হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা (৩৪) নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেলের আঘাতে তিনি প্রাণ হারান। তবে পুলিশ জানিয়েছে, ককটেল নাকি গুলিতে তার মৃত্যু হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে। তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাত সোয়া ৯টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা একটি মিছিল বের করেন। অভিযোগ উঠেছে, ওই মিছিল থেকে হামিরদীতে অবস্থিত স্থানীয় বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। একপর্যায়ে রাজু মোল্লাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হলে বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে রাত ৮টার দিকে ওই এলাকায় তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের কর্মীরা তাদের একজন নেতাকে একা পেয়ে হত্যা করেছে।
এদিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ মিয়া জানান, রাজুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল, ফলে চিকিৎসকদের কিছু করার ছিল না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ বর্তমানে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। গুলি অথবা ককটেল বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে ময়নাতদন্তের আগে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।
তিনি আরও জানান, এ ঘটনার পর রাত সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে তা স্বাভাবিক রয়েছে। তবে এলাকায় থমথমে পরিস্থিতি ও উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।