স্পোর্টস ডেস্ক : আইপিএল শুরুর আগেই মালিকানায় পরিবর্তন আসছে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর)। তবে পুরো ফ্র্যাঞ্চাইজি নয়, বিক্রি হচ্ছে ২২.৫ শতাংশ মালিকানা। দলের অন্যতম মালিক জয় মেহতা তাঁর অংশীদারির অর্ধেক বিক্রি করছেন মার্কিন বিনিয়োগকারী সংস্থা অ্যারেস ম্যানেজমেন্টের কাছে।
ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ৪০ কোটি মার্কিন ডলারে (প্রায় ৩ হাজার ৭৪২ কোটি টাকা) এই শেয়ার কিনছে অ্যারেস ম্যানেজমেন্ট। পুরো অর্থই নগদে পরিশোধের কথা রয়েছে। চুক্তিটি এখন চূড়ান্ত হওয়ার অপেক্ষায়। এই লেনদেনের ভিত্তিতে কেকেআরের মোট বাজারমূল্য দাঁড়াচ্ছে প্রায় ১৭৮ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ হাজার কোটি টাকার বেশি।
বর্তমানে নাইট রাইডার্সের ৪৫ শতাংশ মালিকানা রয়েছে জয় মেহতার হাতে। তাঁর সেই অংশের অর্ধেকই যাচ্ছে অ্যারেসের কাছে। অন্যদিকে, ফ্র্যাঞ্চাইজিটির সংখ্যাগরিষ্ঠ ৫৫ শতাংশ মালিকানা থাকছে বলিউড তারকা শাহরুখ খানের হাতে। সহ-মালিক হিসেবে থাকছেন জুহি চাওলাও।
চুক্তি অনুযায়ী, বিক্রয়মূল্যের ৫ শতাংশ পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই হিসাবে বোর্ডের কোষাগারে জমা পড়বে প্রায় ২ কোটি ডলার বা ২০০ কোটি টাকা।
২০০৭ সালে আইপিএলের প্রথম আসরের জন্য ফ্র্যাঞ্চাইজি বরাদ্দের সময় শাহরুখ খান, জয় মেহতা ও জুহি চাওলা একসঙ্গে গড়ে তোলেন কলকাতা নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড। সেই থেকে কেকেআরের মালিকানায় যুক্ত এই তিন প্রোমোটার।
ক্রিকেট ও ফুটবলে অ্যারেসের বিনিয়োগ
যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগকারী সংস্থা অ্যারেস ম্যানেজমেন্ট বিশ্ব ক্রীড়াঙ্গনে নিজেদের বিনিয়োগের পরিধি বাড়াচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি ও যুক্তরাষ্ট্রের এনএফএল দল মায়ামি ডলফিনসের সঙ্গে তাদের বিনিয়োগ-সম্পর্ক রয়েছে।
ক্রিকেটেও তাদের উপস্থিতি আছে। ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর দল ট্রেন্ট রকেটসের সহ-মালিকানায় রয়েছে অ্যারেস। এ ক্ষেত্রে তাদের অংশীদার কেইন ইন্টারন্যাশনাল।
কেকেআরের শেয়ার কেনার মধ্য দিয়ে ক্রিকেটে বিনিয়োগ আরও বিস্তৃত হচ্ছে মার্কিন এই সংস্থার। ফলে আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজিটির মালিকানায় যুক্ত হচ্ছে নতুন আন্তর্জাতিক বিনিয়োগকারী।