শিরোনাম
◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া ◈ লিসান্দ্রোসহ লেফট ফুটেড ৩ ডিফেন্ডার আস‌ছে ‌টিম বার্সেলোনায় ◈ ঢাকা-সিলেট যাতায়াতে লাগবে মাত্র তিন ঘণ্টা, হচ্ছে ছয় লেনের এক্সপ্রেসওয়ে ◈ কয়েক দশকের সাফল্যের পর অর্থনৈতিক সংকটে বাংলাদেশ: দ্য ইকোনমিস্ট ◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ ◈ গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা, আন্তজেলা প্রবেশপথে চেকপোস্ট স্থাপন ও নিরাপত্তা জোরদারে গোয়েন্দা প্রতিবেদনে সুপারিশ ◈ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা চাইল কর্তৃপক্ষ

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৬, ১০:২৯ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২৬, ১০:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫৪ বছরের অপেক্ষার অবসান, চালু হলো ঢাকা-পাবনা সরাসরি ট্রেন

পাবনাবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হলো ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ। স্বাধীনতার পর দীর্ঘ ৫৪ বছরের অপেক্ষা শেষে এই রেল যোগাযোগের উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে পাবনা রেলস্টেশন থেকে এক জোড়া আন্তঃনগর ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক ও রেলমন্ত্রী শেখ রবিউল ইসলাম। বহুদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

দীর্ঘদিন ধরে পাবনার ঈশ্বরদী ও চাটমোহর উপজেলাসহ বিভিন্ন এলাকায় রেল যোগাযোগ চালু থাকলেও জেলা সদর ও দক্ষিণাঞ্চলের মানুষের জন্য রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ ছিল না। ২০১৯ সালে পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল শুরু হলেও ঢাকায় যাতায়াতের ক্ষেত্রে জেলার অধিকাংশ মানুষকে নির্ভর করতে হতো সড়কপথের ওপর।

এতে যানজট, দীর্ঘ ভ্রমণসময় ও অতিরিক্ত ব্যয়ের কারণে চরম ভোগান্তিতে পড়তে হতো যাত্রীদের। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও চিকিৎসাসেবা নিতে ঢাকাগামী মানুষের দুর্ভোগ ছিল নিত্যদিনের সঙ্গী। অবশেষে ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ চালু হওয়ায় সেই ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Advertisement

নতুন এই রুটে পাবনা প্রভাতী এক্সপ্রেস ও পাবনা গোধূলি এক্সপ্রেস নামে এক জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করবে। ট্রেন দুটিতে ভারত থেকে আমদানি করা মোট ১২টি বগি সংযুক্ত করা হয়েছে। এতে মোট আসনসংখ্যা ৮৫২টি।

পাবনা থেকে পাবনা প্রভাতী এক্সপ্রেস ট্রেনে ঈশ্বরদীতে ভাড়া ধরা হয়েছে শোভন চেয়ারে ৫০ টাকা এবং স্নিগ্ধায় ১১৫ টাকা, চাটমোহরে শোভন চেয়ারে ৭০ টাকা এবং স্নিগ্ধায় ১১৩ টাকা, বড়ালব্রিজে শোভন চেয়ারে ৮৫ এবং স্নিগ্ধায় ১৫৬ টাকা, উল্লাপাড়ায় শোভন চেয়ারে ১১০, ২০৭, শহীদ এম মনসুর আলীতে শোভন চেয়ারে ১৩০ এবং স্নিগ্ধায় ২৪৮, টাঙ্গাইলে শোভন চেয়ারে ৩১৫ টাকা এবং স্নিগ্ধায় ৫৯৮ টাকা, জয়দেবপুরে শোভন চেয়ারে ৩৮৫ টাকা এবং স্নিগ্ধায় ৭৩৬ টাকা, ঢাকা বিমানবন্দর স্টেশনে শোভন চেয়ারে ৪২৫ টাকা এবং স্নিগ্ধায় ৮১৭ টাকা।

অন্যদিকে পাবনা গোধুলি এক্সপ্রেস ট্রেনে ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে জয়দেবপুরে ভাড়া ধরা হয়েছে শোভন চেয়ারে ৫০ টাকা এবং স্নিগ্ধায় ১১৫ টাকা, টাঙ্গাইলে শোভন চেয়ারে ১১৫ টাকা এবং স্নিগ্ধায় ২১৯ টাকা, শহীদ এম মনসুর আলীতে শোভন চেয়ারে ৩০০ এবং স্নিগ্ধায় ৫৭০ টাকা, উল্লাপাড়ায় শোভন চেয়ারে ৩২০ টাকা এবং স্নিগ্ধায় ৬১৬ টাকা, বড়ালব্রিজে শোভন চেয়ারে ৩৪৫ টাকা এবং স্নিগ্ধায় ৬৬২ টাকা, চাটমোহরে শোভন চেয়ারে ৩৬০ টাকা এবং স্নিগ্ধায় ৬৮৫ টাকা, ঈশ্বরদীতে শোভন চেয়ারে ৩৯০ টাকা এবং স্নিগ্ধায় ৭৪২ টাকা, পাবনায় শোভন চেয়ারে ৪২৫ টাকা এবং স্নিগ্ধায় ৮১৭ টাকা। এই ভাড়ার সঙ্গে সহজের চার্জ হিসেবে আরও ২০ টাকা যোগ হবে।

সরাসরি ট্রেন চালুর ফলে পাবনার সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ আরও সহজ, সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও পর্যটন খাতেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

ঢাকা-পাবনা সরাসরি ট্রেনের প্রথম টিকেট সংগ্রহকারী মো. রাসেল বলেন, আজকের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য এই ট্রেনের প্রথম টিকেট আমি কেটেছি। ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল ট্রেনে চড়ে রাজধানী ঢাকা যাব সেই স্বপ্ন এতদিনে পূরণ হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। 

আরেকজন যাত্রী মোছা. পারভিন খাতুন বলেন, এখন আমরা আরামদায়কভাবে ঢাকা যেতে পারবো। বাসে গেলে অনেক সময় জ্যামে আটকে থাকতে হয় ট্রেনে সে সমস্যা নেই। আমি আজকের দিনকে স্মরণীয় রাখতে পাবনা স্টেশন থেকে ঈশ্বরদী স্টেশন পর্যন্ত যাচ্ছি।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, রেলওয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন বক্তারা।

জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। এই উদ্যোগ পাবনার যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, পাবনা হবে বাংলাদেশের যোগাযোগের প্রধান কেন্দ্র। ভবিষ্যতে পাবনাকে আরও উন্নয়নের পথে নিয়ে যাব আমরা।

সড়ক ও রেলমন্ত্রী শেখ রবিউল ইসলাম বলেন, দেশের রেল যোগাযোগব্যবস্থার উন্নয়নে সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে। পর্যায়ক্রমে রেলসেবার মান ও পরিধি আরও বাড়ানো হবে।

  • সর্বশেষ