শিরোনাম
◈ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৮১ শতাংশ কাজ শেষ, পুরোপুরি চালু কবে? ◈ ১০ জেলার নিয়ন্ত্রণ নিতে চায় আ.লীগ, কর্মসূচি ঠেকাতে কঠোর পুলিশ ◈ বাংলাদেশ নিয়ে বেফাঁস মন্তব্যে বিতর্ক, হঠাৎ সুর বদল বিজেপির; নেতাদের সংযত থাকার নির্দেশ ◈ অনাকাঙ্ক্ষিত ঘটনায় গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ক্ষতিগ্রস্ত, ব্যাহত হতে পারে কৃষিঋণ বিতরণ ◈ খোলাবাজারে ডলারের দাম ১৩০ টাকা ছাড়াল, সংকটে নগদ সরবরাহ ◈ মাতাল হয়ে বিমানে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানি, সিঙ্গাপুরে বাংলাদেশি যুবকের কারাদণ্ড ◈ শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়লে শিল্পপ্রতিষ্ঠানের আয়ও বাড়বে, শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর ◈ পার্শ্ববর্তী দেশের উসকানিতে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী ◈ পুলিশের ৪ কর্মকর্তা আটক, সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর ◈ জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬, ০৭:৫২ বিকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৬, ০৭:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৮১ শতাংশ কাজ শেষ, পুরোপুরি চালু কবে?

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের (উড়ালসড়ক) ৮১ শতাংশ কাজ শেষ। আংশিকভাবে চালু এই উড়ালসড়ক ইতিমধ্যে রাজধানীতে চলাচল অনেকটা সহজ করেছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) বলছে, উড়ালসড়ক পুরোটা চালু হলে এক টানে গাড়ি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রাবাড়ীর কুতুবখালী, কমলাপুর, মগবাজারসহ বিভিন্ন এলাকায় যাওয়া-আসা করতে পারবে।

ঢাকা শহরের যানজট নিরসনের লক্ষ্যে বিমানবন্দরের দক্ষিণে কাওলা হতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এই উড়ালসড়ক নির্মাণ করা হচ্ছে।

উড়ালসড়কটির কাওলা প্রান্ত থেকে ফার্মগেট পর্যন্ত অংশ ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর ও এফডিসি রেলগেটসংলগ্ন ডাউন র‍্যাম্প ২০২৪ সালের ২০ মার্চ যানবাহন চলাচলের জন্য চালু করা হয়।

Advertisement

২৫ নভেম্বর সোনারগাঁও লিংক রোড এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের জায়গায় গিয়ে দেখা যায়, কাজ চলছে। কর্মীরা জানান, তাঁরা সকাল সাতটা থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন। মূল বেতনের বাইরে অতিরিক্ত সময়ে (ওভারটাইম) কাজ করার জন্য বাড়তি টাকা পান।

অবশ্য কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মাসের চেয়ে লোক কিছুটা কমে গেছে। আগে কোনো প্রকৌশলীর অধীন ১০০, কোনো প্রকৌশলীর অধীন ৭০ জন কর্মী কাজে যুক্ত ছিলেন। মাসখানেক ধরে সংখ্যাটি ৪০ থেকে ৫০–এর মধ্যে থাকছে।

সেতু কর্তৃপক্ষ সূত্র বলছে, ঢাকার পান্থকুঞ্জ র‍্যাম্পটি আগামী জানুয়ারিতে চালুর চেষ্টা চলছে। এটি দিয়ে যানবাহন উঠতে পারবে। তবে নামতে পারবে না।

১০ নভেম্বর সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ প্রথম আলোকে বলেন, আগামী বছরের জুন মাসের মধ্যে কমলাপুর পর্যন্ত নির্মাণকাজ শেষ করতে নির্মাতাকে বলা হয়েছে। আশা করা যায়, জুনে কমলাপুর পর্যন্ত চালু করা যাবে।

পুরো নির্মাণকাজ শেষ করে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে উড়ালসড়কটি চালুর লক্ষ্য রয়েছে সরকারের।

পিপিপি প্রকল্প

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরকারি ও বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) নেওয়া বড় প্রকল্প। এটি দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। এই প্রকল্প নিয়েছে সেতু কর্তৃপক্ষ। এটি নির্মাণ ও পরিচালনার জন্য ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেড গঠন করা হয়েছে।

প্রকল্পের ব্যয় ৮ হাজার ৯৪০ কোটি টাকা। চুক্তি অনুসারে, এই প্রকল্পে ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং (ভিজিএফ) হিসেবে প্রাক্কলিত ব্যয়ের ২৭ শতাংশ হিসাবে সরকার বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে দেবে ২ হাজার ৪১৩ কোটি টাকা। বাকিটা বিনিয়োগ করবে নির্মাতাপ্রতিষ্ঠান। ২৫ বছর তারা টোল আদায় করবে। যানবাহনের সংখ্যার ওপর ভিত্তি করে সরকার টোলের ভাগ পাবে।

সরকার নির্মাণের সময় তিনটি ও পরিচালনার সময়ে তিনটি কিস্তিতে নিজের ভাগের অর্থ পরিশোধ করবে। ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় কিস্তি বাবদ ১ হাজার ৬৮ কোটি ৪৩ লাখ টাকা বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে পরিশোধ করেছে সরকার।

র‍্যাম্পসহ (ওঠানামার পথ) এর দৈর্ঘ্য প্রায় ৪৭ কিলোমিটার। এর মধ্যে প্রায় ২০ কিলোমিটার মূল উড়ালসড়ক। বাকি ২৭ কিলোমিটার র‍্যাম্প। র‍্যাম্প রয়েছে মোট ৩১টি।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিনিয়োগকারী (শেয়ারহোল্ডার) হিসেবে রয়েছে দুই চীনা প্রতিষ্ঠান। এর মধ্যে চায়না শ্যানডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন গ্রুপের (সিএসআই) শেয়ার ৮০ শতাংশ। বাকি ২০ শতাংশ শেয়ার সিনোহাইড্রো করপোরেশনের।

শুরুতে প্রকল্পে অর্ধেকের বেশি অংশীদারি ছিল থাইল্যান্ডভিত্তিক ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেডের। আর্থিক সংকট ও শেয়ার নিয়ে অংশীদারদের মধ্যে দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়ালে থাই প্রতিষ্ঠান অংশীদারি হারায়।

সেতু কর্তৃপক্ষের তথ্য অনুসারে, এ প্রকল্পের চুক্তি স্বাক্ষর হয়েছিল ২০১১ সালের ১৯ জানুয়ারি। সংশোধিত চুক্তি স্বাক্ষর হয় ২০১৩ সালের ১৫ ডিসেম্বর। নির্মাণকাজ শুরু হয় ২০২০ সালের জানুয়ারি থেকে। নির্মাণকাজ শুরুর সাড়ে তিন বছরের মধ্যে উড়ালসড়কটি চালুর কথা ছিল। তবে আর্থিক সংকট ও শেয়ার নিয়ে দ্বন্দ্বে বারবারই বাধাগ্রস্ত হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ।

পরে ২০২৪ সালের জুনের মধ্যে কাজ শেষের কথা ছিল। তবে তা হয়নি। সব মিলিয়ে প্রকল্পের চুক্তি সইয়ের পর পেরিয়েছে ১৫ বছর। নির্মাণ শুরুর ছয় বছর হয়ে গেছে। কাজ সমাপ্তির নতুন তারিখ ঘোষণা করা হয়েছে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর।

এক্সপ্রেসওয়েটি তিনটি ধাপে নির্মিত হচ্ছে। এর মধ্যে প্রকল্পের প্রথম ধাপ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণে কাওলা থেকে বনানী রেলস্টেশন পর্যন্ত ৭ দশমিক ৪৫ কিলোমিটার। দ্বিতীয় ধাপ বনানী রেলস্টেশন থেকে মগবাজার রেলক্রসিং পর্যন্ত ৫ দশমিক ৮৫ কিলোমিটার। তৃতীয় ধাপ মগবাজার রেলক্রসিং থেকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক (কুতুবখালী) পর্যন্ত ৬ দশমিক ৪৩ কিলোমিটার।

এর মধ্যে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ধাপের ১০০ শতাংশ, দ্বিতীয় ধাপের ৮৭ শতাংশ এবং তৃতীয় ধাপের ২২ শতাংশের বেশি কাজ শেষ হয়েছে।

মেয়াদ বাড়লেও প্রকল্পের ব্যয় একই অর্থাৎ ৮ হাজার ৯৪০ কোটি টাকাই রয়েছে বলে জানিয়েছেন প্রকল্প কর্মকর্তা মো. গোলাম মর্তুজা। তিনি বলেন, টাকার অঙ্ক বাড়েনি। ২৫ বছর টোল আদায়ের হিসাব শুরু হয়েছে ২০২০ সাল থেকেই।

তেজগাঁও পর্যন্ত যানবাহন চলছে

ঢাকার বিমানবন্দর থেকে তেজগাঁও পথে উড়ালসড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করেন জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বিমানবন্দর থেকে বাসে ফার্মগেট আসতে তাঁর ১৫ মিনিটের মতো লাগে।

জাহাঙ্গীর আলমের মতো অনেকেই উড়ালসড়কটি ব্যবহার করেন। তবে এফডিইইর বিরুদ্ধে চলাচলকারী যানবাহনের সংখ্যার তথ্য কমিয়ে দেখানোর অভিযোগ তদন্ত হচ্ছে।

রাজধানীবাসী এখন অপেক্ষায়, কবে এই প্রকল্পের কাজ শেষ হয়। সেতু বিভাগের সচিব আবদুর রউফ বলেন, ‘প্রকল্পটি নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে। নির্মাণে বেশি সময় লাগছে। কারণ, আমাদের দিক দিয়েও সমস্যা ছিল। কিছু জায়গা অধিগ্রহণে আমাদের সময় লেগেছে। পান্থকুঞ্জের কাজ এক বছর বন্ধ ছিল।’ তিনি বলেন, কমলাপুর পর্যন্ত চালু হলে যানবাহন চলাচল বাড়বে। এতে সরকারও রাজস্ব পাবে।

সূত্র : প্রথম আলো

  • সর্বশেষ