মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষে বড় ধরনের সংকটে পড়েছে দেশের তৈরি পোশাকশিল্প। সাভার, আশুলিয়া, গাজীপুর ও মিরপুর শিল্পাঞ্চলে একের পর এক কারখানায় উৎপাদন বন্ধ হচ্ছে। কোথাও শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষ, কোথাও নিরাপত্তার শঙ্কায় কারখানায় ছুটি ঘোষণা করছেন মালিকরা। কয়েক সপ্তাহের অস্থিরতায় পোশাক খাতে ৩ থেকে ৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)।
এদিকে চলমান অস্থিরতায় কারখানাগুলোর প্রকৃত আর্থিক ক্ষতি নিরূপণে জরিপ শুরু করেছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। শ্রমিকদের ন্যায্য মজুরি, কারখানার নিরাপত্তা, উৎপাদন সক্ষমতা এবং রফতানি বাজার ধরে রাখার চ্যালেঞ্জ— সব মিলিয়ে দেশের প্রধান রফতানি খাত এখন কঠিন সময় পার করছে।
ব্যাহত হচ্ছে উৎপাদন, বাড়ছে ক্ষতির পরিমাণ
বাংলাদেশের পণ্য রফতানি আয়ের বড় অংশ আসে তৈরি পোশাকশিল্প থেকে। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট পণ্য রফতানি হয়েছে ৪৮ বিলিয়ন ডলারের বেশি। এর মধ্যে তৈরি পোশাক থেকে এসেছে প্রায় ৩৮ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরের প্রথম চার মাসেও মোট রফতানির ৭৬ শতাংশের বেশি এসেছে এ খাত থেকে।
এমন গুরুত্বপূর্ণ শিল্পে অস্থিরতা ছড়িয়ে পড়ায় উদ্বেগ বাড়ছে অর্থনীতিতে। শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে গত অক্টোবর থেকে আন্দোলন চলছে। মিরপুর, গাজীপুর, সাভার ও আশুলিয়ায় বিক্ষোভ, কর্মবিরতি, সড়ক অবরোধ ও সংঘর্ষের কারণে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বিজিএমইএ’র তথ্য অনুযায়ী, গত বুধবার (১৮ নভেম্বর) ৩৯৯টি কারখানার উৎপাদন ব্যাহত হয়। বৃহস্পতিবারও ৩৪১টি কারখানায় উৎপাদন স্বাভাবিক ছিল না। এর মধ্যে ১৯৪টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল। এসব কারখানার ১২২টি গাজীপুরে, ৪০টি সাভার-আশুলিয়ায় এবং ৩২টি মিরপুরে। এ ছাড়া ১৪৭টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
বিজিবিএ সভাপতি মো. আবদুল হামিদ বৃহস্পতিবার সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, চলমান আন্দোলনে পোশাক খাতে ৩ থেকে ৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তাদের আশঙ্কা। একটি পোশাক কারখানায় এক দিন উৎপাদন বন্ধ থাকলে জাতীয় অর্থনীতিতে প্রায় ২ হাজার থেকে ২ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হতে পারে বলেও দাবি করেন তিনি। তাঁর মতে, এ অস্থিরতার প্রভাব শুধু কারখানায় সীমাবদ্ধ নেই; পরিবহন, ব্যাংকিং, লজিস্টিকস, সরবরাহ ব্যবস্থা ও বায়িং হাউসেও পড়ছে।
ক্ষয়ক্ষতি নিরূপণে বিজিএমইএ’র জরিপ
অস্থিরতায় কারখানাগুলোর প্রকৃত আর্থিক ক্ষতি কতটা হয়েছে, তা জানতে সদস্য প্রতিষ্ঠানগুলোর কাছে তথ্য চেয়েছে বিজিএমইএ। গত বুধবার পাঠানো চিঠিতে চলতি মাসের প্রথম ১৮ দিনের উৎপাদন ব্যাহত হওয়ার হিসাব, রফতানি আদেশ বাতিল বা কমে যাওয়া, অতিরিক্ত পরিবহন ব্যয় এবং কারখানার সম্পদের ক্ষয়ক্ষতির তথ্য চাওয়া হয়েছে।
আগামী ২২ নভেম্বরের মধ্যে নির্ধারিত অনলাইন ফরমে এসব তথ্য জমা দিতে বলা হয়েছে। এতে কারখানার বার্ষিক রফতানি মূল্য, শ্রমিকসংখ্যা, উৎপাদন বন্ধ থাকার দিন, উৎপাদন ঘাটতির আর্থিক মূল্য এবং কাজ না হলেও শ্রমিকদের মজুরি বাবদ ব্যয়ের হিসাব দিতে হবে।
এ ছাড়া উৎপাদন ঘাটতি পূরণে অতিরিক্ত কাজের সম্ভাব্য ব্যয়, আকাশপথে পণ্য পাঠানোর খরচ, মূল্যছাড় দিয়ে পণ্য বিক্রির পরিমাণ এবং আগের মৌসুমের তুলনায় নতুন ক্রয়াদেশ কমে যাওয়ার তথ্যও চেয়েছে সংগঠনটি। জরিপের ফলাফলের ভিত্তিতে ক্ষয়ক্ষতি মূল্যায়ন করে সরকারের কাছে নীতিগত সহায়তার সুপারিশ করার পরিকল্পনা রয়েছে বিজিএমইএর।
ক্রয়াদেশ হারানোর আশঙ্কা
অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়টি পোশাকশিল্পের জন্য গুরুত্বপূর্ণ। এ সময়ে আন্তর্জাতিক বাজারে শীতকালীন পোশাকের উৎপাদন ও সরবরাহের চাপ থাকে। ফলে এখন উৎপাদন ব্যাহত হলে শুধু চলতি ক্রয়াদেশ নয়, পরবর্তী মৌসুমের ব্যবসাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিজিবিএ সভাপতি আবদুল হামিদ বলেন, ‘‘চলমান পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রেতারা বাংলাদেশ থেকে নতুন ক্রয়াদেশ দেওয়ার ক্ষেত্রে সতর্ক হয়ে উঠছেন। কিছু ক্ষেত্রে ক্রয়াদেশের পরিমাণও কমেছে। নির্ধারিত সময়ে পণ্য পাঠাতে না পারলে রফতানিকারকদের বাড়তি খরচে বিমানে পণ্য পাঠাতে হবে। আবার দেরিতে পণ্য পৌঁছালে ক্রেতারা মূল্যছাড় চাইতে পারেন। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন তৈরি হতে পারে।’’
বিজিএমইএর সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বলেন, ‘‘তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ ও উৎপাদন বিঘ্নের প্রভাব শুধু তাৎক্ষণিক আর্থিক ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক ক্রেতারা একটি নির্দিষ্ট সময়সূচি ও সরবরাহব্যবস্থার ওপর নির্ভর করে ক্রয়াদেশ দেন। কারখানায় উৎপাদন বন্ধ থাকলে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করা কঠিন হয়ে পড়ে। এতে বাড়তি পরিবহন ব্যয়, মূল্যছাড়ের চাপ এবং ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।’’
তিনি বলেন, ‘‘সবচেয়ে বড় বিষয় হলো, বাংলাদেশের সরবরাহ সক্ষমতা ও নির্ভরযোগ্যতা নিয়ে ক্রেতাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হতে পারে। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি কারখানার উৎপাদন পরিবেশ ও নিরাপত্তা স্বাভাবিক রাখা জরুরি। সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের আলোচনার মাধ্যমে দ্রুত গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে হবে। কারণ, একটি ক্রয়াদেশ হারানো মানে শুধু একটি কারখানার ক্ষতি নয়; এর সঙ্গে শ্রমিকের কর্মসংস্থান, সহযোগী শিল্প এবং দেশের রপ্তানি আয়ও জড়িত।’’
নিরাপত্তাহীনতায় বন্ধ কারখানা
শ্রমিক অসন্তোষের পাশাপাশি বাইরের লোকজনের হামলার আশঙ্কাও কারখানা বন্ধের কারণ হয়ে উঠেছে। আশুলিয়ার একটি পোশাকশিল্প গ্রুপের এক কর্মকর্তা জানান, তাদের কয়েকটি কারখানার শ্রমিকদের মধ্যে অভ্যন্তরীণ অসন্তোষ না থাকলেও বাইরের হামলার আশঙ্কায় উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। কারখানা চালু রাখার মতো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ, আন্দোলন দমনে গ্রেফতার ও হয়রানির কারণে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) নেতারা জানিয়েছেন, তাদের কয়েকজন আঞ্চলিক নেতা ও সাধারণ শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। এতে শ্রমিকদের সঙ্গে আলোচনার পরিবেশও বাধাগ্রস্ত হচ্ছে।
মজুরি সমঝোতাই বড় চ্যালেঞ্জ
শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার গত ১ নভেম্বর ছয় সদস্যের নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন। মালিকপক্ষ এখনো তাদের প্রস্তাব জমা দেয়নি। আগামী সভায় প্রস্তাব দেওয়ার কথা রয়েছে। বোর্ড জানিয়েছে, নতুন মজুরি চূড়ান্ত হলে তা ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
নলেজ হাব ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ও অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম মনে করেন, মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত শেষ করা প্রয়োজন। গ্রহণযোগ্য প্রস্তাব এলে শ্রমিকদের অসন্তোষ অনেকটাই প্রশমিত হতে পারে। অন্যথায় বিভিন্ন পক্ষের স্বার্থ ও রাজনৈতিক উপাদান যুক্ত হয়ে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।
সূত্র : বাংলা ট্রিবিউন