দেশে লিভার ক্যান্সারের অন্যতম প্রধান কারণ হেপাটাইটিস বি ও সি ভাইরাসের সংক্রমণ। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, দেশে লিভার ক্যান্সারের প্রায় ৭০-৮০ শতাংশের সঙ্গে এ দুই ভাইরাসের সংক্রমণের সম্পর্ক রয়েছে। অথচ আক্রান্তদের অধিকাংশই সংক্রমণের কথা জানেন না। উপসর্গ না থাকায় বছরের পর বছর অজান্তেই ভাইরাস বহন করেন তারা। লিভারের দীর্ঘমেয়াদি ক্ষতি, সিরোসিস কিংবা ক্যান্সার ধরা পড়ার পর চিকিৎসার জন্য হাসপাতালে আসেন অনেকে। বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো পরীক্ষা করে আক্রান্তদের চিকিৎসার আওতায় আনা গেলে হেপাটাইটিসজনিত লিভার ক্যান্সার ও মৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। সূত্র: বণিক বার্তা
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে লিভার রোগের কারণ, মৃত্যুর চিত্র ও প্রতিরোধ ব্যবস্থা পর্যালোচনা করে ২০২০ সালে ‘লিভার ডিজিজেস ইন দ্য এশিয়া-প্যাসিফিক রিজিয়ন’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ হয় ‘দ্য ল্যানসেট গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড হেপাটোলজি’ সাময়িকীতে। এতে বলা হয়, ২০১৫ সালে বাংলাদেশে লিভার ক্যান্সারে আনুমানিক ২ হাজার ৯২৬ জনের মৃত্যু হয়। এর মধ্যে হেপাটাইটিস বি-জনিত লিভার ক্যান্সারে মারা যান ১ হাজার ৩২৬ জন বা ৪৫ দশমিক ৩ শতাংশ। হেপাটাইটিস সি-জনিত লিভার ক্যান্সারে মারা যান ৯২৬ জন বা ৩১ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ ওই বছর লিভার ক্যান্সারে মৃত্যুর প্রায় ৭৭ শতাংশের জন্য দায়ী ছিল এ দুই ভাইরাস।
একই সময়ে লিভার সিরোসিস ও অন্যান্য দীর্ঘমেয়াদি লিভার রোগে মৃত্যুর ৪৮ দশমিক ১ শতাংশের জন্য হেপাটাইটিস বি এবং ২৯ দশমিক ৯ শতাংশের জন্য হেপাটাইটিস সি দায়ী ছিল। বাংলাদেশের হাসপাতালভিত্তিক গবেষণার ফলও তুলে ধরা হয় প্রতিবেদনে। লিভারের নিজস্ব কোষ থেকে যে ক্যান্সার শুরু হয়, তার সবচেয়ে সাধারণ ধরন হেপাটোসেলুলার কার্সিনোমা। প্রতিবেদনে দেখা যায়, এর ৬৫ শতাংশের সঙ্গে হেপাটাইটিস বি এবং ১৭ শতাংশের সঙ্গে হেপাটাইটিস সি সংক্রমণের সম্পর্ক ছিল। লিভার সিরোসিসের ক্ষেত্রে এ হার যথাক্রমে ৬০ ও ৩০ শতাংশ। প্রতিবেদনে হেপাটাইটিস বি নির্মূলের বাধা হিসেবে লিভার বিশেষজ্ঞের স্বল্পতা, পরীক্ষাগারের সীমিত সুবিধা ও জনসচেতনতার ঘাটতির কথাও বলা হয়েছে।
এছাড়া চলতি বছর ‘জার্নাল অব মেডিসিন, সার্জারি অ্যান্ড পাবলিক হেলথ’-এ প্রকাশিত একটি গবেষণায়ও লিভার ক্যান্সারের প্রধান কারণ হিসেবে উঠে এসেছে হেপাটাইটিস বি। জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. ইয়াসির আরাফাত ও তার সহকর্মীরা গবেষণাটি করেন। গবেষকরা ২৪৫ জন রোগীর তথ্য বিশ্লেষণ করে দেখেছেন, ৬৯ দশমিক ৮ শতাংশের ক্ষেত্রে ক্যান্সারের কারণ ছিল হেপাটাইটিস বি সংক্রমণ। রোগীদের ৬৯ শতাংশের ক্যান্সার ধরা পড়ে অগ্রসর পর্যায়ে। প্রাথমিক পর্যায়ে শনাক্ত হন মাত্র ৬ দশমিক ৯ শতাংশ।
