মনজুর এ আজিজ: বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগিতার অংশ হিসেবে নতুন করে সর্বোচ্চ ২৪৬ মিলিয়ন বা ২৪ কোটি ৬০ লাখ ইউরোর প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি। এর মধ্য দিয়ে ২০২৪ সালের পর থেকে দেশটির মোট সহায়তার প্রতিশ্রুতি দাঁড়িয়েছে সর্বোচ্চ ৪০২ মিলিয়ন বা ৪০ কোটি ২০ লাখ ইউরো। দুদেশের ২০২৬ সালের উন্নয়ন সহযোগিতা আলোচনা শেষে গত ১৮ বুধবার এ প্রতিশ্রুতি দেয়া হয়। এর পর গতকাল অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও ঢাকায় জার্মান দূতাবাসের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের আলোচনা হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত ২৭ অক্টোবর ঢাকায় প্রথম দফার সরাসরি আলোচনা হয়। বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অর্থ মন্ত্রণালয়ের ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী। জার্মান প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দেশটির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়ের (বিএমজেড) দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান বারবারা শেফার। আলোচনার উদ্বোধনী বক্তব্য দেন বিএমজেডের ভাইস মিনিস্টার ও পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি ড. বারবেল কোফলার।
আলোচনায় শাহরিয়ার কাদের সিদ্দিকী বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতিতে জার্মানির প্রায় ৫৫ বছরের সহযোগিতার অবদানের জন্য কৃতজ্ঞতা জানান। দারিদ্র্য বিমোচন, সুশাসন, জলবায়ু সহনশীলতা, নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই উন্নয়নকে দুদেশের অভিন্ন অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন তিনি। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা, জলবায়ু সহনশীল নগর অবকাঠামো, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানান। জাতীয় অগ্রাধিকারের সঙ্গে প্রকল্পের সামঞ্জস্য নিশ্চিত, কার্যকর বাস্তবায়ন এবং প্রশাসনিক প্রক্রিয়া সহজ রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
জার্মানির পক্ষ থেকে দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারত্ব অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ড. বারবেল কোফলার। অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন, সুশাসন, মানবাধিকার এবং জলবায়ু কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান তিনি। একইসঙ্গে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রক্রিয়ায় সহায়তার আশ্বাস দেন। উন্নয়ন সহযোগিতার অর্থ কার্যকর ও দক্ষতার সঙ্গে ব্যবহারের পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে প্রশাসনিক প্রতিবন্ধকতা দূর করে কাজের গতি বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।
যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের আলোচনায় ঘোষিত সর্বোচ্চ ২৪ কোটি ৬০ লাখ ইউরো দ্বিপক্ষীয় কারিগরি ও আর্থিক সহযোগিতার জন্য বরাদ্দের প্রতিশ্রুতি। ২০২৪ সালের সরকারি পর্যায়ের আলোচনার পর থেকে দুদেশের মধ্যে এ খাতে মোট প্রতিশ্রুতির পরিমাণ দাঁড়িয়েছে সর্বোচ্চ ৪০ কোটি ২০ লাখ ইউরো।
জার্মানির সহযোগিতার অগ্রাধিকার খাতগুলোর মধ্যে রয়েছে নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি দক্ষতা, টেকসই নগর উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ, সামাজিক ও পরিবেশগতভাবে টেকসই সরবরাহ ব্যবস্থা, বাণিজ্য ও টেকসই অবকাঠামো এবং জীববৈচিত্র্য সংরক্ষণ। এছাড়া কক্সবাজারে বাস্তুচ্যুত জনগোষ্ঠী ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য সহায়তা এবং টেকসই বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধিও সহযোগিতার ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছে।