শিরোনাম
◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৬, ১২:৪৯ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২৬, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নদীভিত্তিক মাছের অভয়াশ্রম নিয়ে গবেষণা, ৩০.৯ শতাংশ এলাকা অনুপযোগী; উপযুক্ত মাত্র ৪.৯ শতাংশ

‘বাংলাদেশের তিনটি প্রধান নদী অববাহিকায় মাছের অভয়াশ্রম স্থাপনে অগ্রাধিকার নির্ধারণে ভূমির ব্যবহারগত পরিবর্তন, পানির গুণগত মান ও বহুমাত্রিক পরিবেশগত উপযোগিতার সমন্বিত বিশ্লেষণ’ শীর্ষক গবেষণাটি গত অক্টোবরে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী সায়েন্টিফিক রিপোর্টসে প্রকাশিত হয়।

দেশের গঙ্গা-পদ্মা, ব্রহ্মপুত্র-যমুনা ও বরাক-মেঘনা অববাহিকার ৩০ দশমিক ৯ শতাংশ এলাকাই মাছের অভয়াশ্রম স্থাপনের অনুপযোগী। ‘অধিক উপযোগী’ হিসেবে চিহ্নিত হয়েছে মাত্র ৪ দশমিক ৯ শতাংশ এলাকা। বাকি এলাকার বড় অংশেও অভয়াশ্রম স্থাপনের উপযোগিতা সীমিত। পানির গভীরতা ও মান, প্লাবনভূমির সঙ্গে নদীর সংযোগ, ভূমির ব্যবহার এবং মানুষের কর্মকাণ্ডের প্রভাব বিশ্লেষণ করে এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে। সূত্র: বণিক বার্তাকে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অ্যাকুয়াকালচার বিভাগের অধ্যাপক মো. আবদুস সালাম গবেষণা দলটির নেতৃত্ব দেন। গবেষণাপত্রের যোগাযোগের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক মুরাদ আহমেদ ফারুখ। গবেষণা দলের অন্য সদস্যরা হলেন একই ইনস্টিটিউটের অধ্যাপক আসাদুজ্জামান সরকার, মো. জাহিদুল হক ও মো. সাজ্জাদ হোসেন, এগ্রিকালচারাল এক্সটেনশন এডুকেশন বিভাগের অধ্যাপক ড. এম জুলফিকার রহমান, অ্যাকুয়াকালচার বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাহফুজুল হক এবং সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এমজি মোস্তফা আমিন। গবেষণায় অর্থায়ন করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।

গবেষণায় গঙ্গা-পদ্মা, ব্রহ্মপুত্র-যমুনা ও বরাক-মেঘনা অববাহিকার প্রায় ৩৫ হাজার বর্গকিলোমিটার নদী ও প্লাবনভূমি বিবেচনায় নেয়া হয়। এর মধ্যে ২১ হাজার ৫০০ বর্গকিলোমিটার এলাকায় ভূমির ব্যবহার ও আচ্ছাদনের পরিবর্তন বিশ্লেষণ করা হয়। আর মাছের অভয়াশ্রম স্থাপনের উপযোগিতা মূল্যায়ন করা হয় ২৫ হাজার ৩০০ বর্গকিলোমিটার এলাকায়। এ কাজে গবেষকরা সরজমিনে নমুনা সংগ্রহের পাশাপাশি ২০০০, ২০১০ ও ২০২০ সালের উপগ্রহচিত্র এবং বিভিন্ন গবেষণার তথ্য বিশ্লেষণ করেন।

Advertisement

গবেষণার জন্য তিনটি অববাহিকার ১২টি স্থান থেকে পানির নমুনা সংগ্রহ করা হয়। স্থানগুলো হলো সুনামগঞ্জের তাহিরপুর, কিশোরগঞ্জের ভৈরব, চাঁদপুরের হাইমচর, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী, টাঙ্গাইলের ভূঞাপুর, সিরাজগঞ্জের তাড়াশ, ময়মনসিংহ সদর, ঢাকার বুড়িগঙ্গা, চাঁপাইনবাবগঞ্জ সদর, রাজশাহীর গোদাগাড়ী, পাবনার ঈশ্বরদী ও রাজবাড়ীর গোয়ালন্দ।