বিশ্বব্যাপী হেপাটাইটিস নির্মূলে ২০০৭ সাল থেকে কাজ করছে ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্স। সংগঠনটির তথ্য মতে, বাংলাদেশ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত হয়ে প্রতি বছর অন্তত ২০ হাজার মানুষ লিভার ক্যান্সারে মারা যায়। ২০২৪ সালে ঢাকায় অনুষ্ঠিত লিভার ফাউন্ডেশন ও ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্সের এক যৌথ সেমিনারে এ তথ্য জানানো হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ‘গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট ২০২৪’ অনুযায়ী, ২০২২ সালে বাংলাদেশে হেপাটাইটিস বি ও সি সংক্রমণের সংখ্যা ছিল প্রায় ৮৩ লাখ। এর মধ্যে হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত ছিল প্রায় ৭২ লাখ মানুষ এবং হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত ছিল ১০ লাখ ২০ হাজার। দুই ধরনের সংক্রমণ মিলিয়ে বিশ্বে সপ্তম স্থানে ছিল বাংলাদেশ। বিশ্বে মোট হেপাটাইটিস বি ও সি সংক্রমণের ২ দশমিক ৭ শতাংশ ছিল দেশে।
বাংলাদেশের ক্ষেত্রে প্রতিবেদনে রোগ শনাক্ত ও চিকিৎসার চিত্রও তুলে ধরা হয়েছে। ২০২২ সালের শেষ নাগাদ দেশে হেপাটাইটিস বি আক্রান্তদের মাত্র শূন্য দশমিক ৬ শতাংশ শনাক্ত হয়েছিল। অর্থাৎ প্রতি হাজারে শনাক্ত হয়েছিলেন ছয়জন। চিকিৎসার আওতায় ছিলেন আক্রান্তদের শূন্য দশমিক ৩ শতাংশ। অন্যদিকে হেপাটাইটিস সি আক্রান্তদের ২৬ শতাংশ শনাক্ত হলেও চিকিৎসার আওতায় ছিলেন ৮ শতাংশ। ডব্লিউএইচওর হিসাব অনুযায়ী, ওই বছর দেশে নতুন করে হেপাটাইটিস বি ভাইরাসে সংক্রমিত হয় প্রায় ১৬ হাজার মানুষ। হেপাটাইটিস সি ভাইরাসে নতুন সংক্রমণ ছিল প্রায় ১৭ হাজার। একই বছর হেপাটাইটিস বি-জনিত কারণে আনুমানিক ২৭ হাজার ৭৬১ জন এবং হেপাটাইটিস সি-জনিত কারণে ৩ হাজার ৩৫১ জনের মৃত্যু হয়। সব মিলিয়ে দুই ভাইরাসজনিত কারণে এক বছরে দেশে ৩১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদি হেপাটাইটিস বি ও সি সংক্রমণ লিভার ক্যান্সারের অন্যতম প্রধান ঝুঁকির কারণ। ফলে লিভারে প্রদাহ ও কোষের ক্ষতি থেকে ফাইব্রোসিস ও সিরোসিস হতে পারে। বি সংক্রমণে সিরোসিস ছাড়াও লিভার ক্যান্সার হতে পারে। সি সংক্রমণে সিরোসিস হলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। তাই ঝুঁকিতে থাকা ব্যক্তিদের নিয়মিত পরীক্ষা ও পর্যবেক্ষণ জরুরি। সংক্রমণের শুরুতে সাধারণত উপসর্গ থাকে না। লিভারের ক্ষতি হওয়ার পর জন্ডিস, গাঢ় প্রস্রাব, ক্ষুধামান্দ্য, বমি বমি ভাব, দুর্বলতা ও পেটের ডান দিকে ব্যথা দেখা দিতে পারে। ক্যান্সার হলে পেট ফুলতে পারে, ওজনও দ্রুত কমতে পারে।
