স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের আগে পেস বোলিং আক্রমণে আরও বিকল্প যোগ করেছে অস্ট্রেলিয়া। স্কোয়াডে নতুন করে যুক্ত হয়েছেন হেনরি থর্নটন। এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
এর আগে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল রাইলি মেরেডিথকে। ফলে সিরিজ শুরুর আগে পেস বিভাগে শক্তি বাড়াল অস্ট্রেলিয়া।
২৯ বছর বয়সী থর্নটনের সামনে এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের হাতছানি। ঘরোয়া ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়া এই পেসার জাতীয় দলের হয়ে এখনো টি-টোয়েন্টি খেলার সুযোগ পাননি। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে সুযোগ পেলে সেটিই হবে তার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পথচলা শুরু।
এর আগে চোটের কারণে নাথান এলিস ছিটকে যাওয়ায় তার জায়গায় দলে নেওয়া হয় বেন ডোয়ারশুইসকে। এরপর রাইলি মেরেডিথ ও হেনরি থর্নটনকে যুক্ত করায় সিরিজের আগে অস্ট্রেলিয়ার পেস আক্রমণে বিকল্প বেড়েছে।
২১ নভেম্বর মেলবোর্নে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে পাঁচ ম্যাচের সিরিজ। পরের ম্যাচগুলো হবে ২৩, ২৬, ২৮ নভেম্বর ও ২ ডিসেম্বর। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্যানবেরায়।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), স্যাম হার্পার, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, লাচলান শ, টিম ডেভিড, মিচ ওয়েন, জ্যাক এডওয়ার্ডস, নিখিল চৌধুরী, জোয়েল ডেভিস, জাভিয়ের বার্টলেট, বেন ডোয়ারশুইস, স্পেন্সার জনসন, হেনরি থর্নটন, রাইলি মেরেডিথ, মাহলি বিয়ার্ডম্যান ও অ্যাডাম জাম্পা।