স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে মোহাম্মদ সিরাজকে না রাখার সিদ্ধান্ত ঘিরে তৈরি হওয়া বিতর্কে মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুক্লা। সিরাজকে বাদ দেওয়ার পেছনে ধর্মীয় বৈষম্যের অভিযোগ সরাসরি নাকচ করে দিয়ে তিনি জানিয়েছেন, একাদশ নির্বাচন পুরোপুরি অধিনায়ক ও কোচের সিদ্ধান্ত।
ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে চার পেসার নিয়ে মাঠে নামে ভারত। জাসপ্রিত বুমরাহ, প্রসিধ কৃষ্ণা, আংশুল কাম্বোজ ও আকাশ দীপকে একাদশে রাখা হলেও জায়গা হয়নি সিরাজের। বিষয়টি নিয়ে সমালোচনা করেন ভারতের দুই সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার ও রবি শাস্ত্রী। এর মধ্যেই কংগ্রেস সংসদ সদস্য ইমরান মাসুদ অভিযোগ করেন, নামের কারণে সিরাজকে একাদশে রাখা হয়নি। তাঁর এমন মন্তব্যের পরই প্রতিক্রিয়া জানান শুক্লা।
সংবাদ সংস্থা এএনআইকে শুক্লা বলেন, আমার মনে হয় না, সিরাজকে এ ধরনের বিতর্কে জড়ানো উচিত। পিচের অবস্থা ও বিভিন্ন বিষয় বিবেচনা করে কোন ১১ জন মাঠে নামবে, সেই সিদ্ধান্ত নেন কোচ ও অধিনায়ক। কেউ একাদশে সুযোগ না পেলেই রাজনৈতিক বিতর্ক তৈরি করা ঠিক নয়। এটি সিরাজের জন্যও ভালো নয়।
ভারতের অধিনায়ক শুবমান গিলও স্বীকার করেছেন, সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত সহজ ছিল না। এ বিষয়ে সিরাজের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলার কথাও জানিয়েছেন তিনি। ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাকও দলের সমন্বয় ও একাদশ নির্বাচন নিয়ে কোচ-অধিনায়কের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন।
ম্যাচে ভারত প্রথম ইনিংসে ৯ উইকেটে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করে। নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে এটিই ছিল ভারতের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। তবে এত বড় রান করেও জয় পায়নি ভারত। শেষ পর্যন্ত ড্র হয় ওয়েলিংটন টেস্ট।