সৌরমণ্ডলের প্রান্তে নেপচুনেরও বহু দূরে রয়েছে বিশাল এক বরফের ভান্ডার। এমন ধারণার পক্ষে নতুন প্রমাণ পেয়েছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। পৃথিবীর বায়ুমণ্ডলের ওপর থেকে সংগ্রহ করা মাত্র ১২টি মহাজাগতিক ধূলিকণা বিশ্লেষণ করে এ তথ্য পেয়েছেন গবেষকেরা।
বিজ্ঞানীদের ধারণা, সৌরমণ্ডল সৃষ্টির সময় জল ও অন্যান্য উপাদান কীভাবে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল, তার গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত রয়েছে এসব ধূলিকণায়। গবেষণাটি প্রকাশিত হয়েছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘সায়েন্স অ্যাডভান্সেস’-এ।
গবেষণার জন্য পৃথিবীর বায়ুমণ্ডলের উচ্চস্তর থেকে নাসার ইআর-২ গবেষক বিমানের সাহায্যে ১২টি ক্ষুদ্র ধূলিকণা সংগ্রহ করা হয়। পরে সেগুলোতে থাকা বিভিন্ন রাসায়নিক উপাদান পরীক্ষা করেন বিজ্ঞানীরা। কণাগুলোর রাসায়নিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করে তাঁরা ধারণা করেন, এগুলোর উৎস সৌরমণ্ডলের বাইরের অংশে অবস্থিত কুইপার বেল্ট।
নেপচুন গ্রহের কক্ষপথের বাইরে বরফ ও পাথুরে বস্তুতে পরিপূর্ণ বিস্তীর্ণ অঞ্চলকে কুইপার বেল্ট বলা হয়। বিজ্ঞানীদের ধারণা, এই অঞ্চলে সৌরমণ্ডল সৃষ্টির আদিকালের নানা উপাদান সংরক্ষিত রয়েছে।
নাসার জনসন স্পেস সেন্টারের গবেষকেরা শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ধূলিকণাগুলো পরীক্ষা করেন। পাশাপাশি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা কণাগুলোর অক্সিজেনের গঠন বিশ্লেষণ করেন। এতে এমন কিছু খনিজের সন্ধান পাওয়া যায়, যা সৌরমণ্ডল সৃষ্টির সময় জল ও ধূলিকণার রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হয়েছিল।
গবেষণায় ধূলিকণাগুলোর মধ্যে অক্সিজেনের বিভিন্ন আইসোটোপের উপস্থিতিও পরীক্ষা করা হয়। অক্সিজেনের আইসোটোপ হলো একই মৌলের এমন ভিন্ন রূপ, যাদের পরমাণুতে নিউট্রনের সংখ্যা আলাদা। এসব আইসোটোপের অনুপাত বিশ্লেষণ করে কোনো উপাদানের উৎপত্তিস্থল এবং সময়ের সঙ্গে তার পরিবর্তন সম্পর্কে ধারণা পাওয়া যায়।
গবেষকদের পর্যবেক্ষণে দেখা গেছে, সৌরমণ্ডল সৃষ্টির প্রাথমিক পর্যায়ে এসব উপাদানের সঙ্গে যুক্ত জলে অক্সিজেনের বিশেষ আইসোটোপের পরিমাণ ছিল তুলনামূলক বেশি। রাসায়নিক বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করে বিজ্ঞানীরা মনে করছেন, সৌরমণ্ডলের বাইরের অংশে থাকা জলের গঠন সূর্যের কাছাকাছি অঞ্চলের জলের গঠন থেকে আলাদা।
বহু বছর ধরেই বিজ্ঞানীরা ধারণা করে আসছেন, সৌরমণ্ডলের দূরবর্তী অঞ্চলে বিপুল পরিমাণ জল ও বরফ রয়েছে। তবে এত দিন এ বিষয়ে সরাসরি প্রমাণ পাওয়া কঠিন ছিল। কারণ, মহাকাশ থেকে সংগ্রহ করা অধিকাংশ নমুনাই এসেছে সূর্যের কাছাকাছি অঞ্চল থেকে।
গবেষকদের মতে, সৌরমণ্ডলের বিশালাকার গ্রহগুলোর গঠনপ্রক্রিয়া জল ও অন্যান্য উপাদানের বণ্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এসব গ্রহ একধরনের বাধা হিসেবে কাজ করায় সৌরমণ্ডলের ভেতরের দিকে উপাদান প্রবেশের পরিমাণ নিয়ন্ত্রিত হয়েছিল। গবেষক অধ্যাপক কেভিন ম্যাককিগানের মতে, সৌরমণ্ডল সৃষ্টির সময় জল সব জায়গায় সমানভাবে বণ্টিত হয়নি এবং সব উপাদানের সঙ্গে একইভাবে মিশেও যায়নি।
গবেষণাটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, মহাকাশ থেকে পৃথিবীতে এসে পৌঁছানো ক্ষুদ্র ধূলিকণার মধ্যেও সৌরমণ্ডলের দূরবর্তী অঞ্চলের তথ্য সংরক্ষিত থাকতে পারে। ফলে যেসব স্থান থেকে মহাকাশযান এখনো সরাসরি নমুনা সংগ্রহ করতে পারেনি, সেসব অঞ্চল সম্পর্কেও ধারণা পাওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে। তথ্যসূত্র: আনন্দবাজার।