খবর রয়টার্স: আন্তর্জাতিক বিচার আদালত গণহত্যার জন্য মিয়ানমারকে দায়ী করে রায় দিলেও বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের রাখাইনে ফেরার পথ এখনো অনিশ্চিত। রাখাইনে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে আরাকান আর্মির লড়াই চলছে। রোহিঙ্গাদের যেসব এলাকায় ফেরার কথা, সেগুলোর অধিকাংশই এখন সশস্ত্র গোষ্ঠীটির নিয়ন্ত্রণে। নাগরিকত্ব ও চলাচলের অধিকারের প্রশ্নও অমীমাংসিত। বিশ্লেষকরা বলছেন, এ রায় প্রত্যাবাসনের দাবিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর সুযোগ দিয়েছে বাংলাদেশকে। তবে রাখাইনে সংঘাতের অবসান এবং ফিরে যাওয়া রোহিঙ্গাদের নিরাপত্তা ও অধিকারের নিশ্চয়তা ছাড়া প্রত্যাবাসনের সম্ভাবনা ক্ষীণ।
বাংলাদেশে আশ্রয় নেয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গার অধিকাংশকে ফিরতে হবে মিয়ানমারের রাখাইন রাজ্যের এমন সব এলাকায়, যেগুলো এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। সেখানে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীটির লড়াই চলছে। দুই পক্ষের বিরুদ্ধেই রোহিঙ্গাদের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের সুযোগ দিতে মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন। এ নির্দেশ প্রত্যাবাসনের পক্ষে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান জোরালো করেছে। তবে যুদ্ধের মধ্যে ফেরার নিরাপত্তা নিশ্চিত করা, রাখাইনের নিয়ন্ত্রণকারী পক্ষগুলোর সঙ্গে সমঝোতা এবং রোহিঙ্গাদের নাগরিকত্ব ও অধিকার প্রতিষ্ঠার প্রশ্নগুলো এখনো অমীমাংসিত।
মিয়ানমারবিষয়ক বিশ্লেষক সাই কি জিন সো রয়টার্সকে বলেন, ‘রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদে ফেরার সুযোগ দেয়ার কথা আদালতের নির্দেশে রয়েছে। তবে মিয়ানমারের চলমান গৃহযুদ্ধের মধ্যে বাস্তবে তা ঘটার সম্ভাবনা কম। ২০২৩ সালের পর রাখাইন থেকে রোহিঙ্গাদের নতুন করে বাংলাদেশে আসার ঘটনা দেখায়, যে সংঘাতের মধ্যে প্রত্যাবাসনের কথা হচ্ছে সেই সংঘাতই আবার মানুষকে ঘর ছাড়তে বাধ্য করছে।’
বৃহস্পতিবার আইসিজে ২০১৭ সালের সামরিক অভিযানে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যার জন্য মিয়ানমারকে দায়ী করেন। রায়ে মিয়ানমারের বেআইনি কর্মকাণ্ডের কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে ও মর্যাদার সঙ্গে ফেরার সুযোগ দেয়ার নির্দেশও রয়েছে। গতকাল মিয়ানমার সরকারের মুখপাত্র খাইং খাইং সো রায়কে ‘অন্যায্য’ বলে অভিহিত করেন। তবে দেশটির জান্তাবিরোধী ছায়া জাতীয় ঐক্য সরকার (এনইউজি) জানিয়েছে, তারা আদালতের কর্তৃত্ব ও রায়ের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের সিদ্ধান্ত ও নির্দেশগুলো পর্যালোচনার পাশাপাশি নৃশংসতার পুনরাবৃত্তি ঠেকাতে কাজ করার কথাও জানিয়েছে তারা।
২০১৭ সালে সামরিক অভিযানের মুখে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। সে সময় রাখাইনের যেসব এলাকা থেকে তারা বিতাড়িত হয়, সেগুলো মিয়ানমারের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। এরপর ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনাবাহিনী ক্ষমতা দখল করলে দেশজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে। ২০২৩ সালের নভেম্বরে রাখাইনে সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যে নতুন করে লড়াই শুরু হয়। এ দফায়ও বহু রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।
মিয়ানমারের অন্যতম শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি গত কয়েক বছরে সামরিক বাহিনীর কাছ থেকে রাখাইনের প্রায় ৯০ শতাংশ দখল করে নিয়েছে। বাংলাদেশে আশ্রিত অধিকাংশ রোহিঙ্গার আদি বসতিগুলোও এখন তাদের নিয়ন্ত্রণে। জান্তার পাশাপাশি আরাকান আর্মির বিরুদ্ধেও রোহিঙ্গাদের ওপর হামলার অভিযোগ রয়েছে। আইসিজের রায় নিয়ে তারা অবশ্য প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি। গোষ্ঠীটির একজন মুখপাত্রকে রয়টার্স প্রশ্ন পাঠালেও তিনি জবাব দেননি। ফলে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের গ্রহণ করা এবং ফিরে যাওয়া পরিবারগুলোর নিরাপত্তা ও চলাচলের বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট নয়।