বর্ষা মৌসুমে ২০২১ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এবং শুষ্ক মৌসুমে একই বছরের ডিসেম্বর থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়। গবেষকরা জানান, সংগৃহীত নমুনাগুলো প্রায় দুই বছর ধরে পরীক্ষাগারে পরীক্ষা করা হয়। অভয়াশ্রম স্থাপনের উপযোগিতা নির্ধারণে প্রতিটি এলাকাকে শূন্য থেকে ১-এর মধ্যে স্কোর দেয়া হয়। স্কোরের ভিত্তিতে এলাকাগুলোকে চার শ্রেণীতে ভাগ করা হয়েছে। দশমিক ৭৫ বা তার বেশি স্কোর পাওয়া এলাকা ‘অধিক উপযোগী’, দশমিক ৫০ থেকে দশমিক ৭৫-এর নিচে ‘মাঝারি উপযোগী’, দশমিক ২৫ থেকে দশমিক ৫০-এর নিচে ‘সীমিত উপযোগী’ এবং দশমিক ২৫-এর নিচে ‘অনুপযোগী’।

তিনটি অববাহিকার ২৫ হাজার ৩০০ বর্গকিলোমিটার এলাকা মূল্যায়ন করে গবেষকরা দেখেছেন, মাছের অভয়াশ্রম স্থাপনের জন্য মাত্র ১ হাজার ২৪৫ বর্গকিলোমিটার বা ৪ দশমিক ৯ শতাংশ এলাকা অধিক উপযোগী। মাঝারি উপযোগী এলাকা ৫ হাজার ৮৯০ বর্গকিলোমিটার বা ২৩ দশমিক ৩ শতাংশ। সবচেয়ে বড় অংশ, ১০ হাজার ৩৪০ বর্গকিলোমিটার বা ৪০ দশমিক ৯ শতাংশ, সীমিত উপযোগী। আর ৭ হাজার ৮২৫ বর্গকিলোমিটার বা ৩০ দশমিক ৯ শতাংশ এলাকা অভয়াশ্রম স্থাপনের অনুপযোগী।

গবেষকদের মতে, অধিক উপযোগী এলাকাগুলোতে সারা বছর পানি থাকে। সেখানে পানির গভীরতা তুলনামূলক বেশি, পানির মান সন্তোষজনক এবং প্লাবনভূমির সঙ্গে নদীর সংযোগ ভালো। মানুষের কর্মকাণ্ড থেকে সৃষ্ট দূষণ ও অন্যান্য প্রতিবন্ধকতাও এসব এলাকায় তুলনামূলক কম। অনুপযোগী এলাকা বেশি পাওয়া গেছে শহর ও শিল্পাঞ্চলে, অনুর্বর চরে এবং নদীর অবক্ষয়িত অংশে।

গবেষণা দলের প্রধান অধ্যাপক মো. আবদুস সালাম বলেন, ‘গবেষণায় দূষণ, শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ কমে যাওয়া এবং এর ফলে ছোট ছোট শাখা নদী মরে যাওয়ার তথ্য উঠে এসেছে। অনিয়ন্ত্রিত বালি উত্তোলনেও মাছের বসবাসের উপযোগী পরিবেশ নষ্ট হচ্ছে। দূষণের কারণে মাছের প্রাকৃতিক খাদ্য নষ্ট হচ্ছে। পানিতে ভারী ধাতুর উপস্থিতি ও অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার তথ্যও পেয়েছি। এসব কারণে মাছের প্রাকৃতিক আবাসস্থল সংকুচিত হচ্ছে।’ সরকারি বিভিন্ন সংস্থার নির্মিত সেতু ও কালভার্টের কারণে ছোট নদীর পানিপ্রবাহ কমে যাওয়া এবং কিছু নদী মরে যাওয়ার তথ্যও পেয়েছেন বলেও জানান তিনি।

স্থানীয়ভাবে দূষণের পাশাপাশি প্রতিবেশী দেশের কারখানার বর্জ্যও নদীতে মিশছে জানিয়ে আবদুস সালাম বলেন, ‘ভারতের ত্রিপুরার শিল্প-কারখানার দূষণ গোমতী নদী হয়ে মেঘনায় পড়ার তথ্য পেয়েছি। মার্চের শেষ নাগাদ পানি কমে যায়, ফলে ওই সময়ে এবার মাছের মড়ক দেখা গেছে। এটি ২০২২ সালে প্রথম দেখা গিয়েছিল। এসব বর্জ্য অনেক ভারী। ফলে নদীর তলদেশ দিয়ে প্রবাহিত হয়। আর পানির তলদেশে বিচরণকারী মাছ বেশি আক্রান্ত হচ্ছে।’

