শিরোনাম
◈ মোহাম্মদপুর-ধানমন্ডি-সবুজবাগে মনোরেল চালুর পরিকল্পনা, যানজট কমাতে ৫০ পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে এশিয়া কাপ ব্লাইন্ড ক্রিকে‌টের ফাইনালে ভারত ◈ ৩১শে ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত ক‌রে‌ছেন উচ্চ আদালত ◈ ভুয়া ভিসা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ◈ পুলিশ-বিজিবির গাড়ি থেকে এমপির বাড়িতে আগুন, কীভাবে উত্তপ্ত হলো টুঙ্গিপাড়া? ◈ আওয়ামী লীগ ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে: রিজভী ◈ জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ, সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্টের রিপোর্ট ◈ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ০৭:০৭ বিকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬, ০৭:০৭ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

মোহাম্মদপুর-ধানমন্ডি-সবুজবাগে মনোরেল চালুর পরিকল্পনা, যানজট কমাতে ৫০ পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

মনিরুল ইসলাম: রাজধানী ঢাকার অসহনীয় যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক করতে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে রাজধানীর ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পুরোপুরি চালু করার পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর যানজট পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে আশা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার  ১৮ নভেম্বর জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।

সংসদ সদস্য মো. আবুল কালাম বলেন, যানজটের কারণে দেশে প্রতিবছর ৩৭ হাজার কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হচ্ছে। যানজটে মানুষের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি অতিরিক্ত জ্বালানি ব্যয় হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে রাজধানীর সব প্রধান সড়ক এবং দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোকে এআই প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার আওতায় আনার বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এ বিষয়ে নতুন করে নির্দেশনা দেওয়ার প্রয়োজন নেই। কারণ, সংশ্লিষ্ট বিভাগকে প্রায় তিন মাস আগেই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এআই ক্যামেরাসম্পন্ন আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপনের কাজ চলছে।

Advertisement

প্রধানমন্ত্রী জানান, রাজধানীর বিভিন্ন স্থানে ইতোমধ্যে নতুন সিগন্যাল লাইট স্থাপন করতে দেখা যাচ্ছে। তবে সেগুলো এখনো পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করেনি। সরকারের প্রত্যাশা, আগামী দুই মাসের মধ্যেই এসব এআই সিগন্যাল ব্যবস্থা পুরোপুরি সচল হবে।

তিনি বলেন, এআই প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা সম্ভব হবে। এতে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও যানজট ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।

যানজট কিছুটা স্বাভাবিক, কমাতে কাজ করছে সরকার

বিশ্বের অন্যান্য জনবহুল ও বড় রাজধানী শহরের যানজট পরিস্থিতির উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বড় শহরগুলোতেও সকালে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান শুরুর সময় এবং বিকেলে ছুটির সময়ে দুই থেকে চার ঘণ্টা পর্যন্ত যানজট দেখা যায়। বাংলাদেশেও এ ধরনের পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে।

তবে রাজধানীবাসীর এই ভোগান্তি যতটা সম্ভব কমিয়ে আনতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানান তিনি। আধুনিক প্রযুক্তির ব্যবহার, গণপরিবহন ব্যবস্থার সম্প্রসারণ এবং পরিকল্পিত যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে যানজট নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

মেট্রোরেলের পাশাপাশি আসছে মনোরেলের পরিকল্পনা

রাজধানীর যানজট নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, ইতোমধ্যে কয়েকটি রুটে মেট্রোরেল চলাচল করছে। বাকি রুটগুলোর কাজও দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সময়সাশ্রয়ী করতে মনোরেল চালুর বিষয়েও সরকার চিন্তাভাবনা করছে।

মনোরেলের বিশেষ সুবিধা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এটি তুলনামূলক কম জায়গা ব্যবহার করে চলাচল করতে পারে। সরু জায়গার মধ্য দিয়েও এ ধরনের রেলব্যবস্থা নির্মাণ ও পরিচালনার সুযোগ রয়েছে। ফলে রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকার ভেতর দিয়েও মনোরেল চালানোর সম্ভাবনা রয়েছে।

এ প্রসঙ্গে তিনি মোহাম্মদপুর, ধানমন্ডি ও সবুজবাগের মতো এলাকার কথা উল্লেখ করেন। এসব এলাকার অভ্যন্তরীণ সড়ক ও ঘনবসতিপূর্ণ অঞ্চলে মনোরেল চালু করা সম্ভব হলে নগরবাসীর যাতায়াতে নতুন সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন তিনি।

প্রযুক্তিনির্ভর পরিবহন ব্যবস্থার দিকে ঢাকা

রাজধানীর ক্রমবর্ধমান জনসংখ্যা ও যানবাহনের চাপ সামাল দিতে শুধু সড়ক সম্প্রসারণ নয়, বরং বিকল্প গণপরিবহন এবং প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

৫০টি পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যাল চালু এবং মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর পরিকল্পনা বাস্তবায়িত হলে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হতে পারে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোকে দ্রুত গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনা গেলে ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমানো এবং মানুষের কর্মঘণ্টা সাশ্রয়ের সুযোগ তৈরি হবে।

  • সর্বশেষ