শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৬, ০৬:৫৪ বিকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২৬, ০৬:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

যুক্তরাষ্ট্র সরকারের নিষেধাজ্ঞা, জব্দ ও বিচারিক প্রক্রিয়ায় বিক্রি করা একটি রুশ তেলবাহী ট্যাংকার মালিকানা বিরোধের জেরে চট্টগ্রাম বন্দরে আটক করা হয়েছে। এর ফলে 'পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রি-সাইক্লিং ইন্ডাস্ট্রি'র একটি জাহাজ ভাঙা চুক্তি আইনি অনিশ্চয়তার মুখে পড়েছে।

জাহাজটি মার্কিন সরকারি নথিতে 'এম/টি বেলা ১' এবং বাংলাদেশের আদালতের নথিতে 'এম/টি এরা' নামে উল্লেখ রয়েছে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান 'গ্লোবাল মার্কেটিং সিস্টেমস ইনকরপোরেশন' (জিএমএস) মার্কিন আদালতের নিলাম প্রক্রিয়ার মাধ্যমে জাহাজটি কিনেছিল। পরবর্তীতে তারা জাহাজটি স্ক্র্যাপ বা কাটার জন্য পিএইচপি শিপ ব্রেকিংয়ের কাছে বিক্রি করে।

তবে এই বিক্রির বৈধতা চ্যালেঞ্জ করেছে রাশিয়ার কোম্পানি 'বুরেভেস্টমারিন এলএলসি'। নিজেদের জাহাজের প্রকৃত মালিক দাবি করে তা ফেরত পাওয়ার পাশাপাশি ১ কোটি ৭ লাখ ৩০ হাজার ডলার (প্রায় ১৩৩ কোটি টাকা) ক্ষতিপূরণ চেয়ে বাংলাদেশ হাইকোর্টে মামলা করেছে প্রতিষ্ঠানটি। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ গত ৫ নভেম্বর জাহাজটি আটকের পরোয়ানা জারি করেন।

বর্তমানে ট্যাংকারটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কঠোর নজরদারিতে রয়েছে। এর ফলে জাহাজটির স্ক্র্যাপিং বা কাটার কার্যক্রম পুরোপুরি আটকে আছে। পিএইচপি জানিয়েছে, জাহাজটি এখনো তারা বুঝে পায়নি এবং এর বিপরীতে খোলা এলসির অর্থও ছাড় করা হয়নি।

Advertisement

জিএমএসের বাংলাদেশ প্রতিনিধি এবং স্থানীয় শিপিং এজেন্সি আরএস শিপিং ও এইচএম শিপিংয়ের মালিক মোহাম্মদ রফিকুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে মার্কিন ফেডারেল আদালতে জাহাজটির বিরুদ্ধে একটি মামলা ছিল। মার্কিন কর্তৃপক্ষ জাহাজটি যুক্তরাষ্ট্রে নিয়ে যায় এবং আদালতের নিলামের মাধ্যমে তা বিক্রি করে। জিএমএস আদালতের নিলাম থেকে এটি কেনে এবং পরবর্তীতে বাংলাদেশে বিক্রি করে।'

পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রি-সাইক্লিং ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক ও আমদানিকারক জহিরুল ইসলাম রিংকু বলেন, বাংলাদেশ শিপ রি-সাইক্লিং বোর্ডের কাছ থেকে অনাপত্তি সনদ (এনওসি) পাওয়ার পরই তারা আমদানি প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন। তিনি টিবিএসকে বলেন, 'জাহাজটি এখনো বুঝে না পাওয়ায় এলসির অর্থ ছাড় করা হয়নি। হাইকোর্টে একটি অ্যাডমিরালটি মামলা বিচারাধীন রয়েছে এবং আমরা এর নিষ্পত্তির জন্য অপেক্ষা করছি।'

জব্দ থেকে বাংলাদেশ পর্যন্ত যেভাবে এলো ট্যাংকারটি

২০০২ সালে নির্মিত এই তেলবাহী ট্যাংকারটি অতীতে 'বেলা ১' ও 'মারিনেরো' নামে পরিচিত ছিল। ভেনেজুয়েলা, ইরান ও রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট নিষিদ্ধ তেল পরিবহনের অভিযোগে মার্কিন ট্রেজারি বিভাগের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওফ্যাক) জাহাজটিকে কালো তালিকাভুক্ত করে।

২০২৬ সালের শুরুর দিকে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টার পর ট্যাংকারটি যুক্তরাষ্ট্রের বড় ধরনের নজরদারির মুখে পড়ে। টানা দুই সপ্তাহ তাড়া করার পর ২০২৬ সালের ৭ জানুয়ারি যুক্তরাজ্যের সহায়তায় আইসল্যান্ডের দক্ষিণে রাশিয়ার পতাকাবাহী জাহাজটি জব্দ করে মার্কিন বাহিনী।

পরবর্তীতে স্কটিশ জলসীমায় আটকে রাখার পর এপ্রিল মাসে এটি মেক্সিকো উপসাগরে নিয়ে যাওয়া হয়। মার্কিন কোস্ট গার্ডের নির্দেশ অমান্য করার অভিযোগে জাহাজটির ক্যাপ্টেন মার্কিন ফেডারেল আদালতে দোষ স্বীকার করেন। এরপর ট্যাংকারটির নাম পরিবর্তন করে রাখা হয় 'এম/টি এরা' এবং আফ্রিকার দ্বীপরাষ্ট্র কমোরোসের পতাকাবাহী করা হয়।

মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৩ ডিসেম্বর ওফ্যাকের জারি করা বিশেষ লাইসেন্সের অধীনে জাহাজটি নিষ্পত্তির অনুমোদন মেলে। বিচার বিভাগ ২০২৬ সালের ১২ মে 'এম/টি ভেরোনিকা' নামের আরেকটি ট্যাংকারসহ বেলা ১ জাহাজটি জিএমএসের কাছে বিক্রি করে। জিএমএস পরবর্তীতে জাহাজটি ভাঙার জন্য বাংলাদেশে বিক্রি করলে পিএইচপি শিপ ব্রেকিং এর ক্রেতা হিসেবে যুক্ত হয়।

রুশ কোম্পানির ১৩৩ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি

যুক্তরাষ্ট্রের বাজেয়াপ্ত ও নিলামে বিক্রির সিদ্ধান্তকে অগ্রাহ্য করে রাশিয়ার বুরেভেস্টমারিন এলএলসি বাংলাদেশ হাইকোর্টে মালিকানা চ্যালেঞ্জ করেছে। ২০২৬ সালের ৪৪ নম্বর অ্যাডমিরালটি মামলার মাধ্যমে প্রতিষ্ঠানটি জাহাজটির মালিকানা ঘোষণা, দখল ফিরে পাওয়া এবং ১ কোটি ৭ লাখ ৩১ হাজার ৯১৮ ডলার ৮৫ সেন্ট (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৩ কোটি টাকা) ক্ষতিপূরণ দাবি করেছে। প্রতিষ্ঠানটির দাবি, তারাই এই ট্যাংকারের বৈধ মালিক এবং জিএমএস থেকে পিএইচপির কাছে এটি বিক্রির প্রক্রিয়াটি অবৈধ।

অবৈধ তেল স্থানান্তরের অভিযোগ কোস্ট গার্ডের

এদিকে বাংলাদেশি জলসীমায় পৌঁছানোর পর অনুমোদনহীন তেল স্থানান্তর এবং বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনার অভিযোগে বাংলাদেশ কোস্ট গার্ডের কড়া নজরদারিতে পড়ে জাহাজটি।

কোস্ট গার্ডের নথি অনুযায়ী, ভারতীয় নাগরিক ক্যাপ্টেন সঞ্জয় বাদোনির নেতৃত্বে গত ১১ অক্টোবর জাহাজটি কুতুবদিয়া উপকূলে পৌঁছায়। তদন্তকারীদের অভিযোগ, জাহাজটি ট্র্যাকিং সিস্টেম বা অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) বন্ধ রেখে প্রয়োজনীয় অনুমতি ছাড়াই এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল খালাস করেছে।

গত ১৯ ও ২৩ অক্টোবর অভিযান চালিয়ে কোস্ট গার্ড দেখতে পায়, প্রায় ৭৫০ টন জ্বালানি তেল, তেলের গাদ (স্লাজ) ও বর্জ্য 'এম/টি হজরত ওমর কুরুনি' এবং 'এম/টি সীমা গিরি' নামের দুটি দেশীয় লাইটার জাহাজে স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া মূল ট্যাংকারে আরও প্রায় ২০০ টন জমাটবদ্ধ স্লাজ এবং ৫০ টন তৈলাক্ত নোংরা পানি ও অপরিশোধিত বর্জ্য পাওয়া গেছে। 

কোস্ট গার্ডের সতর্কবার্তা অনুযায়ী, এই ধরনের বিপজ্জনক উপাদানের অনিয়ন্ত্রিত খালাস উপকূলীয় পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি।

তবে এই অভিযোগ অস্বীকার করে রফিকুল ইসলাম বলেন, 'তেল ও স্লাজ স্থানান্তরের যে অভিযোগ আনা হয়েছে, তার কোনো ভিত্তি নেই।'

কাস্টমসের আইনি প্রক্রিয়া

ট্যাংকারটি এবং এর স্থানীয় শিপিং এজেন্ট আরএস শিপিং ও এইচএম শিপিংয়ের বিরুদ্ধে চট্টগ্রাম কাস্টমস হাউসও আলাদা আইনি প্রক্রিয়া শুরু করেছে।

গত ৪ নভেম্বরের এক বিজ্ঞপ্তিতে কাস্টমস কর্তৃপক্ষ জানায়, বন্দরে পৌঁছানোর ২৪ ঘণ্টার মধ্যে আমদানি সংক্রান্ত তথ্য (ইমপোর্ট ম্যানিফেস্ট) জমা দিতে ব্যর্থ হয়েছে জাহাজটি। এটি কাস্টমস আইন ২০২৩-এর ৪৮ ধারা এবং অ্যাসাইকুডা ওয়ার্ল্ড ব্যবস্থার নিয়ম লঙ্ঘন।

চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী কমিশনার ও মুখপাত্র শরীফ আল আমীন জানান, জাহাজ থেকে অনুমতি ছাড়া পণ্য বা সামগ্রী নামানোর মতো অপরাধের ক্ষেত্রে আইনে ২ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

সূত্র : দ্য বিজনেস স্ট্যান্ডার্ড 

  • সর্বশেষ