গয়না, ঝকঝকে রুপার তৈজসপত্র, সোফা এবং একটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি)। বিয়ের তিন মাস পর পাকিস্তানের পাঞ্জাবের গ্রামাঞ্চলে ফয়সাল শাহজাদের বাড়ি কনের পরিবার থেকে যৌতুক হিসেবে পাওয়া নানা উপহারে ভরপুর। তবে এসবের মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদটি যত্নে রাখা আছে খাটের নিচে—একটি ৩৪০ ওয়াটের সোলার প্যানেল।
শাহজাদ বলেন, 'গ্রীষ্মকালে আমরা সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত এটি চালিয়েছি।' দিনের বেলায় তাদের জাতীয় গ্রিডের বিদ্যুতের কোনো প্রয়োজনই হতো না উল্লেখ করে তিনি বলেন, 'এটি দিয়ে সারা দিন আমাদের এয়ার কুলার চলেছে।'
পাকিস্তানে আমদানি করা সোলার প্যানেলের ব্যবহারে এখন রীতিমতো জোয়ার বইছে। বসতবাড়ি ও হাসপাতালের ছাদ থেকে শুরু করে কৃষকের মাঠ ও শিল্পকারখানা—সবখানেই এখন ঝলমল করছে সোলার প্যানেল।
পাকিস্তানভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান 'রিনিউয়েবলস ফার্স্ট'-এর তথ্য অনুযায়ী, ২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটিতে সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের হার ১ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশে দাঁড়িয়েছে। বর্তমানে দেশটির প্রায় ৭০ লাখ পরিবারে সোলার প্যানেল রয়েছে।
শাহজাদ জানান, আগে মানুষ বিয়েতে মোটরসাইকেল বা গৃহস্থালির অন্যান্য জিনিসপত্র উপহার দিত। তিনি বলেন, 'এখন সবাই একটি সোলার প্যানেল ও একটি এয়ার কুলার উপহার দেয়। এটি প্রায় অপরিহার্য হয়ে উঠেছে।'
সোলার প্যানেলের পাশাপাশি নিজের বিদ্যুতের চাহিদা মেটাতে শাহজাদ এখনো জাতীয় গ্রিডের সংযোগ ব্যবহার করেন। বিশেষ করে নিজের পরিবার ও ভাইদের পরিবারসহ যৌথভাবে এক বাড়িতে বসবাস করায় তাদের বাড়িতে প্রায়ই একসঙ্গে একাধিক বৈদ্যুতিক যন্ত্রপাতি চলে। তবে যে দেশে মাসিক গড় মজুরি ৪০ হাজার পাকিস্তানি রুপির (১৪৫ ডলার) কিছুটা কম, সেখানে বিদ্যুৎ বিল ১৫ থেকে ১৮ হাজার রুপিতে পৌঁছানোয় তা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।
চলতি বছর কপ-৩১ সম্মেলনে জীবাশ্ম জ্বালানিচালিত যানবাহন, বয়লার ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী অন্যান্য যন্ত্রপাতি থেকে বিশ্বকে সরে আসার তাগিদ দেওয়া হচ্ছে। এমন সময়ে পাকিস্তান যখন সৌরবিদ্যুৎ ব্যবহারের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে, তখন দেশটির জাতীয় বিদ্যুৎ গ্রিড ব্যবস্থায় এর বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে।
বিদ্যুৎ গ্রিডের 'ডেথ স্পাইরাল' বা পতনচক্র
সৌরবিদ্যুতের দিকে এই বড় ঝুঁকে পড়া কোনো সরকারি নীতির কারণে ঘটেনি, বরং পাকিস্তানের সাধারণ পরিবারগুলোর নিজস্ব উদ্যোগেই তা হয়েছে। যাদের সঙ্গে কথা হয়েছে, তাদের অধিকাংশই জানিয়েছেন, প্রায়ই অনির্ভরযোগ্য হয়ে পড়া জাতীয় গ্রিডের আকাশচুম্বী বিদ্যুৎ বিল থেকে বাঁচতেই তারা সোলার প্যানেল বসিয়েছেন।
রিনিউয়েবলস ফার্স্টের ইন্ডাস্ট্রি লিয়াজোঁ মুহাম্মদ হাসান দাজানা বলেন, মাত্র কয়েক বছরের ব্যবধানে বিদ্যুতের শুল্ক দ্বিগুণের বেশি বেড়েছে; বিপরীতে চীনা সোলার প্যানেলের দাম '৯৩ শতাংশ কমে গেছে'।
পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আওয়াইস আহমেদ লেঘারি বলেন, 'মানুষ কেবল টিকে থাকার আরেকটি পথ খুঁজে নিয়েছে। এটি খুবই ইতিবাচক একটি বিষয়। আমরা পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিয়েছি। জনগণ অর্থনৈতিকভাবে অত্যন্ত সাশ্রয়ী ও কার্যকর উপায়ের দিকে হাঁটছে।'
