মনিরুল ইসলাম : দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণের লক্ষ্যে জাতীয় সংসদে পাস হয়েছে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’। নতুন এই আইনের আওতায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বাসাবাড়ির ছাদ, আঙিনা, ভবনসংলগ্ন পতিত জমি এমনকি জলাশয়েও সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সুযোগ তৈরি হচ্ছে। এতে সৌরবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি জাতীয় গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহ এবং নির্ধারিত নিয়মে আর্থিক সুবিধা পাওয়ার পথও উন্মুক্ত হবে।
আজ বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।
বিলটি জনমত যাচাই ও অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য বাছাই কমিটিতে পাঠানোর বিষয়ে বিরোধী দলের প্রস্তাব নাকচ করা হয়। একই সঙ্গে বিলের ওপর আনা সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করেন স্পিকার।
এর আগে গত ১০ নভেম্বর ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’-এর বিধানগুলোকে আইনি কাঠামোয় আনতে সংসদে বিলটি উত্থাপন করা হয়। পরে অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হলে কমিটি গত ১৬ নভেম্বর বিলটি পাসের সুপারিশ করে প্রতিবেদন জমা দেয়।
ওপেক্স ও ক্যাপেক্স—দুই মডেলেই সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ
নতুন আইনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো সৌরবিদ্যুৎ স্থাপনে ওপেক্স ও ক্যাপেক্স—দুই ধরনের বিনিয়োগ মডেল চালু রাখা।
ওপেক্স মডেলে সেবাদানকারী প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে গ্রাহকের স্থানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও পরিচালনা করবে। ফলে গ্রাহককে শুরুতেই পুরো বিনিয়োগের অর্থ ব্যয় করতে হবে না। এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং অন্যান্য গ্রাহকের জন্য প্রাথমিক বিনিয়োগের চাপ কমবে।
অন্যদিকে ক্যাপেক্স মডেলে গ্রাহক প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারবে এবং এর মালিকানাও নিজেদের কাছে রাখতে পারবে।
এ মডেলে পাঁচ কোটি টাকা পর্যন্ত সৌরবিদ্যুৎ স্থাপনের পণ্য ও সংশ্লিষ্ট সেবা কেনার ক্ষেত্রে সীমিত দরপত্র পদ্ধতি অনুসরণের সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পদ্ধতি অনুসরণ বাধ্যতামূলক হবে না।
ছাদ, আঙিনা ও জলাশয়ে পাঁচ মেগাওয়াট পর্যন্ত স্থাপন
আইনে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সরকারি কোম্পানি এবং বাসাবাড়ির ছাদ, আঙিনা, ভবনসংলগ্ন পতিত জমি ও জলাশয়ে সর্বোচ্চ পাঁচ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সুযোগ রাখা হয়েছে।
তবে বৃহৎ আকারের ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প এ আইনের আওতাভুক্ত হবে না। অর্থাৎ মূলত বিদ্যমান ভবন, স্থাপনা ও ব্যবহার-অনুপযোগী জায়গাকে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও পরিচালনার জন্য গ্রাহক, সেবাদানকারী প্রতিষ্ঠান এবং উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি করতে হবে। চুক্তিতে বিদ্যুৎ উৎপাদন ও বণ্টন, রক্ষণাবেক্ষণ, যন্ত্রপাতি প্রতিস্থাপন, বিল পরিশোধ এবং নেট-মিটারিংয়ের মাধ্যমে বিদ্যুতের হিসাব সমন্বয়ের বিষয়গুলো উল্লেখ থাকবে।
উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রিরও সুযোগ
নতুন আইনের আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে, সৌরবিদ্যুৎ ব্যবস্থায় উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে।
গ্রাহকের নিজস্ব ব্যবহারের পর যে বিদ্যুৎ উদ্বৃত্ত থাকবে, তা নির্ধারিত নিয়মে জাতীয় গ্রিডে দেওয়া যাবে। এর বিপরীতে বিদ্যুৎ বিলের সঙ্গে উৎপাদিত বিদ্যুতের হিসাব সমন্বয় করা হবে।
এভাবে সমন্বয়ের পরও বিদ্যুৎ উদ্বৃত্ত থাকলে সরকার নির্ধারিত ট্যারিফ অনুযায়ী তার মূল্য পাওয়ার সুযোগ থাকবে। ফলে সৌরবিদ্যুৎ স্থাপন শুধু নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণেই নয়, অতিরিক্ত বিদ্যুৎ থেকে আর্থিক সুবিধা অর্জনের ক্ষেত্রেও ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় পলিসি কাউন্সিল
সৌরবিদ্যুতের সম্প্রসারণ ও কার্যক্রমে নীতিগত দিকনির্দেশনা দিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় পলিসি কাউন্সিল গঠনের বিধান রাখা হয়েছে বিলে।
এ ছাড়া জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে জেলা ও উপজেলা পর্যায়ে কারিগরি ও সমন্বয় কমিটি গঠনের কথা বলা হয়েছে। এসব কমিটি স্থানীয় পর্যায়ে সৌরবিদ্যুৎ স্থাপন, বাস্তবায়ন ও সমন্বয় কার্যক্রমে ভূমিকা রাখবে।
যন্ত্রাংশ চুরি ও ক্ষতিসাধনে কঠোর শাস্তি
সৌরবিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতেও আইনে শাস্তির বিধান রাখা হয়েছে। সৌরবিদ্যুতের যন্ত্রাংশ চুরি, ক্ষতিসাধন, অবৈধ সংযোগ প্রদান এবং স্থাপন ও রক্ষণাবেক্ষণের কাজে বাধা দেওয়ার মতো অপরাধের জন্য কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।
আইন অনুযায়ী, সৌরবিদ্যুৎ ব্যবস্থার যন্ত্রাংশ চুরির দায়ে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড হতে পারে।
অন্যদিকে যন্ত্রাংশের ক্ষতিসাধনের জন্য সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
জ্বালানি আমদানিনির্ভরতা কমানোই মূল লক্ষ্য
বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণ, জীবাশ্ম জ্বালানির আমদানিনির্ভরতা কমানো, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনে সৌরবিদ্যুতের দ্রুত সম্প্রসারণ প্রয়োজন।
বিশেষজ্ঞদের বিবেচনায়, ভবনের ছাদ ও অব্যবহৃত জায়গাকে সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানো গেলে নতুন করে বড় আকারের জমি অধিগ্রহণের প্রয়োজন কমবে। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনে বৈচিত্র্য আসবে এবং জাতীয় গ্রিডের ওপর চাপ কমানোর ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
সব মিলিয়ে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ পাসের মধ্য দিয়ে দেশে ছাদভিত্তিক ও বিকেন্দ্রীভূত সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য একটি পৃথক আইনি কাঠামো তৈরি হলো। এখন আইনটির বাস্তবায়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং গ্রাহক পর্যায়ে কার্যকর সুবিধা পৌঁছে দেওয়ার ওপর নির্ভর করবে সৌরবিদ্যুতের এই উদ্যোগ কতটা বিস্তৃত হয়।