স্পোর্টস ডেস্ক : দুই বছর পর শেষ হলো অপেক্ষা। হতাশা, বিতর্ক আর একের পর এক ব্যর্থতার বৃত্ত ভেঙে অবশেষে জয়ের হাসি ফুটল পাকিস্তানের মুখে। রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৮ উইকেটের দাপুটে জয় তুলে নিয়ে ১-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে নানা পরিবর্তন ও মাঠের বাইরের বিতর্কে বেশ অস্থির সময় পার করেছে পাকিস্তান। সেই সঙ্গে যোগ হয়েছিল একের পর এক পরাজয়ের হতাশা। এমন পরিস্থিতিতে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় কিছুটা হলেও স্বস্তি এনে দিল দলটিকে। -- ডেইলি ক্রিকেট
ম্যাচের চতুর্থ দিনের সকালে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস গুটিয়ে দিতে পাকিস্তানের প্রয়োজন পড়ে মাত্র দুই ওভার। শেষ উইকেটে লঙ্কানরা আর বেশি দূর এগোতে পারেনি। মোহাম্মদ আব্বাসের দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ফেরেন আসিথা ফার্নান্দো। ৩১৬ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। প্রথম ইনিংসে ৯৮ রান করায় পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৯০।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পাকিস্তান। তবে দ্রুত দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা। সেই চাপ উড়িয়ে দেন জামাল। চার ও ছক্কার ঝড় তুলে ৩৪ রানে অপরাজিত থাকেন তিনি। অন্য প্রান্তে আজান আওয়াইস ৩২ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন।
এর আগে প্রথম ইনিংসে পাকিস্তান করেছিল ৩২৫ রান। ফলে ৮ উইকেটের জয় নিয়ে দুই বছর পর টেস্ট সিরিজ জয়ের আনন্দে মাতে পাকিস্তান।