আল-জাজিরা: ব্রাজিলের আমাজন রেইনফরেস্টের দুর্গম এলাকায় বসবাসকারী বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী ‘আওয়া’র বিরল কিছু ছবি প্রকাশ্যে এসেছে। বন উজাড়, অবৈধ শিকারি, কাঠ পাচারকারী ও গবাদিপশুর খামারিদের ক্রমবর্ধমান আগ্রাসনে জনগোষ্ঠীটির অস্তিত্ব হুমকির মুখে পড়েছে বলে সতর্ক করেছেন আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনের কর্মীরা।
মঙ্গলবার ছবিগুলো প্রকাশ করে যুক্তরাজ্যভিত্তিক আদিবাসী অধিকারবিষয়ক সংগঠন সারভাইভাল ইন্টারন্যাশনাল।
সংগঠনটি জানায়, এটি একটি ‘ঐতিহাসিক সাক্ষাৎ’। সোমবার ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় মারানহাও রাজ্যে সরকারি একটি দলের সঙ্গে বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠীর প্রায় ২০ জন সদস্যের এই সাক্ষাৎ হয়। এ সময় তারা খাবার চেয়েছিলেন।
ব্রাজিলের আদিবাসীবিষয়ক সরকারি সংস্থা ফুনাইয়ের তথ্য অনুযায়ী, আওয়া জনগোষ্ঠী মূলত মারানহাও রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলে বসবাস করে। তারা টুপি-গুয়ারানি ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। এই জনগোষ্ঠীর একটি অংশ এখনো বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ না করে স্বেচ্ছায় বিচ্ছিন্ন জীবনযাপন করছে।
বার্তা সংস্থা রয়টার্সকে ফুনাই জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও বিভিন্ন তথ্য পর্যালোচনা করা হচ্ছে। এসব ভিডিওতে আরারিবোইয়া আদিবাসী ভূমির একটি গ্রামের মানুষের সঙ্গে বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠীর সদস্যদের যোগাযোগ করতে দেখা গেছে। তবে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের কোনো উদ্যোগ নিচ্ছে না ব্রাজিল সরকার। বিচ্ছিন্ন আদিবাসীদের ক্ষেত্রে দেশটির প্রচলিত নীতিই হলো তাদের সঙ্গে জোরপূর্বক যোগাযোগ না করা।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সরকারি প্রবেশ নিয়ন্ত্রণকেন্দ্র এবং তাওয়ারি গ্রামের কাছাকাছি আওয়া জনগোষ্ঠীর লোকেরা বাইরে বেরিয়ে আসে। গ্রামটিতে গুয়ারাজারা আদিবাসীদের বসবাস। গুয়ারাজারা সম্প্রদায়ের সদস্যরাই ভিডিও ধারণ করেন।
সারভাইভাল ইন্টারন্যাশনাল জানিয়েছে, অবৈধ কাঠুরে ও খামারিদের বিরুদ্ধে আন্দোলনকারী আদিবাসী সংগঠন ‘গার্ডিয়ানস অব দ্য আমাজন’-এর অনুরোধে তারা ভিডিওগুলো প্রকাশ করেছে।
বন ধ্বংসে সংকুচিত হচ্ছে বসবাসের জায়গা
সারভাইভাল ইন্টারন্যাশনালের পরিচালক ক্যারোলিন পিয়ার্স বলেন, বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠী তাদের ভূখণ্ডের চারপাশ থেকে আসা অনুপ্রবেশকারীদের কারণে চরম চাপের মুখে রয়েছে। এসব অনুপ্রবেশের ফলে তারা আমাজনের ক্রমেই ছোট হয়ে আসা একটি বনাঞ্চলে আটকে পড়ছে। চারপাশে চলছে বন ধ্বংস।
মারানহাওর আদিবাসী জনগোষ্ঠীর সংগঠন কোয়াপিমা জানায়, এ ধরনের সাক্ষাতের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে। কারণ, পরিকল্পনাহীন যোগাযোগ বিচ্ছিন্ন জনগোষ্ঠীর জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে বাইরের মানুষের সংস্পর্শে এসে নতুন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
গত কয়েক দশকে আমাজন অঞ্চলের বিভিন্ন বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী অবৈধ খনি শ্রমিক, কাঠুরে ও গবাদিপশুর খামারিদের আগ্রাসনের মুখে পড়েছে। বাইরের মানুষের সঙ্গে যোগাযোগের পর অনেক জনগোষ্ঠীর সদস্য প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়েছেন।
এর একটি ভয়াবহ উদাহরণ কলম্বিয়ার নুকাক আদিবাসী জনগোষ্ঠী। ১৯৮০-এর দশকে বহিরাগতদের সংস্পর্শে আসার পর রোগে আক্রান্ত হয়ে তাদের প্রায় ৪০ শতাংশ সদস্য মারা যান।
নুকাক জনগোষ্ঠী নিয়ে আলজাজিরার এক প্রতিবেদনে সারভাইভাল ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ গবেষক তেরেসা মায়ো বলেন, বন না থাকলে বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠীরও অস্তিত্ব থাকে না।
বিশেষজ্ঞদের মতে, আমাজনের বনাঞ্চল রক্ষা করা শুধু পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং হাজার বছর ধরে সেখানে বসবাস করে আসা আদিবাসী জনগোষ্ঠীর জীবন, সংস্কৃতি ও অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যও অপরিহার্য।