জমি কেনার সিদ্ধান্ত নেওয়ার পর ক্রেতার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি হলো, জমি নিবন্ধন বা রেজিস্ট্রি করতে মোট কত টাকা খরচ হবে? অনেকেই জমির দাম জানলেও দলিল নিবন্ধনের সময় সরকারি ফি, কর ও অন্যান্য খরচ সম্পর্কে পরিষ্কার ধারণা রাখেন না। ফলে দলিল সম্পাদনের সময় অতিরিক্ত অর্থের প্রয়োজন হয়, এমনকি অনেক ক্ষেত্রে প্রতারণারও শিকার হতে হয়।
জমি নিবন্ধনের খরচ নির্ভর করে জমির অবস্থান, মৌজা, জমির শ্রেণি, দলিলে উল্লেখ করা মূল্য এবং সংশ্লিষ্ট এলাকার নির্ধারিত সরকারি মৌজা মূল্যের ওপর। এর সঙ্গে যুক্ত হয় নিবন্ধন ফি, স্ট্যাম্প শুল্ক, স্থানীয় সরকার কর, উৎসে করসহ কয়েক ধরনের খরচ।
তাই জমি কেনার আগেই এসব খরচের হিসাব জানা জরুরি। চলুন জেনে নেওয়া যাক, জমি রেজিস্ট্রি করতে কী কী খাতে টাকা দিতে হয় এবং কীভাবে মোট খরচের হিসাব করবেন।
জমি নিবন্ধনের খরচ কোন কোন খাতে দিতে হয়?
নিবন্ধন অধিদপ্তরের ওয়েবসাইটে হালনাগাদ করা দলিল নিবন্ধন ফি, স্ট্যাম্প শুল্ক ও করের তালিকা রয়েছে। জমি কেনাবেচার প্রচলিত সাফ-কবলা দলিলের ক্ষেত্রে প্রধান খরচগুলো হলো:
স্ট্যাম্প শুল্ক: দলিলের নির্ধারিত মূল্যের ওপর প্রযোজ্য হারে স্ট্যাম্প শুল্ক দিতে হয়।
রেজিস্ট্রেশন ফি: জমির দলিল নিবন্ধনের জন্য নির্ধারিত ফি দিতে হয়। সাধারণ সাফ-কবলা দলিলের ক্ষেত্রে এটি দলিল মূল্যের ১ শতাংশ।
স্থানীয় সরকার কর: জমি কোন এলাকার মধ্যে অবস্থিত, তার ওপর এ করের হার নির্ভর করে। সিটি করপোরেশন ও ইউনিয়ন পরিষদ এলাকার ক্ষেত্রে হারে পার্থক্য রয়েছে।
উৎসে কর: জমি হস্তান্তরের সময় আয়কর আইন অনুযায়ী বিক্রেতার কাছ থেকে উৎসে কর আদায় করা হয়। জমির অবস্থান, মৌজা ও নির্ধারিত মূল্য অনুসারে এ করের পরিমাণ পরিবর্তিত হয়। অনেক ক্ষেত্রে জমি রেজিস্ট্রির খরচের বড় অংশই হয় এই কর।
অন্যান্য ফি: দলিলের পৃষ্ঠা ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়ের ওপর নির্ভর করে ই-ফি, এন-ফি, এনএন-ফি, হলফনামার স্ট্যাম্প ও কোর্ট ফি দিতে হয়।
সরকারি ফি ও করের হালনাগাদ তালিকা দেখতে পারেন নিবন্ধন অধিদপ্তরের ওয়েবসাইটে।
জমির দামের কত শতাংশ খরচ হয়?
হালনাগাদ প্রতিবেদনে নিবন্ধন অধিদপ্তরের নতুন মূল্য নির্ধারণ পদ্ধতি ও রেজিস্ট্রেশন খরচের হিসাব তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে ১০ পৃষ্ঠার একটি দলিলের জন্য নিম্নলিখিত হার উল্লেখ করা হয়েছে।
এখানে একটি বিষয় মনে রাখতে হবে, জমির দাম অনুযায়ী হিসাব করা তিনটি প্রধান খাতে মোট খরচ দাঁড়ায় ৪.৫ থেকে ৫.৫ শতাংশ। এর সঙ্গে উৎসে কর এবং অন্যান্য নির্ধারিত ফি যোগ হবে। ফলে সব জমির রেজিস্ট্রেশন খরচ একই হবে না।
উৎসে কর কত টাকা দিতে হয়?
জমি রেজিস্ট্রির খরচের হিসাব করতে গিয়ে অনেকেই উৎসে কর নিয়ে বিভ্রান্ত হন। অনেকে একে গেইন ট্যাক্স বা ভূমি হস্তান্তর কর বলেও জানেন।
আয়কর আইন, ২০২৩-এর ১২৫ ধারায় সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে উৎসে কর আদায়ের বিধান রয়েছে। জমির অবস্থান ও সংশ্লিষ্ট এলাকার জন্য নির্ধারিত মূল্য অনুসারে এ করের পরিমাণ নির্ধারিত হয়। কিছু ক্ষেত্রে প্রতি শতাংশ জমির জন্য নির্ধারিত অঙ্ক এবং দলিলে উল্লেখ করা মূল্যের ওপর নির্ধারিত শতাংশের মধ্যে যেটি প্রযোজ্য, সেটি বিবেচনা করতে হয়।
এ কারণে শুধু জমির মোট দাম দিয়ে উৎসে করের সঠিক হিসাব করা সম্ভব নয়। জমিটি কোন জেলা, উপজেলা, মৌজা ও নির্দিষ্ট এলাকায় অবস্থিত, তা জানা প্রয়োজন।
সূত্র : যুগান্তর