২০০০ থেকে ২০২০ সালের উপগ্রহচিত্র বিশ্লেষণ করে নদী ও প্লাবনভূমি এলাকায় পানির বিস্তৃতি ও উদ্ভিদের আচ্ছাদনে উল্লেখযোগ্য পরিবর্তন পেয়েছেন গবেষকরা। এ সময়ে বর্ষায় পানির বিস্তৃতি কমেছে ১ দশমিক ৫ শতাংশ এবং উদ্ভিদ আচ্ছাদিত এলাকা কমেছে ১২ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে শুষ্ক মৌসুমে উদ্ভিদ আচ্ছাদিত এলাকা বেড়েছে ২৫ শতাংশ।

গবেষকদের মতে, বর্ষায় নদীর পানি আশপাশের প্লাবনভূমি, জলাভূমি ও নিচু এলাকায় ছড়িয়ে পড়লে মাছের বিচরণ ও প্রজনন এবং পোনার বেড়ে ওঠার পরিবেশ তৈরি হয়। পানির বিস্তৃতি কমে এসব এলাকার সঙ্গে নদীর সংযোগ বিচ্ছিন্ন হলে মাছের প্রাকৃতিক আবাসস্থল সংকুচিত হওয়ার ঝুঁকি থাকে।

পানির মানের অবনতিকে মাছের আবাসস্থলের অন্যতম প্রতিবন্ধক হিসেবে চিহ্নিত করেছেন গবেষকরা। পানির গুণগত মান সূচক (ডব্লিউকিউআই) অনুযায়ী, বিভিন্ন স্থান ও মৌসুমের মোট পর্যবেক্ষণের ৩৭ দশমিক ৫ শতাংশে পানির মান খারাপ, অত্যন্ত খারাপ বা অনুপযোগী ছিল। দ্রবীভূত অক্সিজেনের মাত্রা প্রায়ই প্রতি লিটারে ৫ মিলিগ্রামের (আদর্শ ধরা হয় ৫-৮ গ্রামকে) নিচে ছিল। কয়েকটি স্থানে ভারী ধাতুর ঘনত্বও নির্ধারিত নির্দেশক মাত্রা ছাড়িয়েছে।

শুষ্ক মৌসুমে পানির মান আরো খারাপ ছিল। এ মৌসুমে ১২টি পর্যবেক্ষণ কেন্দ্রের ছয়টিতে পানির মান ভালো, পাঁচটিতে খারাপ ও একটিতে অনুপযোগী ছিল। সবচেয়ে খারাপ অবস্থা পাওয়া গেছে ঢাকার নমুনা সংগ্রহস্থলে। শুষ্ক মৌসুমে ফসফেটের মাত্রা বেড়েছে। এ মৌসুমে ৬৭ শতাংশ পর্যবেক্ষণস্থলে মাঝারি থেকে উচ্চমাত্রার ইউট্রোফিকেশনের ঝুঁকি পাওয়া গেছে। বর্ষায় এ হার ছিল ৩৩ শতাংশ।

ভারী ধাতুর দূষণ বেশি পাওয়া গেছে ঢাকা-ময়মনসিংহ করিডোর, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের নদী অংশ ও ভৈরবের শিল্পাঞ্চলে। গবেষকদের মতে, শিল্পবর্জ্য, অপরিশোধিত পয়োবর্জ্য, কৃষিজমি থেকে ধুয়ে আসা রাসায়নিক এবং নগর বর্জ্য নদীর পানির মান খারাপ করছে।

তিন অববাহিকায় মাছের অভয়াশ্রম স্থাপনে আটটি স্থানকে অগ্রাধিকার দিয়েছেন গবেষকরা। এর মধ্যে বরাক-মেঘনা অববাহিকার তাহিরপুরের লাতিফপুর সবচেয়ে উপযোগী। এর উপযোগিতা স্কোর দশমিক ৮৭। একই অববাহিকায় ভৈরবের দিকচর ও মরা নদীকেও সম্ভাবনাময় হিসেবে চিহ্নিত করা হয়েছে। গঙ্গা-পদ্মা অববাহিকার গোয়ালন্দের কুশারহাটাকুল ও ক্যানালঘাটা এবং ঈশ্বরদীর পাতিবিলও অধিক উপযোগী। ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকায় অগ্রাধিকার পেয়েছে ময়মনসিংহের মরিচার চর ও তাড়াশের মাকরশোন।

