মনিরুল ইসলাম : জন্মদিনে এক ব্যতিক্রমী ও আনন্দঘন মুহূর্তের সাক্ষী হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুমার নামাজ শেষে একদল শিশু-কিশোরের সঙ্গে সময় কাটিয়ে তাদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। এ সময় শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক আলাপচারিতার পাশাপাশি তাদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী উপহার দেন প্রধানমন্ত্রী।
আজ শুক্রবার ২০ নভেম্বর রাজধানীর বনানীতে নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে এ ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানান।
তিনি জানান, নামাজ শেষে প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে কিছু সময় কাটান। এ সময় তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কে কোন ধরনের খেলাধুলা পছন্দ করে, তা জানতে চান। শিশু-কিশোরদের পছন্দ ও আগ্রহের কথা শুনে তাদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেন তিনি।
এদিকে, প্রধানমন্ত্রীর সঙ্গে আনন্দঘন সময় কাটানোর একপর্যায়ে শিশুরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। তাদের এমন আন্তরিক শুভেচ্ছায় পরিবেশটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও আবেগঘন।
শিশু-কিশোরদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই স্বতঃস্ফূর্ত সময় কাটানো উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে। জন্মদিনের আনুষ্ঠানিকতার বাইরে শিশুদের সঙ্গে সরাসরি কথা বলা, তাদের পছন্দের খেলাধুলা সম্পর্কে জানতে চাওয়া এবং ক্রীড়া সামগ্রী উপহার দেওয়ার ঘটনাটি দিনটির আনন্দে যোগ করে ভিন্ন মাত্রা।
উল্লেখ্য, শুক্রবার (২০ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন।