স্পোর্টস ডেস্ক: নারী ফুটবল বিশ্বকাপে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে ফিফা। প্রথমবারের মতো চারটি দেশ যৌথভাবে আয়োজন করবে বিশ্বকাপের একটি আসর। ২০৩১ সালের নারী বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টা রিকা ও জ্যামাইকার মাটিতে। চার বছর পর ২০৩৫ সালের আসর বসবে যুক্তরাজ্যের চার অঞ্চলে—ইংল্যান্ড, নর্দান আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসে।
সোমবার ফিফার বিশেষ কংগ্রেসে সর্বসম্মতিক্রমে অনুমোদন পেয়েছে দুই আসরের আয়োজক নির্ধারণের প্রস্তাব। দুটি আসরের জন্যই একক প্রস্তাব জমা পড়েছিল। ফলে আয়োজক নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি।
২০৩১ বিশ্বকাপের আয়োজক হওয়ার সুযোগ রাখা হয়েছিল কেবল আফ্রিকা ও উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোর জন্য। অন্যদিকে ২০৩৫ সালের আয়োজক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছে আফ্রিকা ও ইউরোপের দেশগুলো।
চার দেশের যৌথ আয়োজনে ২০৩১ সালের বিশ্বকাপ হতে যাচ্ছে নারী ফুটবলের ইতিহাসে প্রথম। উত্তর আমেরিকায় এটি হবে মেয়েদের বিশ্বকাপের তৃতীয় আসর। এর আগে ১৯৯৯ ও ২০০৩ সালে যুক্তরাষ্ট্র এবং ২০১৫ সালে কানাডায় বসেছিল নারী বিশ্বকাপের আসর।
অন্যদিকে ২০৩৫ সালের বিশ্বকাপ হবে যুক্তরাজ্যে প্রথম নারী বিশ্বকাপ। ১৯৬৬ সালে পুরুষদের বিশ্বকাপ আয়োজনের পর দেশটিতে আর কোনো ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি। দীর্ঘ ৬৯ বছর পর বিশ্বকাপ ফুটবল ফিরবে যুক্তরাজ্যে।
২০৩১ সাল থেকেই নারী বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল। ২০৩৫ সালের আসরেও বহাল থাকবে একই ফরম্যাট। চারটি করে দল নিয়ে গঠিত হবে ১২টি গ্রুপ। গ্রুপ পর্বের পর ৩২টি দল নিয়ে শুরু হবে নকআউট পর্ব।
এর আগে নারী বিশ্বকাপের দশম আসর বসবে ২০২৭ সালে ব্রাজিলে। আগামী বছরের ২৪ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। দক্ষিণ আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো নারী বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ব্রাজিল।