বাংলাদেশের আশ্রয় শিবিরে থাকা ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করার কথা গত আগস্টে জানিয়েছিল মিয়ানমার। দেশটির সরকার সে সময় জানায়, রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে প্রত্যাবাসন শুরু হবে। এখন পর্যন্ত এ তালিকার কাউকে কবে ফেরত নেয়া হবে, তার সুনির্দিষ্ট সময় জানায়নি মিয়ানমার। তালিকাভুক্ত পরিবারগুলো কোথায় গিয়ে থাকবে, সেখানে তাদের নিরাপত্তা কে নিশ্চিত করবে এবং চলাচলে কী ধরনের বিধিনিষেধ থাকবে—এসব প্রশ্নের উত্তরও নেই।
এর আগে ২০১৮ ও ২০১৯ সালে দুই দফা প্রত্যাবাসনের উদ্যোগ নেয়া হয়েছিল। দুই দফাতেই একজন রোহিঙ্গাও ফেরেনি। এবার তিন লাখের বেশি মানুষকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করার মধ্য দিয়ে তাদের আগের বসবাসের তথ্য স্বীকার করেছে মিয়ানমার। তবে তাদের নাগরিকত্বের প্রশ্নটির নিষ্পত্তি এখনো হয়নি। শিবিরে থাকা রোহিঙ্গাদের অনেকে রয়টার্সকে বলেছেন, পূর্ণ অধিকার, মর্যাদা ও নাগরিকত্বের নিশ্চয়তা পেলেই তারা ফেরার কথা বিবেচনা করবেন।
রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা আরাকান প্রজেক্টের পরিচালক ক্রিস লেওয়া রয়টার্সকে বলেন, ‘নাগরিকত্ব, অধিকার ও কার্যকর নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া প্রত্যাবর্তন সম্ভব নয়।’ রাখাইনের রাজধানী সিত্তয়ের শিবিরগুলোয় থাকা রোহিঙ্গাদের নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করেন ক্রিস লেওয়া। তিনি জানান, সেখানে রোহিঙ্গারা সীমিত পরিসরে চলাচল করতে পারে। ত্রাণ পাওয়ার সুযোগ ও চলাচলের জন্য তাদের সামরিক বাহিনীর ওপর নির্ভর করতে হয়। প্রতিশোধমূলক হামলার ঝুঁকিতেও রয়েছে তারা। বাংলাদেশ থেকে যেসব পরিবার ফিরতে চায়, তাদের জন্য রাখাইনে থেকে যাওয়া রোহিঙ্গাদের এ অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। ফিরে গিয়ে তারা নিজ এলাকায় বসবাস করতে পারবে, নাকি দীর্ঘদিন শিবিরে আটকে থাকতে হবে, সেটিও নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের প্রশ্ন।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রত্যাবাসনই কার্যকর পথ এবং আইসিজের রায় এ উদ্যোগ এগিয়ে নিতে সহায়ক হতে পারে। শিগগিরই রোহিঙ্গাদের ফেরানো সম্ভব হবে বলে মনে করেন না পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি রয়টার্সকে বলেন, ‘আগামীকালই বা খুব শিগগির এটি হবে না। এক-দেড় বছরের মধ্যে নিরাপদে ফেরার পথ নিশ্চিত করতে আমরা অন্যান্য সংস্থার সঙ্গে মিলে বহুপক্ষীয়ভাবে চাপ দেব।’
রায়ের ফলে প্রত্যাবাসন নিয়ে ঢাকার কূটনৈতিক তৎপরতা চালানোর ভিত্তি আরো জোরালো হয়েছে বলে মনে করেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা রিচার্ড হর্সি। তিনি রয়টার্সকে বলেন, ‘রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে বাংলাদেশকে এমন একটি রাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে হবে, যাকে আদালত গণহত্যার জন্য দায়ী করেছেন। পাশাপাশি রাখাইনে আরাকান আর্মির নিয়ন্ত্রণ বিস্তৃত হওয়ায় তাদের সঙ্গেও আলোচনার প্রয়োজন বাড়বে।’
রয়টার্স বলছে, প্রত্যাবাসনের অপেক্ষা দীর্ঘ হওয়ার সঙ্গে বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা চালিয়ে যাওয়ার চাপ বাড়ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় ৭১ কোটি ডলার প্রয়োজন ছিল। এর প্রায় ৬৯ শতাংশের সংস্থান হয়েছে। বাংলাদেশে রোহিঙ্গাদের আনুষ্ঠানিকভাবে কাজ করে জীবিকা নির্বাহের সুযোগ সীমিত। ফলে আশ্রয় শিবিরে থাকা বিপুল জনগোষ্ঠী দৈনন্দিন প্রয়োজন মেটাতে মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক তহবিলের ঘাটতি তাদের জন্য এ অপেক্ষাকে আরো কঠিন করে তুলছে।