-বাণিজ্যে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।’
তিনি আরো বলেন, ‘পরিস্থিতির উন্নতির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা। একজন শিল্পোদ্যোক্তা নতুন বিনিয়োগের উদ্যোগ নিতে গেলে প্রথমেই চান বিনিয়োগের অনুকূল ও পূর্বানুমানযোগ্য পরিবেশ। আমার নিজেরও উৎপাদনমুখী একাধিক প্রকল্পের পরিকল্পনা চূড়ান্ত হয়ে আছে। কিন্তু সেগুলোর বাস্তবায়নে এগোতে পারছি না। অনেক উদ্যোক্তাই এমন পরিস্থিতিতে রয়েছেন। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক থেকে আর্থিক ও মুদ্রানীতির বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা পেতে চান উদ্যোক্তারা।’
ব্যবসায়ীদের মতে, অর্থনীতির গতি ফেরাতে সরকার বিভিন্ন খাতে কিছু ইতিবাচক উদ্যোগ নিলেও বিনিয়োগের পরিবেশ উন্নয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা জরুরি। একই সঙ্গে আর্থিক খাতের দুর্বলতা কাটিয়ে তোলা, অর্থের সংস্থান এবং রাজস্ব ব্যবস্থাপনায় সংস্কারও প্রয়োজন।
বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলীহোসাইন আকবরআলী বলেন, ‘এটা বলতে হবে, বর্তমান সরকার অর্থনীতির গতি ফেরাতে বিভিন্ন খাতে বেশকিছু ভালো সিদ্ধান্ত নিয়েছে। তবে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। সরকারকে যেকোনো মূল্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। তাহলে ব্যবসা-বাণিজ্যে আস্থা ফিরে আসবে এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিরও উন্নতি হবে। সরকার এরই মধ্যে অবকাঠামো খাতে কাজ শুরু করেছে।’
পরিমাণগত আমদানির তথ্য বিশ্লেষণ করলে পণ্যভেদে ভিন্ন চিত্র পাওয়া যায়। ভোগ্যপণ্যসহ কিছু পণ্যের আমদানি বাড়লেও শিল্প-কারখানার কাঁচামাল এবং নতুন শিল্প স্থাপন, বিদ্যমান কারখানার সম্প্রসারণ ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর সঙ্গে সম্পর্কিত পণ্য আমদানি ধারাবাহিকভাবে কমছে। অর্থাৎ সামগ্রিক আমদানি ব্যয়ের হিসাবের আড়ালে শিল্প উৎপাদন ও নতুন বিনিয়োগসংশ্লিষ্ট আমদানির দুর্বলতা রয়ে যাচ্ছে। এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে তা শুধু আমদানি বাণিজ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং শিল্প উৎপাদন, কর্মসংস্থান ও ভবিষ্যৎ বিনিয়োগের ওপরও প্রভাব পড়বে।
সীকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, ‘জ্বালানি পণ্যের মূল্যবৃদ্ধি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় আমদানি ব্যয় বাড়লেও প্রকৃত বিচারে শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানির প্রবণতা দুর্বল হয়ে পড়ছে। বিশেষ করে নতুন শিল্প স্থাপন কিংবা বিদ্যমান শিল্পের সম্প্রসারণে প্রয়োজনীয় আমদানি কমে যাওয়া অর্থনীতির জন্য ভালো সংকেত নয়।’
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মনে করেন, আজকের আমদানি পরিস্থিতি শুধু বর্তমান ব্যবসা-বাণিজ্যের চিত্র নয়, এটি আগামী দিনের শিল্প উৎপাদন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশক। আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ব্যাংক ঋণের উচ্চ সুদহার এবং নীতিগত অনিশ্চয়তা বিনিয়োগের সিদ্ধান্তকে কঠিন করে তুলেছে। একজন উদ্যোক্তা দীর্ঘমেয়াদি বিনিয়োগের সিদ্ধান্ত নেয়ার আগে অন্তত কয়েক বছরের ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে নিশ্চয়তা চান। পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে নতুন শিল্প স্থাপন বা বিদ্যমান ব্যবসা সম্প্রসারণে আগ্রহী হওয়া কঠিন। সূত্র: বণিক বার্তা