স্পোর্টস ডেস্ক: সংবাদ সম্মেলনে একই প্রশ্ন বারবার করায় সাংবাদিকদের ওপর মেজাজ হারালেন পাকিস্তানের কোচ মাইক হেসন। ধৈর্যের বাধ ভেঙে যাওয়ায় বিরক্তি প্রকাশ করেন তিনি। সেই সাথে বাবর আজমকে বাদ দিয়ে পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করার আহ্বান জানান হেসন।
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ব্যাট হাতে বড় রান করতে পারছেন না বাবর। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫০ রানের পর দ্বিতীয় ইনিংসে ডানহাতি এই ব্যাটার করেন ৩৪ রান। তবে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে এক অঙ্কের ঘরেই ফেরেন বাবর। লাহিরু কুমারার বলে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে মাত্র ৮ রান। সব মিলিয়ে চলমান টেস্ট সিরিজে তিন ইনিংসে তার রান ৯২।
শুধু টেস্ট সিরিজ নয়, বাবরের পারফরম্যান্সের প্রভাব পড়েছে আগামী বছরে হতে যাওয়া বিশ্বকাপের পরিকল্পনাকে ঘিরেও। তবে এসব নিয়ে একদমই ভাবছেন না পাকিস্তানের কোচ মাইক হেসন। বারবার বাবরকে নিয়ে প্রশ্ন করায় তিনি বলেন, ‘সত্যি বলতে, এসব প্রশ্নে আমি বিরক্ত। প্রতিটি সংবাদ সম্মেলনেই আপনি একই প্রশ্ন করেন। টেস্ট ক্রিকেটে বাবরের গড় প্রায় ৫০। তাই তাকে নিয়ে আমরা মোটেও চিন্তিত নই। আগেরবার যে উত্তর দিয়েছিলাম, এবারও সেটাই বলবো।
বাবরকে নিয়ে বারবার প্রশ্ন না করে, মাঠের খেলায় পাকিস্তান কেমন করছে সেটি নিয়ে প্রশ্ করার অনুরোধ করেন হেসন। তিনি বলেন, ‘প্রতিবার একই প্রশ্ন করা বন্ধ করে আমরা কি চলমান ক্রিকেট নিয়ে কথা বলতে পারি? পাকিস্তান এখানে ভালো ক্রিকেট খেলছে। তাহলে সেটি নিয়েই আলোচনা শুরু করি না কেন? পরের প্রশ্ন, দয়া করে।
এদিকে রাওয়ালপিন্ডি টেস্টে ভালো অবস্থানে আছে পাকিস্তান। প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ৯৮ রানে অলআউট করে দেওয়ার পর ৩২৫ রান করে স্বাগতিকরা। পাকিস্তান পায় ২২৭ রানের লিড।