মনিরুল ইসলাম : দেশকে অস্থিতিশীল করা, নাশকতা সৃষ্টি কিংবা হত্যাকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, পরাজিত শক্তি বিভিন্নভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তবে এ ধরনের কর্মকাণ্ড মোকাবিলায় সরকার অত্যন্ত দৃঢ় অবস্থানে রয়েছে। তিনি বলেন, ১৪ শত মানুষকে হত্যা করেও মিটেনি আওয়ামীলীগের রক্তপিপাসা। তারা অগ্নি সন্ত্রাস করে চলেছে। মানুষ হত্যা করছে। এটা মেনে নেওয়া যায় না।
আজ বৃহস্পতিবার রাতে যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকারের সময়ে দেশে আগের মতো গুম, খুন কিংবা ক্রসফায়ারের সংস্কৃতি নেই। মানুষ এখন অনেকটা ভয়হীন পরিবেশে চলাফেরা করতে পারছে। শিক্ষার্থীদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক ধারার সূচনা হয়েছে, সেই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। সরকার জনগণের কাছে জবাবদিহির ভিত্তিতে কাজ করছে।
সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্মার্ট হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচিও এগিয়ে নেওয়া হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়নে কাজ করছে সরকার।
জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, সনদ বাস্তবায়ন নিয়ে যেসব আপত্তি বা নোট অব ডিসেন্ট রয়েছে, সেগুলো আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা হবে। এ জন্য জাতীয় সংসদে বিরোধী দলের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতার ঘটনা উল্লেখ করে রিজভী অভিযোগ করেন, নড়াইলের কালিয়া ও ফরিদপুরের ভাঙ্গায় দলীয় নেতাকর্মীদের হত্যাকাণ্ডের পাশাপাশি গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে পরিকল্পিতভাবে দেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে।
তিনি বলেন, একটি মহল নাশকতা ও হত্যাকাণ্ডের মাধ্যমে মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে দিতে চায়। কিন্তু দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার কোনো সুযোগ দেওয়া হবে না। পরিস্থিতি সহ্যের সীমা অতিক্রম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
এ ছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু। সভায় যশোর জেলা বিএনপি এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।