শিরোনাম
◈ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৮১ শতাংশ কাজ শেষ, পুরোপুরি চালু কবে? ◈ ১০ জেলার নিয়ন্ত্রণ নিতে চায় আ.লীগ, কর্মসূচি ঠেকাতে কঠোর পুলিশ ◈ বাংলাদেশ নিয়ে বেফাঁস মন্তব্যে বিতর্ক, হঠাৎ সুর বদল বিজেপির; নেতাদের সংযত থাকার নির্দেশ ◈ অনাকাঙ্ক্ষিত ঘটনায় গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ক্ষতিগ্রস্ত, ব্যাহত হতে পারে কৃষিঋণ বিতরণ ◈ খোলাবাজারে ডলারের দাম ১৩০ টাকা ছাড়াল, সংকটে নগদ সরবরাহ ◈ মাতাল হয়ে বিমানে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানি, সিঙ্গাপুরে বাংলাদেশি যুবকের কারাদণ্ড ◈ শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়লে শিল্পপ্রতিষ্ঠানের আয়ও বাড়বে, শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর ◈ পার্শ্ববর্তী দেশের উসকানিতে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী ◈ পুলিশের ৪ কর্মকর্তা আটক, সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর ◈ জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬, ০৭:৫৯ বিকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৬, ০৮:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতকে ২৪ ঘণ্টা নজরদারিতে রাখতে যৌথ স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ছে চীন-পাকিস্তান

ভারতের সামরিক ঘাঁটি, সীমান্ত এলাকা ও কৌশলগত স্থাপনায় সার্বক্ষণিক নজরদারি চালাতে সমন্বিত স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলছে চীন ও পাকিস্তান। ২০২৫ সালের ভারত-পাকিস্তান সংঘাতের সময় দুই দেশের মহাকাশভিত্তিক সহযোগিতা আরও জোরদার হয়। বেঙ্গালুরুভিত্তিক মহাকাশ নজরদারি প্রতিষ্ঠান দিগন্তরার এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের হাতে আসা ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘অপারেশন সিঁদুর’ চলাকালে ভারতের সামরিক স্থাপনা ও কৌশলগত অবস্থান পর্যবেক্ষণে চীনের স্যাটেলাইট সক্ষমতা ব্যবহার করা হয়ে থাকতে পারে।

প্রতিবেদনে চীনের উচ্চ রেজল্যুশনের অপটিক্যাল রিমোট সেন্সিং স্যাটেলাইট ইয়াওগান-৪১-এর কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এতে দাবি করা হয়, ভারত-পাকিস্তানের মধ্যে ৮৮ ঘণ্টার সামরিক সংঘাতের সময় স্যাটেলাইটটি ভারতীয় বিমানঘাঁটিগুলো পর্যবেক্ষণ করেছে। ইয়াওগান-৪১ পুরো উপমহাদেশে ধারাবাহিক নজরদারি চালাতে সক্ষম বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দিগন্তরার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত পাকিস্তান ছয়টি স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে। এর মধ্যে পাঁচটি চীনের রকেট ও উৎক্ষেপণকেন্দ্র ব্যবহার করে পাঠানো হয়। এগুলো হলো পিআরএসসি-ইও১, পিআরএসএস-২, এইচএস-১, পিআরএসসি-ইও২ ও পিআরএসসি-ইও৩।

Advertisement

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের স্যাটেলাইটগুলো চীনের বিদ্যমান নেটওয়ার্কের পরিপূরক হিসেবে কাজ করছে। সম্মিলিতভাবে এসব স্যাটেলাইটের মাধ্যমে ভারতের সামরিক অবকাঠামো, সেনা চলাচল, সীমান্ত স্থাপনা, বিমানঘাঁটি ও নৌ-সুবিধার ওপর আরও ধারাবাহিক নজরদারি সম্ভব।

