শিরোনাম
◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৬, ০১:২৭ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২৬, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় বড় অগ্রগতি, নতুন ওষুধে ১২ জনের ১ জনের টিউমার সম্পূর্ণ অদৃশ্য

ড্যারাক্সোনরাসিব ও কেমোথেরাপি দিয়ে চিকিৎসার আগে (বামে) ও পরে করা সিটি স্ক্যানে একাধিক টিউমার আর দেখা যাচ্ছে না। ছবি: বিবিসি

বিবিসি: অগ্ন্যাশয়ের (প্যানক্রিয়াস) ক্যানসার চিকিৎসায় বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন একটি ওষুধের পরীক্ষায় দেখা গেছে, কেমোথেরাপির সঙ্গে প্রতিদিন সেবনযোগ্য ‘ড্যারাক্সোনরাসিব’ (Daraxonrasib) গ্রহণে কিছু রোগীর টিউমার সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাচ্ছে। কয়েক দশকের মধ্যে অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় এটিকে সবচেয়ে বড় অগ্রগতি হিসেবে অভিহিত করছেন বিশেষজ্ঞরা।

শুক্রবার (২০ নভেম্বর) বিবিসি জানায়, প্রাথমিক পর্যায়ের একটি ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেওয়া রোগীদের মধ্যে প্রতি ১২ জনে একজনের শরীরে সিটি স্ক্যানে ক্যানসারের কোনো অস্তিত্ব শনাক্ত করা যায়নি। আর প্রায় ৯০ শতাংশ রোগীর ক্ষেত্রে টিউমারের বৃদ্ধি থেমে গেছে।

গবেষণায় অংশ নিয়েছিলেন সম্প্রতি শনাক্ত হওয়া ও শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়া অগ্রসর পর্যায়ের অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত ৬১ জন রোগী। তাঁদের মধ্যে ৬০ শতাংশের বেশি রোগীর টিউমার ছোট হয়েছে অথবা সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে।

ক্যানসার রিসার্চ ইউকের চিকিৎসক স্যাম গডফ্রে বিবিসিকে বলেন, নতুন ওষুধটি এমন একটি ক্যানসারকে লক্ষ্য করতে সক্ষম হয়েছে, যেটিকে এত দিন ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব বলে মনে করা হতো। তাঁর ভাষায়, অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় দীর্ঘদিনের স্থবিরতার পর অবশেষে অগ্রগতি দেখা যাচ্ছে।

Advertisement

অগ্ন্যাশয়ের ক্যানসার অত্যন্ত প্রাণঘাতী। যুক্তরাজ্যে সাধারণ ক্যানসারগুলোর মধ্যে এ রোগে বেঁচে থাকার হার সবচেয়ে কম। প্রচলিত কেমোথেরাপিতে টিউমার কিছুটা ছোট হলেও অনেক ক্ষেত্রে আবার বাড়তে শুরু করে। ফলে অগ্রসর পর্যায়ের রোগীদের অধিকাংশই কয়েক মাসের বেশি বাঁচেন না।

ড্যারাক্সোনরাসিব মূলত একটি লক্ষ্যভিত্তিক ওষুধ। এটি অগ্ন্যাশয়ের ক্যানসারে সাধারণত পাওয়া যাওয়া আরএএস (RAS) নামের জিনগত মিউটেশনকে নিষ্ক্রিয় করে। এসব মিউটেশনই টিউমারের বৃদ্ধিতে ভূমিকা রাখে।

যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টারের চিকিৎসক উংকি পার্ক বলেন, প্রাথমিক ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক। আগের চিকিৎসার তুলনায় টিউমার নিয়ন্ত্রণের হার ও সময়—দুটিই বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এতে রোগীদের আয়ু বাড়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই ওষুধকে এখনই ক্যানসার নিরাময়ের চিকিৎসা বলা যাবে না। পরীক্ষায় রোগীদের গড়ে দেড় বছর পর্যবেক্ষণ করা হয়েছে। দীর্ঘ মেয়াদে ক্যানসার ফিরে আসে কি না, তা জানতে আরও গবেষণা প্রয়োজন।

গবেষণাটি ২০২৬ সালের ইউরোপীয় ক্যানসার সম্মেলনে উপস্থাপন করা হচ্ছে। বিশেষজ্ঞদের আশা, অগ্ন্যাশয়ের ক্যানসারে সাফল্য পাওয়া গেলে ফুসফুস ও ডিম্বাশয়ের ক্যানসারসহ অন্য রোগের চিকিৎসাতেও ওষুধটি কাজে লাগতে পারে।

  • সর্বশেষ