বিপুল পরিমাণ জ্বালানি আমদানিনির্ভর একটি দেশের জন্য সৌরবিদ্যুতের এই উত্থান স্পষ্ট সুফল বয়ে আনলেও এ নিয়ে উদ্বেগও রয়েছে। পাকিস্তানকে তথাকথিত 'ইউটিলিটি ডেথ স্পাইরাল' বা পরিষেবা খাতের পতনচক্র এড়িয়ে চলতে হবে।
মানুষ যখন জাতীয় গ্রিড থেকে কম বিদ্যুৎ কেনে, তখন গ্রিড রক্ষণাবেক্ষণের স্থায়ী ব্যয় মেটানোর জন্য গ্রাহকসংখ্যা কমে যায়। এর ফলে বিদ্যুতের দাম বাড়াতে বাধ্য হতে হয়—যা আবার আরও বেশি মানুষকে সৌরবিদ্যুতে ঝুঁকে পড়তে উৎসাহিত করে।
সময়ের সঙ্গে সঙ্গে এটি একটি 'দ্বি-স্তর ব্যবস্থা' তৈরি করতে পারে। এতে যাদের সোলার প্যানেল কেনার সামর্থ্য নেই, তাদের ক্রমবর্ধমান বিলের মুখোমুখি হতে হবে; আর অন্যদিকে জাতীয় গ্রিড রাষ্ট্রের জন্য এক ক্রমবর্ধমান বোঝায় পরিণত হবে।
দাজানা বলেন, 'তখন এমন একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গড়ে উঠবে, যা এক "সাদা হাতিতে" পরিণত হবে এবং সেটিকে কেবল টিকিয়ে রাখতেই জনগণের করের বিপুল অর্থ ঢালতে হবে।'
পাকিস্তান সরকার বলছে, এই ক্ষতির চাপ এরই মধ্যে টের পাওয়া শুরু হয়েছে।
লেঘারি বলেন, 'গত দুই বছরেই গ্রিড ছেড়ে যাওয়ার প্রবণতার কারণে অবশিষ্ট গ্রাহকদের বছরে ৫০ কোটি ডলারের বেশি বাড়তি খরচ গুনতে হয়েছে। এটি অনেক বড় একটি বোঝা। সরকার মানুষকে সৌরবিদ্যুৎ থেকে সরিয়ে আনতে চায় না; বরং আরও সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে গ্রিডকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে চায়।
জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহকারী বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো ব্যয়বহুল ও অনমনীয় চুক্তির মাধ্যমে দেশকে আটকে ফেলার জন্য পাকিস্তানের অভ্যন্তরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। তবে বিদ্যুৎ উৎপাদকরা নিজেরা উচ্চ বিলের জন্য দুর্বল গ্রিড রক্ষণাবেক্ষণের মতো বৃহত্তর কাঠামোগত সমস্যাকে দায়ী করছেন। লেঘারি জানান, সরকার এরই মধ্যে অধিকাংশ চুক্তি নিয়ে নতুন করে দর-কষাকষি করেছে এবং এখন উন্নত সংরক্ষণ ব্যবস্থা, অপচয় হ্রাস ও অধিকতর উদ্ভাবনের মাধ্যমে গ্রিডকে আরও দক্ষ করে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে।
লেঘারি চান, ২০৩৬ সালের শেষ নাগাদ নবায়নযোগ্য ও পারমাণবিক জ্বালানিসহ দেশের বিদ্যুৎ চাহিদার 'সর্বোচ্চ ৯০ শতাংশ পরিবেশবান্ধব বিদ্যুৎ' থেকে আসুক এবং আমদানি করা জ্বালানির ওপর নির্ভরতা ২৬ শতাংশ থেকে কমে ৪ শতাংশে নেমে আসুক।
সৌরবিদ্যুতে চলছে ব্যবসা-বাণিজ্য
তবে সরকার যখন গ্রিডের মানোন্নয়নের চেষ্টা করছে, তখন শিল্প খাতে ব্যাপক হারে সৌরব ব্যবহারের মাধ্যমে সৌরবিদ্যুতের প্রসার এখনো অব্যাহত রয়েছে।
ইসলামাবাদের কোহিনূর টেক্সটাইল মিলস এর একটি উদাহরণ। ওপর থেকে দেখলে মনে হবে এটি বিশাল নীল রঙের সোলার প্যানেলের সমুদ্রের ওপর ভাসছে। কারখানাটির ইউটিলিটিজ ম্যানেজার সাবাউন খান জানান, সূর্যের আলো থাকলে মিলের শত শত যন্ত্র সম্পূর্ণভাবে সৌরশক্তিতেই চলে। একসময় যে ভারী ফার্নেস অয়েলচালিত ইঞ্জিনগুলোর ওপর তারা নির্ভর করতেন, সেগুলো এখন গুদামে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।
