মনিরুল ইসলাম : বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা এবং অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সিন্ডিকেটগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অতীতে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের দৌরাত্ম্য এমন পর্যায়ে পৌঁছেছিল যে, এর নেতিবাচক প্রভাবে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে কর্মী নেওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল। কোনো কোনো দেশ কর্মী নিয়োগ স্থগিত কিংবা কমিয়ে দিয়েছিল।
আজ বুধবার ১৮ নভেম্বর বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, অতীতে সিন্ডিকেটের মাধ্যমে বিদেশে কর্মী পাঠানোর নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। বিদেশে যাওয়ার সুযোগ দেওয়ার কথা বলে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। পলাতক স্বৈরাচারের আমলে তাদের সংশ্লিষ্ট লোকজন এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত ছিল। এসব অনিয়মের কারণে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব পড়েছে বিদেশে কর্মী নিয়োগের ক্ষেত্রেও।
মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সরকারের অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক শ্রমিক মালয়েশিয়ায় কাজ করতে গেছেন। সম্প্রতি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, মালয়েশিয়ার সঙ্গে আলোচনা করে দীর্ঘদিনের সমস্যার সফল সমাধান করতে সক্ষম হয়েছে সরকার।
তিনি জানান, সামান্য কিছু খরচে প্রায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর সক্ষমতা অর্জনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এই ১০ হাজার কর্মীর মধ্যে বিশেষ বিবেচনায় রাখা হয়েছে বিগত স্বৈরাচারী শাসনামলে গুম ও হত্যার শিকার এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের। এ ধরনের পরিবারের প্রায় এক হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মধ্যপ্রাচ্যের শ্রমবাজার নিয়েও আলোচনা
প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সঙ্গেও বাংলাদেশ সরকারের আলোচনা চলছে। এসব আলোচনায় ইতিবাচক অগ্রগতি রয়েছে। কয়েকটি দেশ নতুন করে বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
বিশেষ করে গাড়িচালকসহ বিভিন্ন পেশায় বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে দেশগুলোর পক্ষ থেকে আগ্রহ জানানো হয়েছে।
তারেক রহমান বলেন, সরকার চায় বাংলাদেশের মানুষ যেন নিরাপদ ও সাশ্রয়ী খরচে বিদেশে গিয়ে কর্মসংস্থানের সুযোগ পান। বিদেশে যাওয়ার নামে কাউকে যেন প্রতারণার শিকার হতে না হয়। এ জন্য যারা সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ মানুষকে ঠকিয়ে অর্থ আত্মসাৎ করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
বিদেশযাত্রার খরচ নির্ধারণ ও প্রণোদনার প্রস্তাব
প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য কামরুল হাসান বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকারের সরাসরি হস্তক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
তিনি বলেন, বিদেশে যাওয়ার ক্ষেত্রে দালালদের প্রতারণার শিকার হয়ে অনেক মানুষ নিখোঁজ হচ্ছেন। অনেকে ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ করে ভুয়া ভিসা নিয়ে বিদেশে যাচ্ছেন। এতে একদিকে সাধারণ মানুষ সর্বস্বান্ত হচ্ছেন, অন্যদিকে বিদেশে গিয়ে নানা সমস্যার মুখে পড়ছেন।
এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারকে সরাসরি উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। কোন দেশে কতসংখ্যক কর্মী নেওয়া হবে এবং বিদেশে যেতে একজন কর্মীর কত টাকা খরচ হবে, তা সরকারিভাবে নির্ধারণ ও প্রকাশের প্রস্তাব দেন তিনি।
সংসদ সদস্য বলেন, সরকার যদি বিদেশে যাওয়ার খরচ নির্ধারণ করে দেয় এবং প্রয়োজনে আর্থিক প্রণোদনার ব্যবস্থা করে, তাহলে গ্রামের সাধারণ মানুষকে জমি বিক্রি কিংবা ঋণ নিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে না। একজন রিকশাচালকের সন্তানও যেন মাত্র দুই থেকে আড়াই লাখ টাকায় বিদেশে যাওয়ার সুযোগ পান, সে ধরনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
প্রণোদনার অর্থের উৎস নিয়ে প্রধানমন্ত্রীর প্রশ্ন
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রণোদনা দেওয়ার প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সংসদ সদস্য একটি প্রণোদনার কথা বলেছেন। তবে এ অর্থের উৎস কোথায় হবে, তা তাঁর কাছে স্পষ্ট নয়।
তিনি বলেন, সংসদ সদস্য প্রস্তাবটি আরও সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারলে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার চেষ্টা করা যেতে পারে।