দুই ভাইরাসই সংক্রমিত রক্ত, একই সুচ-সিরিঞ্জ, জীবাণুমুক্ত না করা চিকিৎসা বা ট্যাটুর সরঞ্জাম এবং অনিরাপদ যৌন সম্পর্কের মাধ্যমে ছড়াতে পারে। মা থেকেও শিশু সংক্রমিত হতে পারে। জন্মের সময় হোপাটাইটিস বি সংক্রমিত হলে দীর্ঘমেয়াদি সংক্রমণ, সিরোসিস ও ক্যান্সারের ঝুঁকি বাড়ে। তাই গর্ভধারণের আগে বা গর্ভাবস্থায় হোপাটাইটিস বি পরীক্ষা জরুরি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের ২৪ ঘণ্টার মধ্যে এ ভাইরাসের টিকার প্রথম ডোজ এবং পরে নির্ধারিত সূচিতে বাকি ডোজ দেয়ার সুপারিশ করেছে। সংক্রমিত মায়ের নবজাতককে টিকার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ইমিউনোগ্লোবিউলিন দেয়া হয়।
হেপাটাইটিস বি শনাক্ত হলে নিয়মিত পর্যবেক্ষণ জরুরি। ভাইরাসের সক্রিয়তা ও লিভারের ক্ষতির ঝুঁকি দেখে চিকিৎসক অ্যান্টিভাইরাল ওষুধ দেন। এ ওষুধ ভাইরাসের বংশবিস্তার ও জটিলতার ঝুঁকি কমায়। অধিকাংশ রোগীকে দীর্ঘদিন ওষুধ নিতে হয়। হেপাটাইটিস সি-এর টিকা নেই। নিরাপদ রক্ত পরিসঞ্চালন, জীবাণুমুক্ত সরঞ্জাম ব্যবহার ও সংক্রমিত রক্তের সংস্পর্শ এড়িয়ে সংক্রমণ ঠেকানো যায়।
দেশে হেপাটাইটিস বি ও সি-এর সার্বিক পরিস্থিতি এবং প্রতিরোধের বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ সাঈদুল হক বলেন, ‘হেপাটাইটিস নির্মূলে সরকার ও সাধারণ মানুষ উভয়কেই সচেতন হতে হবে। এ বিষয়ে সরকারের সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের আরো বেশি প্রশিক্ষণের আওতায় আনতে হবে। ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোয় বিনা মূল্যে স্ক্রিনিংয়ের ব্যবস্থা চালু করা প্রয়োজন। একই সঙ্গে এসব রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের দাম সাধারণ মানুষের নাগালে আনতে প্রয়োজনে ভর্তুকি দিতে হবে।’
সংক্রমণের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী সম্পর্কে জানতে চাইলে ডা. মোহাম্মদ সাঈদুল হক বলেন, ‘বর্তমানে সব শ্রেণী-পেশার মানুষের মধ্যেই সংক্রমণের ঝুঁকি রয়েছে। তবে ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণকারী, হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী এবং যৌনকর্মীরা তুলনামূলক বেশি ঝুঁকিতে রয়েছেন। এসব জনগোষ্ঠীকে নিয়মিত পরীক্ষার আওতায় আনা এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।’
দেশে হেপাটাইটিস নিয়ন্ত্রণে ২০২০-৩০ মেয়াদি জাতীয় কৌশলগত পরিকল্পনা রয়েছে সরকারের। ২০২৩ সালে শুরু হওয়া ন্যাশনাল অপারেশন প্ল্যান ফর এলিমিনেশন অব ভাইরাল হেপাটাইটিস শীর্ষক এ পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে ভাইরাসজনিত হেপাটাইটিসকে জনস্বাস্থ্য সমস্যা হিসেবে নির্মূলের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর আওতায় নতুন সংক্রমণ ৯০ শতাংশ এবং হেপাটাইটিসজনিত মৃত্যু ৬৫ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা রয়েছে। তবে এ লক্ষ্য অর্জনে আক্রান্তদের শনাক্তকরণ ও চিকিৎসার আওতা বাড়ানোর পাশাপাশি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে পরীক্ষা কার্যক্রম জোরদার করা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা।