রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলে শৃঙ্খলা ফেরানো, যানজট কমানো এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ই-রিকশা নিবন্ধন ও নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন বিধিমালা অনুযায়ী, সিটি করপোরেশন এলাকায় নিবন্ধন ও লাইসেন্স ছাড়া এসব রিকশা চলাচল করতে পারবে না। তবে প্রশ্ন উঠেছে, ই-রিকশা আসলে কী, কারা লাইসেন্স পাবেন এবং আগে থেকে চলাচল করা পুরোনো অটোরিকশাগুলোর কী হবে?
ই-রিকশা কী?
ই-রিকশা হলো তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা। এটি বিদ্যুৎচালিত মোটরের সাহায্যে চলে। নতুন বিধিমালায় এ ধরনের রিকশার কারিগরি মান ও নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেয়া হয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত প্রযুক্তিগত মানদণ্ড ও নিরাপত্তাবৈশিষ্ট্য পূরণ, ফিটনেস সনদ এবং সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের প্রতিস্বাক্ষর ছাড়া কোনো ই-রিকশার নিবন্ধন বা নবায়ন করা যাবে না। নিবন্ধিত প্রতিটি ই-রিকশার জন্য কিউআর কোডযুক্ত স্বতন্ত্র নিবন্ধন নম্বর ও নম্বরপ্লেট দেয়ার বিধানও রাখা হয়েছে।
কারা পাবেন লাইসেন্স?
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ই-রিকশা উৎপাদনের অনুমতি পেতে হলে প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে কয়েকটি ধাপ পার হতে হবে। প্রথমে বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাদের তৈরি মডেলকে। এরপর প্রয়োজনীয় কাগজপত্রসহ সিটি করপোরেশনে আবেদন করতে হবে। কাগজপত্র যাচাই-বাছাই ও কারখানা পরিদর্শনের পর সন্তোষজনক ফল পাওয়া গেলে উৎপাদনের অনুমতি দেয়া হবে।
গত ১৫ নভেম্বর নগর ভবনে বুয়েটের নিরাপত্তা পরীক্ষার মধ্য দিয়ে আসা ১৩টি প্রতিষ্ঠানের ই-রিকশা পরিদর্শন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। তিনি জানান, ১১টি প্রতিষ্ঠানের নকশাকৃত ই-রিকশা বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আরও চারটি প্রতিষ্ঠানের পরীক্ষা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিএসসিসির চারটি অঞ্চলে যথাক্রমে সবুজ, নীল, বেগুনি ও কমলা রঙের ই-রিকশা চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে নির্দিষ্ট জোনে নির্ধারিত সংখ্যার বেশি ই-রিকশাকে লাইসেন্স দেয়া হবে না।
পুরোনো অটোরিকশার কী হবে?
পুরোনো অটোরিকশা চলাচলের সুযোগ থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে ডিএসসিসি প্রশাসক জানিয়েছেন, বিষয়টি নতুন বা পুরোনো মডেলের নয়; যাত্রীর নিরাপত্তা ও সড়কের শৃঙ্খলাই মুখ্য। বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হলে নতুন বা পুরোনো যেকোনো মডেলকেই লাইসেন্স দেয়া হবে।
ই-রিকশার নিবন্ধন
গত ৩ নভেম্বর থেকে ডিএসসিসি এলাকায় ই-রিকশানিবন্ধনের আবেদন ফরম বিক্রি শুরু হয়েছে। প্রতিটি ফরমের মূল্য ১০০ টাকা। ১৫ নভেম্বর পর্যন্ত প্রায় ২৭ হাজার ফরম বিক্রি হয়েছে। তবে ফরম সংগ্রহ বা আবেদন করলেই নিবন্ধন নিশ্চিত হবে না। নির্ধারিত শর্ত পূরণ এবং কারিগরি ও অন্যান্য যাচাই-বাছাই শেষে যোগ্য ই-রিকশাগুলোকে নিবন্ধনের অনুমতি দেয়া হবে।
গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ নতুন বিধিমালা জারি করে। এর মাধ্যমে সিটি করপোরেশন এলাকায় ই-রিকশা চলাচল নিবন্ধন ও লাইসেন্সের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে।