শিরোনাম
◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া ◈ লিসান্দ্রোসহ লেফট ফুটেড ৩ ডিফেন্ডার আস‌ছে ‌টিম বার্সেলোনায় ◈ ঢাকা-সিলেট যাতায়াতে লাগবে মাত্র তিন ঘণ্টা, হচ্ছে ছয় লেনের এক্সপ্রেসওয়ে ◈ কয়েক দশকের সাফল্যের পর অর্থনৈতিক সংকটে বাংলাদেশ: দ্য ইকোনমিস্ট ◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ ◈ গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা, আন্তজেলা প্রবেশপথে চেকপোস্ট স্থাপন ও নিরাপত্তা জোরদারে গোয়েন্দা প্রতিবেদনে সুপারিশ ◈ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা চাইল কর্তৃপক্ষ

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৬, ১০:৪৫ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২৬, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোনালদোর দেশে ফুটবল ক্লাব কিনল বাংলাদেশি প্রতিষ্ঠান

ইউরোপের ফুটবলে বাংলাদেশের নতুন সংযোগ। ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগালের একটি ফুটবল ক্লাবের মালিকানা নিয়েছে বাংলাদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান।

শুধু বিনিয়োগ নয়, এই মালিকানার মধ্য দিয়ে বাংলাদেশের তরুণ ফুটবলারদের ইউরোপে প্রশিক্ষণ ও খেলার সুযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে নতুন মালিকপক্ষের।

ক্লাবটির নাম জিডি সাও রক। বাংলাদেশি বিনিয়োগকারী ইশতিয়াক রউফের নেতৃত্বাধীন প্রতিষ্ঠান আর্গোনাট স্পোর্টস ক্যাপিটাল ক্লাবটির মালিকানা কিনেছে। সম্প্রতি ক্লাবটি অধিগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে ডেইলি সানকে জানিয়েছেন ক্লাবসংশ্লিষ্ট একটি সূত্র।

নতুন মালিকপক্ষের পরিকল্পনা, বাংলাদেশের ফুটবলসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে অংশীদারির ভিত্তিতে কাজ করা। বিশেষ করে তরুণ প্রতিভা খুঁজে বের করা, একাডেমিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং খেলোয়াড়দের ইউরোপে খেলার সুযোগ তৈরিতে আগ্রহী তারা।

Advertisement

ক্লাবসংশ্লিষ্ট ওই সূত্র বলেছে, ‘ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলের সঙ্গে অংশীদারির ভিত্তিতে কাজ করতে চাই আমরা। প্রতিভা অন্বেষণ, একাডেমি প্রশিক্ষণ এবং খেলোয়াড়দের দলবদলের ক্ষেত্রে সুযোগ তৈরি হতে পারে।

১৯৬০ সালের ১২ আগস্ট প্রতিষ্ঠিত জিডি সাও রকের অবস্থান পর্তুগালের আজোরেস দ্বীপপুঞ্জের সাও মিগেল দ্বীপের পন্তা দেলগাদায়। শুরুতে স্থানীয় জনগোষ্ঠীর ক্রীড়া সংগঠন হিসেবে যাত্রা করা ক্লাবটি কয়েক দশক ধরে বিভিন্ন স্থানীয় ও আঞ্চলিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

বর্তমানে ক্লাবটি পর্তুগিজ ফুটবলের পঞ্চম স্তরের আঞ্চলিক প্রতিযোগিতা কাম্পেওনাতো দে ফুটবল দোস আজোরেসে খেলছে। ২০২৫-২৬ মৌসুমে ১৮ ম্যাচে ১২ জয়, ৩ ড্র ও ৩ হারে দ্বিতীয় হয়েছিল তারা। মৌসুমে তাদের পয়েন্ট ছিল ৩৯।

শুধু মূল দল নয়, বয়সভিত্তিক ফুটবলেও সাফল্য আছে ক্লাবটির। স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং আঞ্চলিক ফুটবলের উন্নয়ন বরাবরই তাদের অন্যতম লক্ষ্য।

নতুন মালিকপক্ষ ক্লাবটিকে আরো আধুনিক, আর্থিকভাবে টেকসই ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত করতে চায়। একাডেমির মাধ্যমে স্থানীয় খেলোয়াড়দের গড়ে তোলার পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ফুটবলারদের ইউরোপীয় ফুটবলে প্রবেশের সুযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে তাদের।

বাংলাদেশের ফুটবলের জন্য অবশ্য সবচেয়ে আকর্ষণীয় হতে পারে এই উদ্যোগের আরেকটি দিক। পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের প্রতিভাবান তরুণেরা পর্তুগালে উন্নত প্রশিক্ষণ, একাডেমিতে অনুশীলন এবং ইউরোপের পেশাদার ফুটবলে ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ পেতে পারেন।

  • সর্বশেষ