স্পোর্টস ডেস্ক: জয়ের জন্য লক্ষ্যটা ছিল ২২০ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারালেও শেষ পর্যন্ত কোনো বিপদই হতে দেননি অধিনায়ক সাইফ হাসান ও ইয়াসির আলী। দুজনের দায়িত্বশীল ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে হংকংকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের যাত্রা জয় দিয়ে শুরু করল বাংলাদেশ এ' দল।
দোহায় টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাইফ। শুরুতেই সেই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন বোলাররা। পঞ্চম ওভারে জিসান আলীকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন সাইফ। এরপর বাবর হায়াতকে ১০ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ইকবাল হোসেন ইমন। সাইফের শিকার হন রিয়ানশ শর্মাও।
তবে চতুর্থ উইকেটে আংশুমান রাথ ও আব্দুল সামাদের ১২৭ রানের জুটি প্রতিরোধ গড়ে তোলে। রাথ ৭৬ রান করে ফিরতেই আবারও ছন্দ হারায় হংকং। দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায় তাদের। শেষ পর্যন্ত ৮ উইকেটে ২১৯ রান সংগ্রহ করে হংকং। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন ইকবাল হোসেন ইমন।
জবাবে ব্যাট করতে নেমে ২৩ রানেই পারভেজ হোসেন ইমনের উইকেট হারায় বাংলাদেশ। এরপর শাহাদাত হোসেনকে সঙ্গে নিয়ে ৮৪ রানের জুটি গড়েন সাইফ। শাহাদাতের ৪৩ রানের ইনিংস থামলেও থামেনি সাইফের ব্যাট।
ইয়াসির আলীকে সঙ্গে নিয়ে জয়ের বাকি পথ পাড়ি দেন সাইফ। ১১৬ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন সাইফ। অন্যপ্রান্তে ব্যাট হাতে ঝড় তোলেন ইয়াসির আলী। পাঁচটি ছক্কা ও তিনটি চারে মাত্র ৫১ বলে ৭১ রানের অপরাজিত এক ইনিংস খেলেন এই টাইগার হার্ডহিটার। শেষদিকে টানা তিন বলে তিন ছক্কা হাঁকিয়ে জয়ের পথ আরও সহজ করেন ইয়াসির। শেষ পর্যন্ত ৪১ ওভারে ২ উইকেট হারিয়ে ২২০ রান করে ৮ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ। -- ডেইলি ক্রিকেট