এ ধরনের ব্যবস্থাকে বলা হয় আইএসটিএআর। স্যাটেলাইট, ড্রোন, উড়োজাহাজ, রাডার ও গোয়েন্দা নেটওয়ার্ক থেকে পাওয়া তথ্য একত্র করে প্রতিপক্ষের কার্যক্রম ও সক্ষমতার বিস্তারিত চিত্র তৈরি করে এ ব্যবস্থা।

চীনের সহায়তায় পাকিস্তানের স্যাটেলাইট সক্ষমতা

প্রতিবেদন অনুযায়ী, চীনের সহায়তায় পাকিস্তানের স্যাটেলাইট উৎক্ষেপণ কার্যক্রম শুরু হয় আরও আগে। ২০১৮ সাল থেকে পিআরএসএস-১, পাক টিইএস ১এ, পাকস্যাট এমএম১সহ বিভিন্ন স্যাটেলাইট কক্ষপথে পাঠানো হয়েছে। এসব স্যাটেলাইটের কক্ষপথ এমনভাবে নির্ধারণ করা হয়েছে, যাতে একটি স্যাটেলাইট কোনও এলাকা থেকে সরে গেলে অন্যটি সেখানে নজরদারি চালাতে পারে।

২০১৮ সালে উৎক্ষেপিত পিআরএসএস-১ পৃথিবীর বিভিন্ন স্থানের ছবি সংগ্রহ করতে পারে। পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকোর তথ্য অনুযায়ী, স্যাটেলাইটটি চার দিন পরপর পৃথিবীর যেকোনও স্থান পর্যবেক্ষণ করতে সক্ষম। এর মাধ্যমে ভূমির ব্যবহার, জলাশয় ও অন্যান্য ভৌগোলিক বৈশিষ্ট্য শনাক্ত করা যায়।

২০২৪ সালে উৎক্ষেপণ করা পাকস্যাট এমএম১ যোগাযোগ স্যাটেলাইট। চীনের সহায়তায় তৈরি এটি পাকিস্তান ও আশপাশের অঞ্চলে টেলিযোগাযোগ সেবা দেওয়ার জন্য নকশা করা হয়েছে।

২০২২ সালে পাকিস্তানের সুপারকো ও চীনের গ্রেটওয়াল ইন্ডাস্ট্রি করপোরেশন একাধিক স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য দীর্ঘমেয়াদি চুক্তি করে। এর আওতায় চীনের রকেট ও প্রযুক্তিগত সহায়তা ব্যবহারের সুযোগ পায় পাকিস্তান।

ভূমিভিত্তিক নজরদারিতেও পাকিস্তান

দিগন্তরার প্রতিবেদনে এশিয়া-প্যাসিফিক গ্রাউন্ড-বেইজড স্পেস অবজেক্ট অবজারভেশন সিস্টেম (এপিওএসওএস) প্রকল্পে পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও উদ্বেগ জানানো হয়েছে। এ প্রকল্পে ভূমিভিত্তিক অপটিক্যাল টেলিস্কোপ দিয়ে মহাকাশের বস্তু ও স্যাটেলাইট পর্যবেক্ষণ করা হয়। এতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রকল্পটির প্রথম তিনটি পর্যবেক্ষণকেন্দ্রের একটি পাকিস্তানে। অন্য দুটি পেরু ও ইরানে। এসব কেন্দ্রের তথ্য চীনের বেইজিংয়ে একটি কেন্দ্রীয় স্থাপনায় পাঠানো হয়। পাকিস্তান একটি কেন্দ্রের আয়োজক হওয়ায় বিশ্বের বিভিন্ন অঞ্চলের স্যাটেলাইট পর্যবেক্ষণের তথ্য পাওয়ার ভৌগোলিক সুবিধা পেয়েছে।

বিশেষজ্ঞদের মতে, মহাকাশ সক্ষমতা বাড়াতে চীনের অগ্রগতির সঙ্গে পাল্লা দিতে ভারতকেও এ ক্ষেত্রে নিজেদের সক্ষমতা ও উপস্থিতি বাড়াতে হবে।

সূত্র: দ্য প্রিন্ট

  • সর্বশেষ