স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা চোটের কারণে ছিটকে যাওয়ায় দলের নেতৃত্ব পেয়েছেন বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। তবে প্রোটিয়াদের জন্য বড় স্বস্তির খবর, দীর্ঘদিন পর চোট কাটিয়ে ওয়ানডে দলে ফিরেছেন পেসার লুঙ্গি এনগিডি। একই সঙ্গে দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ গতিতারকা এনরিক নরকিয়াও।
লাল-সবুজদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজকে সামনে রেখে ঘোষিত দলে রাখা হয়েছে ১৫ ক্রিকেটারকে। বাভুমা কাফের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় আপাতত নেতৃত্বের দায়িত্ব সামলাবেন মহারাজ। টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলবেন না তিনি। প্রথম টেস্টে বিশেষজ্ঞ স্পিনারের জায়গা ধরে রেখেছেন সাইমন হারমার। অন্যদিকে সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। টেস্ট দলে নতুন করে ডাক পেয়েছেন অলরাউন্ডার সেনুরান মুথুস্বামি।
ওয়ানডে সিরিজের আগে টেস্ট দলের বেশিরভাগ ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে দক্ষিণ আফ্রিকা। বিশ্রামে থাকছেন মার্করাম, ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন, কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন। মূলত ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন টেস্টের সিরিজের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।
এনগিডি সর্বশেষ মৌসুমের শুরুতে ঘরোয়া ক্রিকেটে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন। দীর্ঘ পুনর্বাসন শেষে এবার ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে। নরকিয়াও ফিরছেন ওয়ানডে দলে। ২০২৩ বিশ্বকাপের আগে সর্বশেষ এই সংস্করণে খেলেছিলেন তিনি।
এদিকে টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন বিজর্ন ফরচুইন। সেই দলে ফিরেছেন তরুণ পেসার কোয়েনা মাফাকা।
দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড
কেশব মহারাজ (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, করবিন বশ, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিজর্ন ফরচুইন, জর্ডান হারম্যান, ডুয়ান ইয়ানসেন, নকোবানি মোকোয়েনা, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, আনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি, সিনেথেম্বা কুশিলে ও ট্রিস্টিয়ান স্টাবস।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড
বিজর্ন ফরচুইন (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েটজি, কনর এস্টারহুইজেন, ডোনোভান ফেরেইরা, জর্ডান হারম্যান, ডুয়ান ইয়ানসেন, কোয়েনা মাফাকা, নকোবানি মোকোয়েনা, নকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কুশিলে, ট্রিস্টিয়ান স্টাবস ও প্রেনেলান সুব্রায়েন।