মোঃরফিকুল ইসলাম মিঠু: দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালিয়ে রাজধানীতে আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এই তথ্য জানান।
এডিসি নিয়াজ মেহেদী জানান, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে পালিয়ে ঢাকায় আশ্রয় নেওয়া ব্যক্তিদের আশ্রয়স্থলগুলোতে পুলিশের নজরদারি রয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে গ্রেফতার করা হয়েছে এবং পলাতক বাকিদের ধরতে দ্রুতই চিরুনি অভিযান চালানো হবে।
ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, নাশকতা শূন্যের কোটায় নামিয়ে আনতে রাজধানীজুড়ে চেকপোস্ট ও টহল বাড়ানো হয়েছে। সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে (কেপিআই) বিশেষ নিরাপত্তার আওতায় এনে আগাম পরিকল্পনা অনুযায়ী পোশাকধারী ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে। মাঠপর্যায়ের পাশাপাশি সাইবার স্পেসেও পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে বলে তিনি জানান।