শিরোনাম
◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ আমার দেখা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক উসমান খাজা : ডিভিলিয়ার্সের ক্ষোভ, বলবিকৃতি কাণ্ডে স্বাধীন তদন্ত চায় অস্ট্রেলিয়া সরকার ◈ নাম মহম্মদ সিরাজ বলেই বাদ : ভারতীয় ক্রিকেট দলে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ, কংগ্রেস-বিজেপির পাল্টাপাল্টি তোপ ◈ ব্রায়ান লারাকে আঘাত করে ভয়ে কাঁপছিলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি ◈ সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ একের পর এক কারখানা বন্ধ, কোন পথে যাচ্ছে দেশের পোশাক খাত?

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৬, ০২:৩৩ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২৬, ০২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে আজও শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে। অন্যদিকে, গাজীপুর শিল্পাঞ্চলে পরিস্থিতি তুলনামূলক শান্ত রয়েছে এবং প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানা চালু রয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে আশুলিয়ার জিরাবো-বিশমাইল সড়কের কাঠগড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, মজুরি বৃদ্ধির আন্দোলনে একাত্মতা প্রকাশ করে কাঠগড়া এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। একপর্যায়ে কারখানাগুলো ছুটি ঘোষণা করা হলে সকাল পৌনে ১১টার দিকে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দিলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, পরিস্থিতি এখন শান্ত ও স্বাভাবিক রয়েছে। কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক কাঠগড়া এলাকার চালু পোশাক কারখানাগুলোতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ ও অন্যান্য বাহিনী মোতায়েন রয়েছে।

Advertisement

গাজীপুরে শান্ত, ৮০ শতাংশ কারখানা চালু

গাজীপুরের শিল্পাঞ্চলে মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন আপাতত শান্ত রয়েছে। শনিবার সকাল থেকে গাজীপুর মহানগর ও জেলার কোথাও নতুন করে আন্দোলন বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা রয়েছে।

সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় শ্রমিকদের সারিবদ্ধভাবে কারখানায় প্রবেশ করতে দেখা গেছে। চান্দনা চৌরাস্তা থেকে শিববাড়ী সড়কের বেশির ভাগ কারখানাও খোলা রয়েছে। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শ্রীপুর শিল্পাঞ্চলের পোশাক শ্রমিক মনির হোসেন বলেন, ‘আমাদের আন্দোলন করার ইচ্ছা নেই। তবে বেতন বাড়ানোর দাবির সঙ্গে আমরা একমত। একটা কথা বলি, কারখানায় এসে কাজ না করে বাড়ি ফিরে যেতে খারাপ লাগে। কারণ, মাস শেষে আমাদের বেতন পেতে হবে। তাই যত দ্রুত সম্ভব বেতন কত বাড়বে, তা আমাদের জানিয়ে দিলে ভালো হয়। শুনছি, মজুরি বোর্ড কাজ করছে। আমরাও অপেক্ষায় আছি, দেখি কত বেতন বাড়ে।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক নেতা বলেন, ‘আমরা শ্রমিকদের বারবার আশ্বস্ত করছি যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সেখানে শ্রমিকনেতা ও বোর্ডের সদস্যরা আলোচনার মাধ্যমে সামগ্রিক বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন। মজুরি বৃদ্ধির বিষয়ে তাঁরা কাজ করছেন, বিষয়টি শ্রমিকদেরও জানানো হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘মজুরি বোর্ড গঠন হলেই ইচ্ছেমতো বা তাৎক্ষণিকভাবে মজুরি বাড়ানো যায় না। এ বিষয়টি শ্রমিকদের বোঝানোর চেষ্টা করলে তাঁরা অনেক সময় মনে করেন, আমরা মালিকপক্ষের দালালি করছি। তবে এখন শ্রমিকেরা নিজেরাও মজুরি বোর্ডের কার্যক্রম ও মজুরি বৃদ্ধির প্রক্রিয়া বোঝার চেষ্টা করছেন। তাঁরা বুঝতে পারছেন, মজুরি বোর্ড গঠন হয়েছে এবং আলোচনা শেষে বেতন বাড়ানোর সিদ্ধান্ত আসবে।’

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন মনে করেন, আগামী ১ ডিসেম্বর থেকে বেতন বাড়বে—এমন প্রত্যাশা থেকেই পোশাক শ্রমিকেরা কাজে যোগ দিচ্ছেন।

তিনি বলেন, শ্রমিকেরা মনে করছেন, মজুরি বোর্ড তাঁদের বেতন বাড়ানোর নিশ্চয়তা দিচ্ছে। এ কারণে তাঁরা কাজে ফিরছেন। তবে মালিকপক্ষ এখনো বেতন বৃদ্ধির বিষয়ে সুনির্দিষ্ট কোনো বাস্তবসম্মত প্রস্তাব দেয়নি। বিষয়টি দুঃখজনক।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, শনিবার সকাল পর্যন্ত গাজীপুর মহানগর ও জেলার কোথাও মজুরি বৃদ্ধির দাবিতে নতুন করে আন্দোলন বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে।

তিনি বলেন, শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। আজ গাজীপুরের প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা রয়েছে।

  • সর্বশেষ