শিরোনাম
◈ অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার ◈ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার, উত্তরার বাসা থেকে রাত ২টায় আটক ◈ ডিসেম্বরে শেখ হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা (ভিডিও) ◈ ২০৩৫ সালেই খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, বাড়বে মুসলিম জনসংখ্যা: পিউ রিসার্চের পূর্বাভাস ◈ ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ ◈ যে শর্ত মানলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত, জানালেন মিয়া গোলাম পরওয়ার ◈ আমাজনের গভীর অরণ্যে বিচ্ছিন্ন আদিবাসী ‘আওয়া’ জনগোষ্ঠীর বিরল ছবি প্রকাশ, অস্তিত্ব বিলুপ্তির শঙ্কা ◈ শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী ◈ ঢাকায় আশ্রয় নেওয়া নেতাকর্মীদের ধরতে ডিএমপির চিরুনি অভিযানের ঘোষণা ◈ নড়াইলের কালিয়ায় বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, কৃষক দল ও জাসাসের দুই নেতা নিহত

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬, ০৯:১০ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৬, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এআই খাতে কর্মীর তীব্র সংকট : মাত্র দুই দিনের প্রশিক্ষণেই চাকরির সুযোগ, বছরে বেতন ১ কোটি ২৫ লাখ টাকা

মাত্র দুই দিনের প্রশিক্ষণ শেষে দেওয়া হচ্ছে সনদ। আর নতুন প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়োগ দিতে আগে থেকেই প্রস্তুত বিভিন্ন কম্পানি।

এসব চাকরিতে বছরে বেতন হতে পারে এক লাখ ডলার বা এক কোটি ২৫ লাখ টাকারও বেশি। মঙ্গলবার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো নির্মাণে প্রতিযোগিতা তীব্র হলেও প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন প্রযুক্তিবিদ খুঁজে পেতে হিমশিম খাচ্ছে প্রযুক্তি কম্পানিগুলো। বিপুল চাহিদার এই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় কুলিং সিস্টেম, সার্ভার র‍্যাক, বৈদ্যুতিক সরঞ্জাম ও ফাইবার-অপটিক কেবল স্থাপনে দক্ষ কর্মী প্রয়োজন।

সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনের পর কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন এলেও চলমান ডেটা সেন্টার প্রকল্পগুলোর জন্য কর্মী সংকট এতটাই প্রকট যে, নির্মাণকাজে সম্ভাব্য ধীরগতির চেয়েও বড় বাধা হয়ে উঠতে পারে এই ঘাটতি।

এ সংকট মোকাবেলায় কর্মী তৈরি ও নিয়োগে ব্যতিক্রমী উদ্যোগ নিচ্ছে প্রযুক্তি খাত। কয়েকটি অলাভজনক প্রতিষ্ঠান, অনলাইন প্রশিক্ষণ সংস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের চার বড় প্রযুক্তি প্রতিষ্ঠান- অ্যামাজন, গুগল, মেটা ও মাইক্রোসফট ডেটা সেন্টার নির্মাণের প্রয়োজনীয় কারিগরি দক্ষতা শেখাতে বিনা মূল্যে দ্রুতগতির বিভিন্ন প্রশিক্ষণ কোর্স চালু করেছে। এসব পদের কয়েকটিতে বছরে ছয় অঙ্কের বেতন পাওয়া সম্ভব।

Advertisement

অথচ যুক্তরাষ্ট্রের অনেক মানুষই জানেন না, এ ধরনের চাকরির সুযোগ রয়েছে।

শুক্রবার সনদ, সোমবার চাকরির প্রশিক্ষণ

জাভনটে হিল ভিডিও গেম ডিজাইন নিয়ে পড়াশোনা করেছিলেন। বয়স ত্রিশের কোঠার শুরুতে। একটি পেশা খুঁজছিলেন, কিন্তু কোথা থেকে শুরু করবেন তা বুঝে উঠতে পারছিলেন না।

একদিন তার বান্ধবী আমেরিকাস ওয়ার্কফোর্স একাডেমির একটি বিজ্ঞাপন দেখতে পান।

দক্ষ কর্মীর ঘাটতি পূরণে গত আগস্টে মেটা এই প্রশিক্ষণ কর্মসূচি চালু করে। চার সপ্তাহের প্রশিক্ষণ চলাকালে হিলকে অর্থ দেওয়ার পাশাপাশি সনদ পাওয়ার পর ডেটা সেন্টারে চাকরির ব্যবস্থা করে দেওয়ার নিশ্চয়তাও দিয়েছিল প্রতিষ্ঠানটি।

সুযোগটি কাজে লাগানোর সিদ্ধান্ত নেন হিল। এক মাস ধরে ৩০ জনের একটি শ্রেণিকক্ষে বক্তৃতা ও হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে তিনি ফাইবার-অপটিক ও তামার কেবল স্থাপন ও সংযোগ দেওয়ার পদ্ধতি শেখেন। পাশাপাশি কেবলের ইনসুলেটরের বিভিন্ন রং কী নির্দেশ করে, তাও তার প্রশিক্ষণের অংশ ছিল। তবে নতুন চাকরিতে গিয়ে এত তথ্য মনে রাখতে পারবেন কি না, তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি। হিল বলেন, ‘শুক্রবার ছিল সনদ প্রদান অনুষ্ঠান। সোমবার থেকেই আমি চাকরির প্রাথমিক প্রশিক্ষণ শুরু করি।’

মেটা অ্যাসোসিয়েটেড বিল্ডার্স অ্যান্ড কন্ট্রাক্টরসের (এবিসি) সঙ্গে অংশীদারত্ব করেছে। নির্মাণশিল্পের এই বাণিজ্যিক সংগঠনটি কয়েক দশক ধরে কর্মীদের প্রশিক্ষণ দিয়ে আসছে। তবে প্রচলিত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বা শিক্ষানবিশ কর্মসূচির মতো বিস্তৃত প্রশিক্ষণ দেয়ার লক্ষ্য নেই এবিসির দ্রুতগতির কোর্সগুলোর। বরং যত বেশি সম্ভব মানুষকে ডেটা সেন্টারে কাজের উপযোগী করে তোলাই এর উদ্দেশ্য।

এবিসির নিরাপত্তা ও কর্মী উন্নয়ন বিভাগের প্রধান জোয়েল থেমস বলেন, ‘এটি অনেকটা সামরিক বাহিনীর মতো। সামরিক প্রশিক্ষণ কি সব ধরনের পরিস্থিতির জন্য কাউকে প্রস্তুত করে? না। তবে কর্মস্থলে সময় কাটানোর আগে এটি একটি মৌলিক শিক্ষা দেয়।’

দক্ষ কর্মীর সংকট

জনগণের ক্রমবর্ধমান বিরোধিতা এবং ডেটা সেন্টারের বিস্তার নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দেয়া নতুন আইনপ্রণেতাদের সংখ্যা বেড়ে চলা সত্ত্বেও ডেটা সেন্টার নির্মাণ কার্যক্রম কার্যত থামার নয়। কলাম্বিয়া বিজনেস স্কুলের অর্থনীতিবিদ স্টেইন ভ্যান নিউয়েনবার্গের হিসাব অনুযায়ী, অদূর ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো খাতে বার্ষিক ব্যয় প্রায় এক ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

তবে নির্মাণকাজে নানা ধরনের বাস্তব সমস্যা রয়েছে। এর মধ্যে আছে নির্মাণের অনুমতি, বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা, প্রয়োজনীয় উপকরণ ও অর্থায়ন। এসব বাধা পেরিয়ে যেসব বড় প্রযুক্তি প্রতিষ্ঠান নির্মাণকাজ শুরু করতে পারছে, তারাও একটি অভিন্ন সমস্যায় পড়ছে- যুক্তরাষ্ট্রে ডেটা সেন্টার নির্মাণের জন্য পর্যাপ্ত যোগ্য কর্মী নেই। বিশেষ করে প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় এ সংকট আরও প্রকট।

প্রাইসওয়াটারহাউসকুপার্সের (পিডব্লিউসি) হিসাব অনুযায়ী, ডেটা সেন্টার নির্মাণের লক্ষ্যমাত্রা পূরণে যুক্তরাষ্ট্রে ১০ লাখ প্রকৌশলীর ঘাটতি রয়েছে। প্রয়োজনীয় দক্ষ কর্মীর দল গঠন করতে না পারায় অনেক প্রস্তুত প্রকল্পও কয়েক মাস পিছিয়ে যাচ্ছে। গোল্ডম্যান স্যাকসের তথ্য অনুযায়ী, এখন থেকে ২০২৮ সাল পর্যন্ত চালু হওয়ার কথা রয়েছে এমন কৃত্রিম বুদ্ধিমত্তার কম্পিউটিং সক্ষমতার মাত্র অর্ধেক নির্ধারিত সময়ের মধ্যে চালু হতে পারে।

এই বিলম্বের আর্থিক মূল্যও অনেক বেশি। কুলি আইন প্রতিষ্ঠানের অবকাঠামো, জ্বালানি ও আবাসনবিষয়ক বিভাগের সহ-প্রধান মোনা দাজানি বলেন, অবস্থান, আকার ও চুক্তির শর্ত অনুযায়ী বড় ডেটা সেন্টারের নির্মাণকাজ এক মাস পিছিয়ে গেলে কয়েক কোটি ডলার থেকে শুরু করে ১০ কোটি ডলারেরও বেশি ক্ষতি হতে পারে।

এ সংকট মোকাবিলায় প্রযুক্তি কোম্পানিগুলো কয়েক বছর মেয়াদি কারিগরি শিক্ষা বা শিক্ষানবিশ কর্মসূচির পরিবর্তে ডেটা সেন্টার নির্মাণের নির্দিষ্ট কাজের উপযোগী দ্রুতগতির ও নিবিড় প্রশিক্ষণ চালু করছে। অনেক প্রতিষ্ঠান বিনামূল্যে এসব কোর্স করাচ্ছে। এমনকি প্রশিক্ষণ নেয়ার সময় শিক্ষার্থীদের অর্থও দিচ্ছে কিছু প্রতিষ্ঠান। কাজের ধরন অনুযায়ী প্রশিক্ষণের মেয়াদ ১৫ সপ্তাহ থেকে মাত্র দুই দিন পর্যন্ত হতে পারে। দক্ষ কর্মীর চাহিদা এতটাই বেশি যে, কিছু ক্ষেত্রে সনদ পাওয়ার পরদিনই সেরা প্রশিক্ষণপ্রাপ্তদের কাজে নিয়োগ দেয়া হচ্ছে।

সূত্র : কালের কণ্ঠ 

  • সর্বশেষ