শিরোনাম
◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া ◈ লিসান্দ্রোসহ লেফট ফুটেড ৩ ডিফেন্ডার আস‌ছে ‌টিম বার্সেলোনায় ◈ ঢাকা-সিলেট যাতায়াতে লাগবে মাত্র তিন ঘণ্টা, হচ্ছে ছয় লেনের এক্সপ্রেসওয়ে ◈ কয়েক দশকের সাফল্যের পর অর্থনৈতিক সংকটে বাংলাদেশ: দ্য ইকোনমিস্ট ◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ ◈ গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা, আন্তজেলা প্রবেশপথে চেকপোস্ট স্থাপন ও নিরাপত্তা জোরদারে গোয়েন্দা প্রতিবেদনে সুপারিশ ◈ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা চাইল কর্তৃপক্ষ

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৬, ১০:০৭ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২৬, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক অনিয়মের অভিযোগে বড় ধাক্কা খাওয়ার পর এবার আরও দুঃসংবাদ পেল ম্যানচেস্টার সিটি। ক্লাবটির মালিকানাধীন সিটি ফুটবল গ্রুপকে (সিএফজি) ২০০ কোটি ডলার ঋণ দেওয়ার পরিকল্পনা বাতিল করেছে মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট। আর্থিক অনিয়মের অভিযোগে সিটির বিরুদ্ধে স্বাধীন কমিশনের রায়ের পরই পিছিয়ে যায় প্রতিষ্ঠানটি।

বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাতে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, সিটি ফুটবল গ্রুপকে বড় অঙ্কের ঋণ দেওয়ার বিষয়ে অ্যাপোলোর সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। এই অর্থ গ্রুপটির আর্থিক তারল্য বাড়ানোর পাশাপাশি আগের ঋণ পরিশোধেও কাজে লাগানোর পরিকল্পনা ছিল। তবে গত সেপ্টেম্বরে স্বাধীন কমিশনের রায়ে সিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ার পর চুক্তিটি আর এগোয়নি।

২০০৮ সাল থেকে আবু ধাবির রাজপরিবারের সদস্য শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানের মালিকানাধীন ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগের আর্থিক নীতিমালা ভঙ্গের ১১৪টি অভিযোগের সত্যতা পেয়েছে স্বাধীন কমিশন। ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে ক্লাবটি ৯০ কোটি পাউন্ডের বেশি আর্থিক তথ্য ফুলিয়ে-ফাঁপিয়ে দেখিয়েছে বলেও অভিযোগ রয়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছে সিটি। কমিশনের রায়ের বিরুদ্ধে আপিলের পরিকল্পনাও রয়েছে তাদের।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে স্পন্সরশিপ ও বাণিজ্যিক চুক্তির মাধ্যমে প্রকৃত আয়ের চেয়ে বেশি অর্থ দেখানো। কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী, শেখ মনসুরের নিয়ন্ত্রণাধীন আবু ধাবির একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটির কয়েকটি বাণিজ্যিক স্পন্সরের হয়ে অতিরিক্ত অর্থ পরিশোধ করেছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় ক্লাবটির বিরুদ্ধে জরিমানা, পয়েন্ট কর্তন কিংবা প্রিমিয়ার লিগ থেকে বহিষ্কারের মতো কঠোর শাস্তির সম্ভাবনাও রয়েছে।

Advertisement

সিটির আপিলের শুনানি আগামী মাসে হওয়ার কথা। আপিলে হেরে গেলে আগামী বছর ক্লাবটির বিরুদ্ধে শাস্তির ঘোষণা আসতে পারে। তবে কমিশনের রায়ের পরপরই মালিকপক্ষ থেকে নতুন করে অর্থ জোগান দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের কোম্পানিজ হাউসের নথি অনুযায়ী, শেখ মনসুর তাঁর প্রতিষ্ঠান নিউটন ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে সিটি ফুটবল গ্রুপে ১০ কোটি পাউন্ডের নতুন মূলধন বিনিয়োগ করেছেন।

ইউরোপ, আমেরিকা ও এশিয়ায় একাধিক ক্লাবের মালিক সিটি ফুটবল গ্রুপের জন্য অ্যাপোলোর ঋণচুক্তিটি ছিল গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা। ২০১৯ সালে ৫০ কোটি ডলারের বিনিয়োগের মাধ্যমে সিএফজির সংখ্যালঘু অংশীদারিত্ব কিনেছিল মার্কিন প্রতিষ্ঠান সিলভার লেক। তখন গ্রুপটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছিল ৪৮০ কোটি ডলার।

ক্রীড়াঙ্গনে বিনিয়োগের ক্ষেত্রে অ্যাপোলো অবশ্য নতুন নয়। এক ট্রিলিয়ন ডলারের বেশি সম্পদ ব্যবস্থাপনাকারী প্রতিষ্ঠানটি গত বছর দুই বিলিয়ন ইউরোর বেশি বাজারমূল্যে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের সংখ্যাগরিষ্ঠ শেয়ার কিনতে সম্মত হয়। ২০২৪ সালের ডিসেম্বরে প্রিমিয়ার লিগের আরেক ক্লাব নটিংহ্যাম ফরেস্টকে ৮ কোটি পাউন্ড ঋণও দিয়েছিল তারা। গত আগস্টে নিউইয়র্ক ইয়াঙ্কিসের মূল কোম্পানিকে ২৬০ কোটি ডলার অর্থায়নের ঘোষণাও দেয় প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি সিটি ফুটবল গ্রুপ ও অ্যাপোলো—কোনো পক্ষই।

  • সর্বশেষ