রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা বাংলাদেশের জন্য বড় দায়িত্ব হয়ে উঠবে। কেন্দ্রের চুল্লিতে ব্যবহারের পর বের হওয়া পারমাণবিক জ্বালানি রাশিয়ায় ফিরিয়ে নেওয়ার চুক্তি থাকলেও বিদ্যুৎকেন্দ্রের পরিচালনায় তৈরি হওয়া অন্যান্য তেজস্ক্রিয় বর্জ্য সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও নিরাপদ ব্যবস্থাপনার দায়িত্ব বাংলাদেশেরই।
জানা যায়, ব্যবহৃত পারমাণবিক জ্বালানি থেকে দীর্ঘ সময় তেজস্ক্রিয়তা নির্গত হয়। বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে ২০১৭ সালের ৩০ আগস্ট সই হওয়া চুক্তি অনুযায়ী, রূপপুরের ব্যবহৃত জ্বালানি রাশিয়ায় ফিরিয়ে নেওয়া হবে। সেখানে তা পুনঃপ্রক্রিয়াজাত ও ব্যবস্থাপনার কথা রয়েছে। তবে চুল্লি থেকে বের করার পরপরই এসব জ্বালানি রাশিয়ায় পাঠানো সম্ভব নয়। নির্দিষ্ট সময় নিরাপদ স্থানে সংরক্ষণ ও শীতল করার পর বিশেষ ব্যবস্থায় তা পরিবহন করতে হবে।
অন্যদিকে, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত পরিচালনায় তরল, কঠিন ও গ্যাসীয় বিভিন্ন ধরনের নিম্ন ও মধ্যম মাত্রার তেজস্ক্রিয় বর্জ্য তৈরি হবে। এসব বর্জ্য সংগ্রহ, পৃথক্করণ, প্রক্রিয়াজাতকরণ, বিশেষ পাত্রে সংরক্ষণ এবং নিরাপদ ব্যবস্থাপনার দায়িত্ব বাংলাদেশের। এ লক্ষ্যে রূপপুর প্রকল্পে তরল তেজস্ক্রিয় বর্জ্য শোধন ও কঠিন বর্জ্য প্রক্রিয়াজাত করার জন্য বিশেষায়িত যন্ত্রপাতি সরবরাহের চুক্তিও হয়েছে।
তেজস্ক্রিয় বর্জ্য ও ব্যবহৃত পারমাণবিক জ্বালানি ব্যবস্থাপনার জন্য ২০১৯ সালে জাতীয় নীতি অনুমোদন করা হয়। এর মাধ্যমে এ-সংক্রান্ত ব্যবস্থাপনার কাঠামো নির্ধারণ করা হয়েছে।
তবে ব্যবহৃত পারমাণবিক জ্বালানি রাশিয়ায় ফেরত পাঠানোর চুক্তি থাকলেও দেশে উৎপন্ন অন্যান্য তেজস্ক্রিয় বর্জ্যের দীর্ঘমেয়াদি সংরক্ষণ ও চূড়ান্ত নিষ্পত্তির ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা, দক্ষ জনবল তৈরি, নিয়ন্ত্রক সংস্থার তদারকি এবং বর্জ্য ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করতে হবে। এসব ব্যবস্থার কার্যকর বাস্তবায়নের ওপরই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনার বড় দায়িত্ব পালনের বিষয়টি নির্ভর করবে।