গবেষকরা এসব স্থানে কয়েকটি প্রতিবন্ধকতাও চিহ্নিত করেছেন। এর মধ্যে রয়েছে মরিচার চরে নগর দূষণ, মাকরশোনে পলি জমা, কুশারহাটাকুলে কৃষিজমি থেকে আসা বর্জ্য, ক্যানালঘাটায় নৌযান চলাচল, পাতিবিলে কৃষি উপকরণের প্রভাব, দিকচরে কৃষিজ দূষণ ও মরা নদীতে ভাঙন।

গবেষক অধ্যাপক মুরাদ আহমেদ ফারুখ বলেন, ‘গবেষণায় নদীর বেশ কয়েকটি স্থানে পানির মান খারাপ, তাপমাত্রা বেশি কিংবা অক্সিজেনের মাত্রা কম পাওয়া গেছে। বুড়িগঙ্গায় অক্সিজেনের মাত্রা এতটাই কম ছিল যে শুষ্ক মৌসুমে সেখানে সাকার মাছও কম পাওয়া গেছে। চাঁদপুরে পানির তাপমাত্রা ও দূষণ দুটোই বেশি ছিল। ৩০ বছরের বেশি সময় ধরে মাছ ধরছেন এমন জেলেরা জানিয়েছেন, আগে যেসব জায়গায় ইলিশ পেতেন, তার কয়েকটিতে এখন আর পান না। নদীর পরিবেশে এসব পরিবর্তনের কারণেই এমনটা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘পানিপ্রবাহ নিয়েও উদ্বেগ আছে। কিছু শাখা নদী মরে যাওয়ার পথে। পাঁচ বছর পর হয়তো সেগুলোর অস্তিত্বই থাকবে না। তবে আটটি স্থানে মাছের জন্য ভালো পরিবেশ পেয়েছি। সেগুলো অভয়াশ্রম হিসেবে সংরক্ষণের সুপারিশ করেছি। ড্রেনিং ও দূষণ কমানোর মতো উদ্যোগ নিলে নদীতে মাছের পরিমাণ বাড়বে।’

গবেষকরা তিন অববাহিকার জন্য আলাদা ব্যবস্থাপনার সুপারিশ করেছেন। ব্রহ্মপুত্র-যমুনায় নদীর গতিশীলতা বজায় রাখা ও জলজ আশ্রয়স্থল সংরক্ষণ, গঙ্গা-পদ্মায় প্লাবনভূমির সঙ্গে নদীর সংযোগ পুনরুদ্ধার এবং বরাক-মেঘনায় বিদ্যমান ভালো মানের জলজ আবাসস্থল সংরক্ষণে গুরুত্ব দিতে বলেছেন তারা। মাঝারি ও সীমিত উপযোগী এলাকাগুলোও পুনরুদ্ধারের মাধ্যমে অভয়াশ্রমের উপযোগী করা সম্ভব।

এজন্য পানিদূষণ নিয়ন্ত্রণ, নদী ও প্লাবনভূমির সংযোগ বজায় রাখা, শিল্পবর্জ্য ব্যবস্থাপনা ও পয়োনিষ্কাশনের উন্নয়ন এবং কৃষিজমি থেকে নদীতে দূষিত পানির প্রবাহ কমানোর সুপারিশ করেছেন তারা। গবেষকদের মতে, মাছের অভয়াশ্রম স্থাপন ও সংরক্ষণে পানির উপস্থিতি ও গভীরতার পাশাপাশি নদীর প্রাকৃতিক প্রবাহ, প্লাবনভূমির সঙ্গে সংযোগ, পানির মান এবং মানুষের কর্মকাণ্ডের প্রভাবও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ফিশারিজ বিভাগের অধ্যাপক মোহা. ইয়ামিন হোসেন বলেন, ‘নদীর মোহনাগুলোতে দূষণ, পলি জমা এবং পানিপ্রবাহ কমে গেছে। ফলে মাছের বিচরণ স্থান সংকুচিত হয়েছে। একই সঙ্গে দূষণের কারণে মাছের প্রাকৃতিক খাদ্য নষ্ট হচ্ছে। ফলে মাছ এসব জায়গায় থাকছে না। সেজন্য নদীর মোহনাগুলোতে ড্রেজিংয়ের মাধ্যমে পানির প্রবাহ বাড়াতে হবে। একই সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য যেন নদীর পানিতে না মেশে সেটি নিশ্চিত করতে হবে। এটি করতে পারলে মাছের আধিক্য বাড়বে।’

  • সর্বশেষ