তবে এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। আকাশ বেশি মেঘলা বা বায়ুদূষণ থাকলে এবং রাতের বেলা কোম্পানিটি জাতীয় গ্রিড থেকে বেশি বিদ্যুৎ নেয়। অন্যান্য প্রতিষ্ঠানের মতো আগামী কয়েক সপ্তাহের মধ্যে তারাও শিল্পমানের ব্যাটারি ব্যবহার শুরু করবে, যা দিয়ে বাড়তি সৌরবিদ্যুৎ সংরক্ষণ করে রাখা যাবে।
মিলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তৌফিক সাঈদ সাইগল বলেন, 'আমাদের জ্বালানি খরচ কমানো প্রয়োজন ছিল এবং এটিই ছিল তা করার একটি উপায়।' তবে গ্রিড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই বলেও জানান তিনি।
তিনি বলেন, 'দুর্ভাগ্যবশত রাষ্ট্রের কাছে পর্যাপ্ত সম্পদ নেই, তাই আমরা সবকিছুর জন্য রাষ্ট্রকে দোষারোপ করতে পারি না। কিছু কাজ আমরাই নিজেরা করে নিচ্ছি।'
সমালোচকদের অভিযোগ, সরকার সৌরবিদ্যুতের ক্ষেত্রে খেলার মাঝপথে নিয়ম পাল্টে ফেলছে। আগে বাসাবাড়িগুলো তাদের উৎপাদিত বাড়তি বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করে ক্রেডিট অর্জন করতে পারত, যা দিয়ে সূর্য না থাকলে গ্রিড থেকে নেওয়া বিদ্যুতের বিলের সমন্বয় করা যেত। চলতি বছরের শুরুর দিকে সেই নীতি পরিবর্তন করা হয়েছে।
ফয়সালাবাদ চেম্বার অব কমার্সের সভাপতি আরিফ এহসান মালিক বলেন, 'শুরুতে সরকারের নীতি খুবই সহায়ক ছিল। কিন্তু পরে নীতি পাল্টে ফেলা হয়েছে। এখন তারা কম দামে বিদ্যুৎ কিনছে এবং বেশি দামে আমাদের কাছে বিক্রি করছে।'
মালিক জানান, এর ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলোর ওপর বড় ধরনের প্রভাব পড়ছে। তবে লেঘারি পাল্টা যুক্তি দিয়ে বলেন, প্রাথমিক মডেলের হিসাব-নিকাশ বাস্তবসম্মত ছিল না; সৌরবিদ্যুৎ উৎপাদনকারীরা সিস্টেমে যে বিদ্যুৎ দিতেন, তার দাম তারা শেষ পর্যন্ত গ্রিড থেকে যে বিদ্যুৎ নিতেন, তার চেয়ে অনেক কম ছিল।
তার ভাষায়, 'ওই মুনাফা আসছিল গ্রিডের বাকি গ্রাহকদের খরচের বিনিময়ে। আমরা যদি ওই বিধিমালা পরিবর্তন না করতাম, তবে আগামী দুই বছরের মধ্যে বাকি গ্রাহকদের ওপর বছরে অন্তত ১৫ হাজার থেকে ২০ হাজার কোটি রুপির বাড়তি বোঝা চাপত।'
সৌরবিদ্যুৎ গ্রহণের প্রথম পর্যায়টি সরকারের জন্য একটি 'বিস্ময়' ছিল স্বীকার করে লেঘারি বলেন, সৌরবিদ্যুৎ তাদের পরিকল্পনাকে ছাপিয়ে যাবে এমন কোনো আশঙ্কা তার নেই। তিনি জানান, বিষয়টি তাদের ১০ বছর মেয়াদি পূর্বাভাসে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং গ্রিড ছেড়ে যাওয়ার হারও এখন কমে এসেছে।
সৌরশক্তি নিয়ে পাকিস্তানের বড় ধরনের উচ্চাকাঙ্ক্ষা রয়েছে; দেশজুড়ে সোলার ব্যাটারির কারখানা স্থাপন এবং আরও বেশি বৈদ্যুতিক যানবাহন (ইভি) ব্যবহারে উৎসাহিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তবে দেশটি এখন একটি সন্ধিক্ষণেও দাঁড়িয়ে আছে। দাজানা বলেন, 'সামনে দুটি পথ খোলা রয়েছে। একটি হলো এমন ভবিষ্যৎ, যেখানে সৌরবিদ্যুৎ ও জাতীয় গ্রিড সমান্তরালভাবে কাজ করবে; যা দেখাবে কীভাবে ধাপে ধাপে জ্বালানি রূপান্তর সফল হতে পারে। অন্যটি হলো এমন পথ, যেখানে পাকিস্তান একটি সতর্কতামূলক দৃষ্টান্তে পরিণত হবে এবং ব্যয়বহুল ও ক্ষয়িষ্ণু এক গ্রিডের বোঝা বইবে।'
পাঞ্জাবের গ্রামীণ জনপদে নিজের বাড়িতে সৌরবিদ্যুৎ নিয়ে ফয়সাল শাহজাদের উচ্চাকাঙ্ক্ষা অবশ্য থেমে নেই। তিনি বলেন, 'আমরা আরও ১০ থেকে ১৫টি প্যানেল কিনে ছাদে বসানোর পরিকল্পনা করছি, এরপর ব্যাটারি ও ব্যাকআপসহ একটি পূর্ণাঙ্গ সিস্টেম যুক্ত করব। আমাদের পরিকল্পনা হলো পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠা।'
সূত্র : দ্য বিজনেস স্ট্যান্ডার্ড